চট্টগ্রামে পূর্বাঞ্চল রেলওয়ের সদর দপ্তর (সিআরবি) চত্বরে গতকাল বুধবার সশস্ত্র মহড়া দিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। রেলওয়ের ছয়টি কাজের কোটি টাকার দরপত্র জমা দিতে ঠিকাদারদের বাধা দিতে তাঁরা এই মহড়া দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের কারণে কয়েকজন ঠিকাদার দরপত্র জমা দিতে পারেননি।রেলওয়ে সূত্রে জানা গেছে, পূর্বাঞ্চলের দুটি স্টেশনের ছাউনি নির্মাণ ও চারটি ভবনের সংস্কারকাজের দরপত্র আহ্বান করা হয়েছে। প্রতিটি কাজের প্রাক্কলিত ব্যয় ১৫ লাখ থেকে ২৩ লাখ টাকা। ছয়টি কাজের সাকল্যে ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল।প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের এমইএস কলেজকেন্দ্রিক ছাত্রলীগের বর্তমান ও সাবেক ছাত্রনেতাদের অনুসারীরা গতকাল সকালে কয়েকটি দলে বিভক্ত হয়ে সিআরবি এলাকার বিভিন্ন মোড়ে অবস্থান নেন। তাঁদের হাতে রড ও ধারালো অস্ত্র দেখা যায়। দলের একটি অংশের নেতৃত্বে আছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল আকবর। তিনি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেতা। অন্য অংশের নেতৃত্বে আছেন এমইএস কলেজ ছাত্রলীগের একটি অংশের নিয়ন্ত্রক মশিউর রহমান। তবে গতকাল ঘটনাস্থলে আকবর ও মশিউরকে দেখা যায়নি। ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র মহড়ার কারণে কয়েকজন ঠিকাদার দরপত্র জমা দিতে পারেননি। এর মধ্যে রাজু এন্টারপ্রাইজ ও মুন্না ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠান রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছে।এ ছাড়া মেসার্স ইন্টারলেস নামের আরেকটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিতে পারেনি। প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অস্ত্রধারীদের মহড়ায় অনেক ঠিকাদার সিআরবি ভবনের কাছে ঘেঁষতে পারেননি। আমিও দরপত্র জমা দিতে পারিনি।’জানতে চাইলে পূর্বাঞ্চল রেলওয়ের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম চৌধুরী বলেন, ‘ছয়টি কাজের মধ্যে পাঁচটিতে দরপত্র জমা পড়েছে। পাহাড়তলীর ঝাউতলায় ভবন সংস্কারের জন্য কোনো দরপত্রে পড়েনি। দরপত্র জমা দিতে বাধা দেওয়ার কথা উল্লেখ করে দুটি প্রতিষ্ঠান আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।’ অভিযোগ প্রসঙ্গে যুবলীগের কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকায় আছি। তবে সিআরবি এলাকায় দরপত্র জমা দেওয়া নিয়ে ঝামেলা হয়েছে বলে শুনেছি। এতে আমার কোনো লোক জড়িত নয়।’ মশিউর রহমান পুলিশের খাতায় পলাতক আসামি। এ কারণে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি।