দরপতন ঠেকাতে দিনভর চেষ্টা
শেয়ারবাজারের ধারাবাহিক দরপতন ঠেকাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ নিয়ে গতকাল বুধবার দিনভর নানা ধরনের বৈঠক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বৈঠক শেষে নানা ধরনের আশ্বাসও দেওয়া হয়েছে। এতে পতন দিয়ে শুরু হলেও শেষবেলায় বাজার খানিকটা প্রাণ পেয়েছে। এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে বলেন, ধারাবাহিক দরপতনে সরকার বিচলিত। তিনি আরও জানান, পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকেই পুঁজিবাজার স্থিতিশীল করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। গতকাল লেনদেন শুরুর প্রথম ২৫ মিনিটের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১৫৭ পয়েন্ট কমে নেমে আসে পাঁচ হাজার ১৩৯ পয়েন্টে। আরও একটি বড় দরপতনের আশঙ্কায় সঙ্গে সঙ্গে শুরু হয় বিনিয়োগকারীদের বিক্ষোভ। বেলা সাড়ে ১১টা থেকে তাঁরা ডিএসইর সামনের সড়কে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংক থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়ক অবরোধ করেন। এরই মধ্যে বাজার স্থিতিশীল করতে এসইসির নানা উদ্যোগ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, জরুরি সংবাদ সম্মেলন—এসব খবর বাজারে ছড়িয়ে পড়লে বিনিয়োগকারীরা নতুন করে আশাবাদী হন। ফলে দরপতনের ধারা থেকে উল্টো সূচক বাড়তে শুরু করে। গতকাল লেনদেন শেষে ডিএসইর মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৬০ পয়েন্টে। তবে সূচক বাড়লেও বিনিয়োগকারীদের বিক্ষোভ চলে বিকেল চারটা পর্যন্ত। এসইসির সংবাদ সম্মেলন: গত মে মাসে এসইসি পুনর্গঠনের পর গতকালই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এসইসির চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমার কথা হয়েছে। সরকার একটি স্থিতিশীল ও শক্তিশালী পুঁজিবাজার দেখতে চায় বলে আমাকে জানিয়েছেন। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ এরই ধারাবাহিকতায় গতকাল সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠক করেছে এসইসি। ওই বৈঠকে এনবিআরের পক্ষ থেকে পুঁজিবাজারের করসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, আরিফ খান এবং এ সালাম শিকদার। এসইসির চেয়ারম্যান বলেন, ‘পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ (কালোটাকা) বিনিয়োগ করা হলে ওই টাকার উৎস নিয়ে কোনো প্রশ্ন করা হবে না বলে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কোনো অর্থ সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো ঘটনায় ব্যবহার করা হলে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্বাভাবিকভাবেই খোঁজখবর নিতে পারে।’এ ছাড়া ব্যক্তিশ্রেণীর বিনিয়োগের ওপর কর রেয়াতসুবিধা বহাল ও ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর আরোপিত উৎসে আয়করের হার কমানোর ব্যাপারেও এনবিআর একমত হয়েছে। তবে এর সুবিধা যাতে বিনিয়োগকারীরা পান, সেই বিষয়টি নিশ্চিত হতে চেয়েছে এনবিআর। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তথা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেসব কর-সমস্যা রয়েছে, সেগুলো নিরসন করা হবে বলে এসইসির চেয়ারম্যান জানিয়েছেন। দু-এক দিনের মধ্যেই এনবিআর এসব বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেবে বলে তিনি বলেন। চলতি অর্থবছরের বাজেটে ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর আরোপিত উৎসে আয়করের হার শূন্য দশমিক শূন্য পাঁচ (০.০৫%) শতাংশ থেকে বাড়িয়ে শূন্য দশমিক ১০ শতাংশ (০.