দরপত্র, প্রকল্প বাস্তবায়ন নিয়ে সাংসদদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বড় বড় প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় ব্যবহার-কারীদের পাশাপাশি জনপ্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেছেন। ১১ বছরেও এনসিটি প্রকল্প শেষ করতে ব্যর্থ হওয়া, দুই বছরে কর্ণফুলী নদী খননের দরপত্রের প্রক্রিয়াই শেষ না করা, বারবার দরপত্র সংশোধন, দুর্বল নিরাপত্তা এবং বছরের পর বছর প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে ব্যর্থ হওয়ার চিত্র তুলে ধরে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে বন্দরের উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই ক্ষোভ প্রকাশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপদেষ্টা কমিটির সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এতে বন্দরের বর্তমান অবস্থা তুলে ধরেন বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ।গতকাল দুপুর ১২টার দিকে বৈঠক শুরু হয়। চলে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত। বৈঠকে নবগঠিত উপদেষ্টা কমিটির ৪২ সদস্যের ৩২ জন অংশ নেন। তাঁদের মধ্যে সাতজন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারীসহ ২৩ জন বক্তৃতা করেন। ব্যবহারকারী ফোরাম সভা বর্জনের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত শুধু চট্টগ্রাম চেম্বার থেকে কোনো প্রতিনিধি বৈঠকে অংশ নেননি।বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী সাংবাদিকদের বলেন, বন্দরের দক্ষতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নৌ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটি, মন্ত্রণালয় এবং বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে দুই মাসের মধ্যে এ পরিকল্পনা প্রণয়ন করবে। কমিটির পরবর্তী সভায় ওই পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এরপর বন্দরের দক্ষতা বাড়াতে তা বাস্তবায়নের জন্য সরকারের কাছে সুপারিশ করবে কমিটি।বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে চট্টগ্রামের সাংসদ মইন উদ্দীন খান বাদল বলেন, ‘ব্যবহারকারীরা সব সময় বলছেন, বন্দরে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। যন্ত্রপাতি না থাকলে আপনারা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়ে যন্ত্রপাতি সংগ্রহ করেন না কেন? এটা কী ধরনের কথা? এটার শেষ দরকার।’দুই বছরেও কর্ণফুলী নদীর খননে দরপত্রের প্রক্রিয়া শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সাংসদ মইন উদ্দীন বলেন, ‘আগামী ২২ নভেম্বর দরপত্র জমা নেওয়ার কথা বলেছেন। আবার বলবেন ২৬ তারিখ। ২৬ তারিখে বলবেন ৩৬ তারিখ। কেন এসব হচ্ছে? এখনো কর্ণফুলী নদী খননে নামতে পারছেন না। নদী মরে যাবে। পরে বন্দর বার্মার দিকে নিতে হবে।’এফবিসিসিআইয়ের পরিচালক এস এম নুরুল হক বলেন, নিউমুরিং কনটেইনার টার্মিনাল নির্মিত হলেও এখনো পুরোদমে চালু করা হয়নি। এ সরকারের আমলে এই টার্মিনাল বেসরকারি পরিচালনায় দেওয়া যাবে কি না, সন্দেহ আছে। কারণ বারবার প্রাকযোগ্যতা যাচাইয়ের দরপত্র সংশোধন করা হচ্ছে। এটি চালু করতে কেন দেরি হচ্ছে?পুরোনো গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সভাপতি হাবিব উল্লাহ বলেন, ‘বন্দরে রাখা আমদানি করা গাড়ি থেকে তেল চুরি করতে গিয়ে একটি গাড়ি পুড়ে গেছে। প্রতিনিয়ত গাড়ির পার্টস চুরি হচ্ছে। ইঞ্জিন কন্ট্রোলার চুরি হওয়ায় ধাক্কা দিয়ে গাড়ি বন্দর থেকে বের করতে হচ্ছে।’সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বলেন, বন্দর ব্যয়বহুল হয়ে যাচ্ছে। শ্রমিকদের বাড়তি টাকা না দিলে কনটেইনার সরবরাহ হয় না। এ জন্য নিজেদের নিয়ন্ত্রণে শ্রমিক নিয়োগের দাবি জানান তিনি।বৈঠকে বক্তারা বলেন, বন্দরের অবস্থা দেখে মনে হচ্ছে, বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্তহীনতায় ভুগছে। এ জন্য বন্দর কর্তৃপক্ষকে আরও শক্তিশালী করা দরকার। বন্দর এক মিনিটের জন্য যেন বন্ধ না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে।সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন নৌপরিবহনসংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নুর-ই-আলম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, সাংসদ মোশাররফ হোসেন, সামশুল হক চৌধুরী ও মোস্তফা কামাল পাশা।ব্যবহারকারীদের পক্ষে বক্তৃতা করেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি আবদুচ সালাম ও বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুর রহমান।১৯৯৮ সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সর্বশেষ বৈঠক হয়। এরপর থেকে নিয়মিত বিরতিতে উপদেষ্টা কমিটি গঠন করা হলেও কোনো বৈঠক হয়নি। গত মে মাস থেকে বন্দর পরিস্থিতির অবনতি হতে থাকলে নতুন করে উপদেষ্টা কমিটি গঠনের দাবি তোলেন বন্দর ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের দাবির মুখে ৬ অক্টোবর ৪২ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।