দরপত্র জমা দেওয়া নিয়ে আ.লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। তিস্তা সড়ক সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের মাশুল (টোল) আদায়ের দরপত্র (ইজারার কোটেশন) জমা দেওয়াকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এ ঘটনার জের ধরে শহরের স্টেশন রোডে অবস্থিত জাতীয়তাবাদী রেল শ্রমিক দলের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে বিএনপি দাবি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের সাতটি শেল এবং ১১টি রাবার বুলেট ছোড়ে। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয়ের সামনে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয় চত্বরে সকাল থেকেই আওয়ামীপন্থী ঠিকাদারদের নেতৃত্বে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা জমায়েত হন। তাঁরা পুলিশ সুপারের কার্যালয়ে ঢোকার দুটি ফটক ভেতর থেকে বন্ধ করে দেন। বিএনপিপন্থী ঠিকাদারেরা কোটেশন শিডিউল জমা দিতে এসে এ অবস্থা দেখে তাঁদের দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ঘটনাটি জানান। পরে তাঁরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়কে এসে জমায়েত হন। একপর্যায়ে তাঁরা ওই কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ভেতর ও বাইরে থেকে একে অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ অবস্থায় পুলিশ ভেতরে অবস্থানকারী আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহযোগিতায় রাস্তায় অবস্থানকারী বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন।আহতদের মধ্যে রয়েছেন, আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম, ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি রফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন খান। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে সাতটি কাঁদানে গ্যাস ও ১১টি রাবার বুলেট ছোড়ে। এর সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার হাবিবুর রহমান। এ ঘটনায় জড়িত সন্দেহে বেলা একটার দিকে যুবদল নেতা শাহাদত হোসেনকে সদর থানার পুলিশ আহত অবস্থায় গ্রেপ্তার করেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান অভিযোগ করেন, পুলিশ সুপারের কার্যালয়ে তিস্তা সড়ক সেতুর মাশুল আদায়ের কোটেশন জমাদানে বাধা দেওয়ার ঘটনার সঙ্গে জড়িতরাই রেল শ্রমিক দল অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান এ ঘটনায় বিএনপিকেই দায়ী করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় সাত-আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, দায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাঁর কার্যালয় চত্বরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঢোকার সুযোগ দেওয়ার কারণ জানতে চাইলে প্রসঙ্গটি এড়িয়ে যান তিনি।