দরপতনে বিক্ষোভ, ভাঙচুর, অবরোধ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার স্বাভাবিক সময়ের দুই ঘণ্টা পর দুপুর একটায় লেনদেন শুরু হয়। গতকালই মূল্যসূচকে সার্কিট ব্রেকার আরোপ করা হয়। কিন্তু লেনদেন শুরুর এক ঘণ্টা ২৬ মিনিটের মাথায় শেয়ারের দরপতনে মূল্যসূচক ওই সার্কিট ব্রেকারও অতিক্রম করলে লেনদেন বন্ধ করে দেওয়া হয়। একই কারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ করে দেওয়া হয়।ব্যাপক দরপতন অব্যাহত থাকায় দুপুর আড়াইটার দিকে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। মতিঝিলের শাপলা চত্বর থেকে আর কে মিশন মোড়, জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের মোড় এবং নটর ডেম কলেজ পর্যন্ত এলাকায় বিনিয়োগকারীরা বিক্ষোভ করতে থাকেন। খণ্ড খণ্ড মিছিলও হয়। তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে ডিএসইর সামনের রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মতিঝিলের বিভিন্ন সড়কে অনেক যানবাহন ভাঙচুর করা হয়।বিনিয়োগকারীরা কখনো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কখনো অর্থমন্ত্রী এবং কখনো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দেন। একপর্যায়ে ‘হরতাল, হরতাল’ বলেও স্লোগান দেন তাঁরা।শুরুর দিকে পুলিশ মারমুখী হওয়ার চেষ্টা করলেও পরে সংযত হয়। তবে মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন।ডিএসই ভবনের সামনে এজাজুল হক নামের এক বিনিয়োগকারী প্রথম আলোকে বলেন, ‘ভাই, চোখের সামনে টাকা কাগজ হয়ে যাচ্ছে। অথচ সরকার নীরব।’রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিলেন আবদুল আলীম নামের আরেক বিনিয়োগকারী। তিনি বলেন, ‘আমার সব শেষ হয়্যা গেছে, পুঁজি অর্ধেকও নাই।’ কিছুক্ষণ পর বলেন, ‘আমার ভুলের কারণে এমন হলে একটা কথা ছিল। এটি হয়েছে সরকারের অব্যবস্থাপনার কারণে।’প্রায় দেড় ঘণ্টাব্যাপী বিক্ষোভকালে মতিঝিলের বিভিন্ন সড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে বিমান কার্যালয়ের সামনে থেকে জীবন বীমা টাওয়ার পর্যন্ত শতাধিক যানবাহন ভাঙচুর হয়। ভাঙচুরের কারণে এসব সড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে আশপাশের সড়কে অসংখ্য ব্যক্তিগত গাড়ি, বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা আটকা পড়ে।মতিঝিল থানা সূত্র জানায়, মতিঝিল থেকে আবদুল ওহাবসহ তিনজনকে আটক করা হয়েছিল। তবে আবদুল ওহাব অসুস্থ থাকায় তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনের বিরুদ্ধে রাত সাড়ে নয়টা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বিক্ষোভকারীরা বিআরটিসির বাস ভাঙচুর করেছেন। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এদিকে ধানমন্ডিতেও বেলা পৌনে তিনটা থেকে পৌনে চারটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন বিনিয়োগকারীরা।