ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ১০টি রাস্তা পাকা করার দরপত্র জমার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। গতকাল বৃহস্পতিবারও কোনো ঠিকাদার দরপত্রের শিডিউল কেনেননি। অথচ এরই মধ্যে ছয়টি রাস্তা পাকা করার কাজ সেরে ফেলেছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা। দরপত্র দাখিল-প্রক্রিয়া শেষ হলেই সমঝোতার ভিত্তিতে পছন্দের ঠিকাদার নির্বাচন করে তাঁরা বিল উত্তোলন করবেন বলে জানা গেছে।এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার মেয়র খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কোনো রাস্তার কাজ আগাম করার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। এভাবে কাউকে অনুমতি দেওয়া যায় না।’ কাজের মান সম্পর্কে তিনি বলেন, পৌরসভা কর্তৃপক্ষ তদারকি করেনি, ফলে কী হয়েছে তা বলা যাচ্ছে না।দরপত্র কমিটির সচিব ও পৌর সচিব নূর মোহাম্মদ জানান, ২ ফেব্রুয়ারি পৌরসভা ১০টি রাস্তা পাকা করার কাজের জন্য ঠিকাদারদের কাছে দরপত্র আহ্বান করে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ কাজের প্রাক্কলিত ব্যয় প্রায় ৫০ লাখ টাকা। রাস্তাগুলোর দৈর্ঘ্য ৫০০ থেকে দেড় হাজার মিটারের মধ্যে। ২৫ ফেব্রুয়ারি পৌর কর্তৃপক্ষ উপস্থিত ঠিকাদারদের সামনে দরপত্র বাক্স খুলবে। গতকাল পর্যন্ত কোনো দরপত্র শিডিউল বিক্রি হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে এ মাসের প্রথম সপ্তাহের মধ্যে ওই ছয়টি রাস্তার কাজ শেষ হয়। এর মধ্যে পিঁয়াজ বাজারের রাস্তা ও কিচেন মার্কেটের রাস্তার কাজ করেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তৈয়বুর রহমান খান। আগাম কাজের বিষয়টি নিশ্চিত করে তিনি প্রথম আলোকে বলেন, বিস্তারিত জানতে হলে মেয়রের সঙ্গে কথা বলতে হবে।উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম কাঁচা বাজার থেকে থানা অভিমুখে রাস্তার কাজটি করেন। তাঁর ভাষ্যমতে, পৌর মেয়রের অনুমতি নিয়েই আগাম কাজ করা হয়েছে। স্থানীয় বকুল মাস্টারের বাড়ির পাশের রাস্তার কাজটি করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক কাউন্সিলর খায়রুল ইসলাম। এ ব্যাপারে তিনি জানান, এটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন নবীর বাড়ি যাওয়ার রাস্তা। এ রাস্তায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। তাই রাস্তাটি আগাম পাকা করা হয়েছে। দরপত্র আহ্বানের আগেই কাজ শুরুর প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই আগাম কাজ করছেন। তাই তিনিও কাজটি করেছেন।একইভাবে হাবিবপুর গরুর হাটের রাস্তার কাজ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সাব্দার হোসেন মোল্লার ছেলে শামীম হোসেন। পৌর আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আজমের শ্যালক কাজী গোলাম রসুল কবিরপুর ঝাউদিয়া সড়কের কাজটি করেন। আর কাঁচা বাজারের মধ্যে ফাতেমা মার্কেটের সামনের রাস্তার কাজটি বর্তমানে চলছে।আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, দরপত্র দাখিল-প্রক্রিয়া শেষ হলেই সমঝোতার ভিত্তিতে পছন্দের ঠিকাদার নির্বাচন করে তাঁরা বিল উত্তোলন করবেন। রাস্তাগুলোর পাশের একাধিক দোকানি অভিযোগ করেন, তড়িঘড়ি কাজের কারণে রাস্তাগুলো নিম্নমানের হয়েছে। দোকানি শরিফুল ইসলাম জানান, বেশ কয়েক দিন আগেই পিঁয়াজ বাজারের রাস্তার কাজ শেষ হয়েছে। মাইক্রোবাসের চালক এলিম হোসেন জানান, ফাতেমা মার্কেটের রাস্তার কাজ দ্রুত চলছে।