দরপতন থেমেছে, লেনদেন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি উদ্যোগের খবরে অবশেষে দরপতন থেমেছে। এর বিপরীতে দেশের দুই স্টক এক্সচেঞ্জেই গতকাল বৃহস্পতিবার শেয়ারের মূল্যসূচক ও লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১৭৯ পয়েন্ট বেড়ে আবার পাঁচ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। এ নিয়ে গত দুই দিনে স্টক এক্সচেঞ্জটির সাধারণ সূচক ৫১৭ পয়েন্ট বাড়ল। এর আগে ঈদুল আজহার ছুটির পর তিন দিনে সূচক কমে ছিল ৫৬০ পয়েন্ট। আর টানা এ দরপতনে অবশিষ্ট পুঁজিটুকু হারানোর আতঙ্কের পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। এ অবস্থায় পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ দাবি করে আসছিলেন। অবশেষে গত বুধবার রাতে পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এ বৈঠকে বাজারের স্থিতিশীলতা ফেরানো ও সাধারণ বিনিয়োগকারীদের লোকসান পোষাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়, যা আগামী দু-এক দিনের মধ্যে জানানো হবে। বৈঠকে একই সঙ্গে নিশ্চিত করা হয় যে, পুঁজিবাজারের অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা বিনিয়োগ করলে কোনো সংস্থা থেকে প্রশ্ন তোলা হবে না। বাণিজ্যিক ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর ব্যাপারেও একমত পোষণ করা হয়।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রধানমন্ত্রীর বৈঠকের পর বিনিয়োগকারীরা আবার আশাবাদী হয়ে উঠেছেন। মূলত এ কারণেই বাজারে মূল্যসূচক ও লেনদেন বেড়েছে। এটি বাজারের জন্য ভালো খবর। তবে কোনো কারণে সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশ্বাসও যদি স্থিতিশীলতা ফেরাতে ব্যর্থ হয়, তাহলে তা বাজারের জন্য আগের চেয়ে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সে জন্য সরকারের অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া উচিত বলে তাঁরা অভিমত প্রকাশ করেন। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা একই সঙ্গে বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, পুঁজিবাজার একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র। এখানে বিনিয়োগ করলে যেমন উচ্চহারে মুনাফা করা যায়, তেমনি লোকসানের পরিমাণও হয় বড়। তাই সবার উচিত জেনে-বুঝে সতর্কতার সঙ্গে এ বাজারে বিনিয়োগ করা। কারণ, বারবার সরকারের শীর্ষ পর্যায় প্রণোদনা দিয়ে বাজার ঠিক করে দেবে—এ আশা করা ঠিক হবে না। জানা গেছে, প্রধানমন্ত্রীর বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বৈঠক ঠিক করতে আজ শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত থাকবেন। জানা গেছে, এ বৈঠকে বাজারের তারল্যপ্রবাহ বাড়ানো ও ব্যাংকগুলোর বিনিয়োগ-সক্ষমতা বাড়াতে বিধিবদ্ধ নগদ জমা (সিআরআর) ও বিধিবদ্ধ জমার (এসএলআর) হার কমানো, পুঁজিবাজারে ব্যাংকের আইনি বিনিয়োগ সীমা (এক্সপোজার লিমিট) নতুনভাবে সংজ্ঞায়িত করা, বিনিয়োগকারীদের ঋণের সুদ মওকুফ বা একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা, অনাদায়ী ঋণের বিপরীতে ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি প্রদান, জীবন বিমা তহবিলের অর্থ পুঁজিবাজারে বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রজ্ঞাপনের মাধ্যমে জনগণকে অবহিত করবে। বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল লেনদেনের প্রথম পাঁচ মিনিটের মধ্যে সূচক ১৫১ পয়েন্ট বেড়ে যায়। একপর্যায়ে তা সোয়া ২০০ পয়েন্টের বেশি বেড়ে যায়। তবে দিন শেষে সূচক ১৭৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৬৬ পয়েন্ট অতিক্রম করে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ২৩৪ পয়েন্ট বেড়ে নয় হাজার ৩৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। স্টক এক্সচেঞ্জটিতে ১৭৪টি শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৮টির ও অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে এদিন ৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৬ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৩১ কোটি টাকা বেশি। ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল সব শ্রেণীর বিনিয়োগকারীই লেনদেনে সক্রিয় ছিল।