দরপত্র জমা দেওয়া নিয়ে বিরোধের জেরে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা
রাজধানীর মগবাজার এলাকায় রেডক্রস কার্যালয়ে দরপত্র জমা দেওয়া নিয়ে বিরোধের জের ধরে ইউসুফ আলী (২৫) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ইউসুফের ভাইয়ের ছেলে রকি প্রথম আলোকে জানান, ছাত্রলীগের নেতা কর্মীরা পিটিয়ে ইউসুফকে আহত করে। পরে হাসপাতালে ইউসুফ মারা যায়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলি নোমান জানান, আজ বেলা সাড়ে ১২ টার দিকে পুরাতন মোটরসাইকেল বিক্রির দরপত্র জমা দেওয়া নিয়ে ইউসুফের সঙ্গে কতিপয় ছাত্রলীগ কর্মীর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ইউসুফ আলী এক ছাত্রলীগ নেতাকে চড় মারেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয়পক্ষই বিষয়টি মীমাংসা করে। এই ঘটনায় ইউসুফ আলী রমনা থানায় হাজির হয়ে ছাত্রলীগের চার কর্মীকে আসামি করে মামলা করে।পরে সন্ধ্যা ছয়টার দিকে মগবাজার চৌরাস্তায় ইউসুফ আলীকে একা পেয়ে লাঠিসোটা নিয়ে ছাত্রলীগ কর্মীরা পিটিয়ে আহত করে। আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।ইউসুফ আলী ইস্কাটন এলাকার ৪০২/১ নং বাসায় থাকেন।