দরপত্র ছিনতাইয়ের ঘটনায় এক ছাত্র বহিষ্কার
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ৩৫ লাখ টাকার দরপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত প্রীতম চন্দ্র মজুমদার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ও যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিনের এক জরুরি সভায় ওই শাস্তি দেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। একই সঙ্গে ওই দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের সংস্কারকাজের জন্য সম্প্রতি ৩৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। আজ দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি প্রীতম চন্দ্র মজুমদারের নেতৃত্বে ছাত্রলীগের নেতা ক্যাডার ও বহিরাগতরা ওই দরপত্র ছিনিয়ে নেন। এ সময় তাঁদের বাধা দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী লাঞ্ছিত হন। উপাচার্যের কক্ষের সামনে রাখা দরপত্র বাক্স থেকে দরপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় সবাই হতবাক হয়ে যান।পরিচয় গোপন রাখার শর্তে একটি সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে একতা সুপার মার্কেটে দরপত্র নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের একটি বৈঠক হয়। সেখানে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক এক নেতার কোম্পানিকে কাজটি দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এ সিদ্ধান্ত উপেক্ষা করে আজ অনেকেই দরপত্র জমা দেন। কাজটি নাও পেতে পারেন—এই আশঙ্কায় ওই নেতার পরোক্ষ ইন্ধনে দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে সূত্রটি জানায়।বিশ্ববিদ্যালয়ের দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি মোখলেসুর রহমান দরপত্র ছিনতাইয়ের ঘটনায় শাস্তির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এভাবে একের পর এক দরপত্র নিয়ে ঝামেলা হওয়ায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজও বাধাগ্রস্ত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসের দরপত্র নিয়ে অরাজকতা চলে আসছে। শক্তিশালী একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে সবকিছু। এর আগেও দরপত্র নিয়ে একাধিকবার নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এতে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়। পাশাপাশি কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে।