দরপত্র নিয়ে ছাত্রলীগ-ঠিকাদার কোন্দল চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নয় কোটি টাকার দরপত্র নিয়ে ছাত্রলীগ ও স্থানীয় ঠিকাদারদের মধ্যে কোন্দল চরমে পৌঁছেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের বিরুদ্ধে এক বহিরাগতকে মারধর এবং ঠিকাদারের বিরুদ্ধে ছাত্রলীগের এক নেতাকে গুলি করে মারার হুমকির অভিযোগ উঠেছে। হুমকির ঘটনার বিচার চেয়ে বৃহস্পতিবার শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে। ঘটনার জন্য ছাত্রলীগ ও ঠিকাদারেরা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।অভিযোগ অস্বীকার করে ঠিকাদার কামরুল জানান, টেন্ডার কিনতে গিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা বাধা দিলে তাঁরা কয়েকজন ঠিকাদার মিলে সিডিউল কেনেন। এরপর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ ও অন্যরা তাঁকে একের পর এক ফোনে হুমকি দেন। একপর্যায়ে তিনি বাধ্য হয়ে কিছু উচ্চবাচ্য করেন। কিন্তু কাউকে গুলি করে মারার হুমকি দেননি বলে তিনি দাবি করেন।আরেক ঠিকাদার মোহাম্মদ কিরনের অভিযোগ, এর আগেও ৩০ লাখ টাকার একটি দরপত্র ছাত্রলীগের কর্মীরা নিয়ন্ত্রণ করে তাদের পছন্দের এক ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়। সম্প্রতি নয় কোটি টাকার দরপত্র আহ্বান করা হলে ছাত্রলীগ ক্যাম্পাসে পাহারা বসায় যাতে কেউ সিডিউল কিনতে না পারে। তিনি জানান, কিছুদিন আগে চাঁদা না দেওয়ায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নির্দেশে ক্যাম্পাসে তাঁকে মারধর করে ছাত্রলীগের কর্মীরা। অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ মিয়া জানান, সব অভিযোগ ভিত্তিহীন। ছাত্রলীগের কেউ সিডিউল কিনতে বাধা দেয়নি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুম জানান, ছাত্রলীগের কেউ এসব নোংরামির সঙ্গে জড়িত না। তবে কেউ অভিযোগ করলে কেন্দ্রীয় ছাত্রলীগকে তিনি অবগত করবেন বলে জানান।ক্যাম্পাস সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বহিরাগত কিছু লোক ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করে আসছে। বহিরাগতদের দরপত্র নিয়ন্ত্রণের বিষয়টি স্বীকার করে এক ঠিকাদার প্রথম আলোকে জানান, এখানকার প্রায় সব কাজই একটা কমিশনের বিনিময়ে স্থানীয় রাজনৈতিক নেতারা বণ্টন করেন। কিন্তু সম্প্রতি কাজ ভাগাভাগির কর্তৃত্ব নিয়ে দুটি গ্রুপ তৈরি হয়েছে। আর তা নিয়েই মূলত দ্বন্দ্বের সূত্রপাত।এ ব্যাপারে উপাচার্য এম সবদার আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ক্যাম্পাসে তেমন কিছুই হয়নি।