প্রচলিত প্রক্রিয়ার বাইরে প্রকল্প গ্রহণের সুযোগ রেখে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) বাস্তবায়নের নীতি ও কৌশল প্রণীত হয়েছে। এতে কুইক রেন্টালের মতো কোনো দরপত্র আহ্বান না করেও সরকারের সঙ্গে দরকষাকষি ও চাহিদার ভিত্তিতে প্রকল্প গ্রহণের সুযোগ থাকল। ১ আগস্ট এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আবদুল আজিজ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে ২০০৪ সালে প্রণীত বেসরকারি বিনিয়োগ নির্দেশিকাটি বাতিল হয়ে যাবে।নতুন পিপিপির নীতিমালায় প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি স্বতন্ত্র দপ্তর স্থাপনের কথা বলা হয়েছে। এই অফিসে সরকারি ও বেসরকারি খাতের জনবল নেওয়ার সুযোগ থাকছে। অফিস-প্রধান হিসেবে একজন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেবে সরকার। সিইও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তাঁর কাজের জন্য দায়বদ্ধ থাকবেন এবং জরুরি বিষয়ে প্রতিবেদন দেবেন।এ ব্যাপারে আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, দেশের অবকাঠামো চাহিদার কথা চিন্তা করে সরকার পিপিপি বাস্তবায়নের ব্যাপারে খুবই আন্তরিক। অফিস স্থাপনের জন্য ইতিমধ্যেই সংস্থাপন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করা যায়, এ বছরে বেশ কিছু বড় উদ্যোগ দেখা যাবে।পিপিপি বাস্তবায়নের জন্য নতুন দপ্তর প্রতিষ্ঠা ছাড়াও ২৩ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। পরিষদের সভাপতি হবেন প্রধানমন্ত্রী, সহসভাপতি অর্থমন্ত্রী এবং সদস্যসচিব থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব। বেসরকারি খাত থেকে এই পরিষদে থাকবে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং বিদেশি বিনিয়োগকারীদের চেম্বার এফআইসিসিআইয়ের সভাপতি।পিপিপিতে বিনিয়োগের আকার অনুসারে বড়, ছোট ও মাঝারি—তিনটি শ্রেণী বিভাজন করা হয়েছে। কোনো প্রকল্পের প্রস্তাবিত বিনিয়োগ ২৫০ কোটি টাকার বেশি হলে তা বড় প্রকল্প হিসেবে বিবেচিত হবে এবং অনুমোদনের চূড়ান্ত ক্ষমতা থাকবে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির। ৫০ কোটি থেকে ২৫০ কোটির টাকার মাঝারি প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা থাকবে অর্থমন্ত্রীর হাতে। আর ৫০ কোটির নিচের ছোট প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমোদন করতে পারবে। তবে যেকোনো প্রকল্পেরই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের আগে তা সংশ্লিষ্ট খাতের বা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির কাছ থেকে ভেটিং নিতে হবে। নীতিমালায় প্রকল্প অনুমোদন ও চূড়ান্ত চুক্তির জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। বড় প্রকল্পের ক্ষেত্রে সর্বোচ্চ তা ৫২ সপ্তাহ, মাঝারি প্রকল্পে ৪২ সপ্তাহ এবং ছোট প্রকল্পে সর্বোচ্চ ২৮ সপ্তাহ। প্রকল্পের চূড়ান্ত অনুমোদন ও চুক্তির আগে কয়েকটি ধাপ অনুসরণেরও নির্দেশনা দেওয়া হয়েছে। বড় প্রকল্পের ক্ষেত্রে প্রথম সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা পিপিপি দপ্তর প্রকল্প চিহ্নিত করবে। এর পরে প্রাথমিক সম্ভাব্যতা যাচাই শেষে নীতিগতভাবে অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে পাঠানো হবে। এরপর পিপিপি অফিস সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রস্তাব আহ্বান করবে। এরপরেই কারিগরি মূল্যায়ন শেষে বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের প্রস্তাব চাওয়া হবে। এই প্রস্তাব যাচাই শেষে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি হয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছ থেকে প্রকল্পের চূড়ান্ত অনুমোদন নিতে হবে।মাঝারি ও ছোট প্রকল্পের ক্ষেত্রে এসব ধাপ অনুসরণ করতে হবে না। আর কোনো প্রকল্প পিপিপি অফিস বা মন্ত্রণালয় চিহ্নিত না করলেও আগ্রহী বিনিয়োগকারী প্রাক-সম্ভাব্যতা যাচাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পিপিপি অফিসে প্রস্তাব দিতে পারবে। সরকারের সঙ্গে চুক্তির পর কোনো বিনিয়োগকারী প্রকল্প বাণিজ্যিকভাবে শুরু না হওয়ার আগে মালিকানা হস্তান্তর, পরিবর্তন বা শেয়ার পুঁজিবাজারে ছাড়তে পারবে না।পিপিপির নীতিমালায় প্রতিরক্ষা ছাড়া সব খাতেই বিনিয়োগ উন্মুক্ত রাখা হয়েছে। বাংলাদেশে নিবন্ধিত যেকোনো ব্যবসায়ী বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে পিপিপির প্রকল্প বাস্তবায়নের জন্য অংশ নিতে হবে। বিদেশি কোনো বিনিয়োগকারী চূড়ান্তভাবে চুক্তির আগে বাংলাদেশে নিবন্ধিত হতে হবে।এ ব্যাপারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, দেরি হলেও অবশেষে পিপিপি একটি প্রাতিষ্ঠানিক রূপ নিল। এখন তা বাস্তবায়ন করতে হবে। গত বছর অর্থ বরাদ্দ থাকলেও সরকার খরচ করতে পারেনি নীতিমালার অভাবে। এবার যেহেতু নীতিমালা হয়েছে, তাই দ্রুত কিছু জনগুরুত্বপূর্ণ প্রকল্প পিপিপির অধীনে বাস্তবায়িত হবে বলে আশা করা যায়। তবে পিপিপি বাস্তবায়নের জন্য গঠিত অফিসে একজন দক্ষ সিইও নিয়োগ দেওয়া দরকার বলে সিপিডির নির্বাহী মনে করেন।নীতিমালায় প্রকল্পে অর্থায়নের ঘাটতি পূরণের জন্য বিভিন্ন ধরনের তহবিল গঠনের উল্লেখ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে আর্থিক সক্ষমতা ঘাটতি পূরণ (ভিজিএফ) তহবিল। কোনো প্রকল্পের বিনিয়োগের সঙ্গে আয়ের ব্যাপারটি সুনিশ্চিত না থাকলেও অর্থনৈতিক ও সামাজিক বিবেচনায় গুরুত্বপূর্ণ হলে অনুদান বা অন্যভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। এটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে অর্থ মন্ত্রণালয়। অবকাঠামো নির্মাণে ঘাটতি পূরণের জন্য ইতিমধ্যেই সরকার অবকাঠামো অর্থায়ন তহবিল (বিআইএফএফ) গঠন করেছে। এটি পরিচালিত হবে একটি কোম্পানির মাধ্যমে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কোম্পানির পক্ষ থেকে নানা ধরনের অবকাঠামো উন্নয়ন বন্ড ছাড়া হবে। জানা গেছে, কোম্পানির প্রাথমিক তহবিল এক হাজার ৬০০ কোটি টাকা ধরা হয়েছে। এর সঙ্গে চলতি ২০১০-১১ অর্থবছরের বাজেটে পিপিপি বাস্তবায়নে তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই তহবিলটিও ব্যবহূত হবে নতুন এই বিশেষ কোম্পানির দ্বারা।প্রসঙ্গত ২০০৯-১০ অর্থবছরের বাজেটে সরকার পিপিপি বাস্তবায়নের ঘোষণা দেয়। সরকারি অবস্থানপত্রে বলা ছিল, জনগুরুত্বপূর্ণ অতি বিশাল প্রকল্পগুলো পাঁচ থেকে সাত বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পের মধ্যে ঢাকা-চট্টগ্রাম এক্সেস কন্ট্রোল হাইওয়ে, ঢাকা মহানগরে পাতালরেল, ঢাকা মহানগর বেষ্টন করে মনোরেল, ঢাকা মহানগরে এলিভেটেড এক্সপ্রেস, ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুর-ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিভিন্ন এলাকায় কয়লাভিত্তিক অথবা ডিজেল ও গ্যাসভিত্তিক ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি বিদ্যুৎকেন্দ্র উল্লেখযোগ্য। গত বাজেটে এসব প্রকল্পের অর্থায়ন ঘাটতি পূরণের জন্য আড়াই হাজার কোটি টাকার বরাদ্দও রাখা হয়েছিল। কিন্তু নীতিমালা না থাকায় কোনো প্রকল্পই পিপিপির অধীনে বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। অর্থও অব্যবহূত ছিল।