শেখ সোহেলের বাধার কারণে ঠিকাদারেরা গতকাল সোমবার খুলনায় রূপসা খানজাহান আলী সেতুর টোল আদায়ের সার্ভিস চার্জের দরপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। শেখ সোহেল বাগেরহাট-১ আসনের (মোল্লাহাট-ফকিরহাট) সাংসদ শেখ হেলালের ভাই। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই। নগরের বয়রা সড়ক ভবন সূত্রের বিবরণ অনুযায়ী, খানজাহান আলী সেতুর টোল আদায়ের পাঁচ বছরের সার্ভিস চার্জের দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল বেলা দুইটা। মোট নয়টি ফরম (শিডিউল) বিক্রি হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে মাত্র তিনটি দরপত্র জমা পড়ে। অভিযোগ উঠেছে, শেখ সোহেলের লোকজন সকাল থেকে সড়ক ভবনে অবস্থান নিয়ে তাদের পছন্দের তিনটি প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোর লোকজনকে দরপত্র জমা দিতে বাধা দেয়। বর্তমানে যৌথভাবে টোল আদায় করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ার ও এশিয়ান ট্রাফিক টেকনোলজি লিমিটেড। এশিয়ান ট্রাফিক টেকনোলজি লিমিটেডের এক কর্মকর্তা বলেন, ‘এত দিন ধরে সুনামের সঙ্গে আমরা রূপসা সেতুতে টোল আদায় করছি। শেখ সোহেলের দলবলের বাধার কারণে আজ দরপত্র জমা দিতে পারিনি।’ অভিযোগের বিষয়ে খতিয়ে দেখতে গতকাল দুপুরে সড়ক ভবনে গিয়ে দেখা যায়, একটি সাদা ব্যক্তিগত গাড়ির পাশে বেশ কয়েকজন যুবক ঘোরাফেরা করছে। ভবনে ঢোকার মুখে কয়েকজন সিপাই নিয়ে বসে ছিলেন সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক। ফরম জমাদানে কাউকে বাধা দেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে এসআই এমদাদুল বলেন, ‘কাউকে বাধা দিতে দেখিনি। অবশ্য এক পক্ষ ছাড়া কেউ আসেনি।’ তবে একটু দূরে দাঁড়ানো এক সিপাই বলেন, ‘সব তো বোঝেন, শেখ সোহেলের নাম শুনলে আর কেউ আসে?’ খুলনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিকরুল হক বলেন, ‘আমার অফিসসহ বিভিন্ন কার্যালয় থেকে মোট নয়টি শিডিউল বিক্রি হয়েছিল। আজ (সোমবার) বেলা দুইটার মধ্যে এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রেজা কনস্ট্রাকশন ও জিএসআইসি-এসইএলজেভি এই তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। বেলা তিনটার পর ওই তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে বাক্স খুলে দেখা যায়, জিএসআইসি-এসইএলজেভি সর্বনিম্ন ২৬ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকা দর প্রস্তাব করেছে।’ তিনি আরও বলেন, ‘আমার অফিস দোতলায়। আমি সকাল থেকে বাক্স নিয়ে বসে ছিলাম। নিচে পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন। কেউ বাধা পাওয়ার অভিযোগ আমার কাছে করেনি।’ এই কাজ পাইয়ে দেওয়ার জন্য জিএসআইসি-এসইএলজেভির তিনজন অংশীদার সোহেলকে চার কোটি টাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল প্রথম আলোকে বলেন, ‘আজ (সোমবার) সকালে আমরা দরপত্র জমা দিতে গেলে শেখ সোহেলের তত্ত্বাবধানে নিক্সন চৌধুরী তাঁর লোকজন নিয়ে আমাদের অফিসে ঢুকতে দেয়নি। তাই আমরা দরপত্র জমা দিতে পারিনি। আমরা ১৫ কোটি টাকা প্রস্তাব করেছিলাম। আমরা কাজ পেলে সরকারের ১১ কোটি টাকা বেচে যেত।’ অভিযোগের বিষয়ে জানতে গত রাতে প্রথম আলোর ঢাকা কার্যালয় থেকে শেখ সোহেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কোনো ঠিকাদারি করি না। আমি এ ঘটনায় জড়িত নই। দলীয় পরিচয়ে কেউ করে থাকতে পারে। গত তিন বছরে আমাদের পরিবারের কেউ এ ধরনের কোনো ঘটনায় জড়িত হয়নি।’ সড়ক ভবনে অবস্থান নেওয়া নিক্সনকে চেনেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সে সম্পর্কে আমাদের ভাগনে হয়।’