দরপতনেই দিন ফুরাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন পর আজ মঙ্গলবার শেয়ারবাজারে আবারও দরপতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক ৭০ পয়েন্ট কমেছে। সঙ্গে কমেছে লেনদেন হওয়া ২০০ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এর আগে গত রোববার ডিএসইতে সপ্তাহের প্রথম দিনে সূচক ৩০৮ পয়েন্ট কমে যায়। আর গতকাল সূচক বাড়ে ১৬০ পয়েন্ট। এক দিন পর আজ ডিএসইতে আবারও দরপতন হয়েছে।এদিকে সরকার-ঘোষিত প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়ন ও কুচক্রীমহলের হাত থেকে পুঁজিবাজারকে বাঁচানোর দাবিতে ডিএসইর সামনে বিক্ষোভ করেন বিনিয়োগকারীদের একাংশ। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ বিক্ষোভ হয়। এ সময় বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এসইসির চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।আজ পর্যবেক্ষক দলের তদারকি বাজারে তেমন কোন প্রভাব ফেলেনি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা।আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭০.৬৩ পয়েন্ট কমে ৫,১৫৪.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে বেড়েছে ৫০টির, কমেছে ২০০টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ২৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭৬ কোটি টাকা কম।আজ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটের দিকে সূচক ৩০ পয়েন্টের বেশি বেড়ে যায়। তবে ১০ মিনিটের দিকে সূচক ২৭ পয়েন্ট কমে যায়। এরপর আবার সূচকের তীর ঊর্ধ্বমুখী হয়। ২০ মিনিটের দিকে সূচক ২৮ পয়েন্ট বেড়ে যায়। এভাবেই সূচকের দ্রুত ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলতে থাকে। তবে চতুর্থ ঘণ্টায় সূচক দ্রুত কমতে থাকে। ফলে শেষ পর্যন্ত সূচক বেশ কিছুটা কমে যায়।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—ফুওয়াং ফুড, গ্রামীণফোন, লাফার্জ সুরমা, বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, জাহিন টেক্সটাইল ও তিতাস গ্যাস।