১০%) করা হয়। এতে বিনিয়োগকারীদের লেনদেনের খরচও বেড়ে যায়। ‘ফোর্স সেল’ নিয়ে এসইসির চেয়ারম্যানের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ফোর্স সেলের ক্ষেত্রে আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। তার পরও বাজারের বিদ্যমান পরিস্থিতিতে তা বন্ধের নির্দেশ দিয়েছি। যাঁরা এই কাজ করছেন, তাঁদের ব্যাপারে নিজস্ব কৌশলে তদন্ত চলছে। কোনো বিনিয়োগকারী যদি এ ব্যাপারে লিখিত আবেদন করেন, তাঁদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ চার নিয়ন্ত্রক সংস্থার বৈঠক: এদিকে গতকাল বিকেলে ব্যাংক, বিমা, পুঁজিবাজার এবং কোম্পানি ও সামাজিক প্রতিষ্ঠানের চার নিয়ন্ত্রক সংস্থা দেশের আর্থিক খাত নিয়ে বৈঠক করেছে। বৈঠকে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন বাজার স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে ব্যাপারে গভর্নরের সহায়তা চেয়েছেন। আগে নেওয়া হয়েছে—বাজারের জন্য নেতিবাচক এমন কিছু পদক্ষেপে শিথিলতা আনা যায় কি না, তিনি তা-ও ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন।বৈঠক সূত্র জানায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গত দুই বছরে পুঁজিবাজার থেকে যে মুনাফা করেছে, তা পুনর্বিনিয়োগের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে যুক্তি হিসেবে বলা হয়েছে, বাজারে শেয়ারের দাম এখন অনেক সহনীয় পর্যায়ে রয়েছে। একই সঙ্গে জানতে চাওয়া হয়েছে, নিয়মানুযায়ী ব্যাংকগুলো আমানতের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে, কিন্তু বেশির ভাগ ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগের পরিমাণ তিন-সাড়ে তিন শতাংশে নেমে এসেছে। তার পরও ব্যাংকগুলো কেন পুঁজিবাজারে বিনিয়োগে আসছে না, এ ক্ষেত্রে বাধাগুলো কোথায়, কোনো বাধা থাকলে তা কীভাবে দূর করা যায়, সে ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে এসইসি। এ ছাড়া শেয়ারের বিপরীতে প্রদত্ত ঋণের সুদ মওকুফের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে যেসব বিনিয়োগকারী পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন, ব্যাংকগুলো চাইলে দুই বছরের সুদ মওকুফ করতে পারবে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে তারা কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না। কিন্তু ঋণ মওকুফের দায় মার্চেন্ট ব্যাংককেই বহন করতে হবে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেছেন, শেয়ারবাজার নিয়ে তিনি অন্যদের চেয়ে কম উদ্বিগ্ন নন। যেসব মানুষ পুঁজি হারিয়েছেন, তাঁদের দুঃখ তিনি বোঝেন। জীবনবিমা কোম্পানির তহবিলের ৩০ শতাংশ সরকারি বন্ডে বিনিয়োগ করতে হয়; এই অর্থ শেয়ারবাজারে বিনিয়োগযোগ্য করার প্রস্তাব উঠেছে বৈঠকে। সূত্র জানায়, বিমা গ্রাহকদের স্বার্থের দিক ভাবলে তা করতে দেওয়া ঠিক হবে না বলে মত দেন আইডিআরএর চেয়ারম্যান শেফাক আহমেদ। ডিএসইতে জরুরি বৈঠক: বাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গতকাল বিকেলে ডিএসইতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংস্থাটির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। বৈঠক থেকে বেশ কয়েকটি সুপারিশ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে: ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা (সিঙ্গেল পার্টি এক্সপোজার লিমিট) পুনর্বিবেচনা করা, পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান, বিনিয়োগকারীদের কর রেয়াতের সুবিধা পুনর্বহাল ও প্লেসমেন্ট শেয়ারে আটকে থাকা টাকা বাজারে ফেরত আনা।