নাটোর পৌরসভার সোয়া সাত কোটি টাকার একটি কাজের দরপত্র বাক্স খোলার কথা ছিল গত সোমবার দুপুরে। কিন্তু গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কর্তৃপক্ষ ওই বাক্স খোলেনি। জেলা আওয়ামী লীগের একটি অংশের যোগসাজশে পৌর কর্তৃপক্ষ তাদের পছন্দের ঠিকাদারকে ওই কাজ দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।জানা যায়, নাটোর পৌরসভার মেয়র কাজী শাহ আলম জনস্বাস্থ্য প্রকৌশল শাখার পানি সরবরাহ প্রকল্পের সোয়া সাত কোটি টাকার একটি কাজের দরপত্র আহ্বান করেন গত ১৫ ডিসেম্বর। গত সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। ওই দিন বেলা সাড়ে ১২টায় দরপত্র খোলার সময় নির্ধারণ করা হয়। দরপত্র খোলার নির্ধারিত সময় কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হলেও কর্তৃপক্ষ দরপত্র খুলেননি। বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করে ঠিকাদারের লোকজন চলে যান। রাত আটটার সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শত শত নেতা-কর্মীকে নিয়ে নাটোর পৌরসভায় আসেন। সেখানে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষ তাদের পচ্ছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্ধারিত সময়ের অনেক পরও দরপত্র খুলছে না। একই উদ্দেশ্যে পৌরসভার নির্বাহী প্রকৌশলী দাখিল হওয়া দরপত্র গোপনে পৌরসভার বাইরে সরিয়ে নিয়েছেন। উপজেলা চেয়ারম্যান তাৎক্ষণিক মুঠোফোনের মাধ্যমে বিষয়টি র্যাব, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে সদর থানার বিপুলসংখ্যক পুলিশ পৌরসভা চত্বরে আসে। পুলিশের উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যানের নির্দেশে তাঁর সমর্থকেরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল কাশেমের কক্ষে (এই কক্ষে দরপত্র রাখা ছিল) অতিরিক্ত একটি তালা লাগিয়ে দেন। তাঁর কর্মী-সমর্থক ও পুলিশ সারা রাত পৌরসভায় অবস্থান করেন। সকালে আসেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা। উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম গতকাল সকালে পৌরসভায় এসে দরপত্রগুলো দেখতে চান এবং নির্বাহী প্রকৌশলীকে ওই কক্ষ খুলে দিতে বলেন। এ অবস্থায় দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম ঘটনাস্থলে আসেন। এ সময় উপজেলা চেয়ারম্যান তাঁর লাগানো তালাটি খুলে দেন। কিন্তু রহস্যজনক কারণে নির্বাহী প্রকৌশলী তাঁর চাবি দিয়ে নিজের লাগানো তালাটি খুলতে ব্যর্থ হন। এ সময় পৌর চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত সবাই ওই তালাটি ভেঙে ফেলার দাবি তোলেন। এ সময় পুলিশ পৌরসভা চত্বরে সাধারণ জনতার চলাচল নিষিদ্ধ করে। পুলিশ নির্বাহী প্রকৌশলীকে ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করতে বলেন। প্রকৌশলী একটি অভিযোগ লিখে তা অনুমোদনের জন্য পৌর মেয়র কাজী শাহ আলমের বাড়িতে পাঠান। বাড়ি থেকে তিনি ওই অভিযোগে স্বাক্ষর করেন। এ সময় নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ ঘটনাস্থলে আসেন। তিনি পৌরভবনের একটি কক্ষে যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ-সমর্থিত একজন কাউন্সিলরকে নিয়ে গোপন বৈঠক করেন। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে বের হয়ে হানিফ আলী শেখ উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকদের বলেন, ‘ঘটনা তেমন কিছুই না। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। এটা নিয়ে আর কিছু হবে না। আপনারা চলে যান।’ তাঁর কথায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তালা না খুলেই বেলা দুইটার দিকে ঘটনাস্থল ত্যাগ করেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কাশেম বলেন, ‘মেয়র কাজী শাহ আলম এই মুহূর্তে তালা ভাঙতে নিষেধ করেছেন। তিনি আগামীকাল (আজ বুধবার) সকাল ১০টায় পৌরসভায় এসে তালা খুলবেন। তাঁর মৌখিক নির্দেশে পুলিশের কাছে দেওয়া লিখিত অভিযোগটি আমরা ফেরত নিয়েছি।’ বাড়িতে থেকেও এই সংকটময় মুহূর্তে কেন পৌরসভায় উপস্থিত হলেন না জানতে চাইলে বিদায়ী মেয়র বিএনপি নেতা কাজী শাহ আলম সাংবাদিকদের বলেন, ‘শরীরটা ভালো যাচ্ছে না! আর গিয়েই বা কী করব? ওদের (আওয়ামী লীগ) মধ্যেই ভাগবাটোয়ারা নিয়ে গণ্ডগোল। পরে ওরাই মীমাংসা করে নিয়েছে।’ এত কিছুর পর কেন নির্বাহী প্রকৌশলীর কক্ষ খোলা হলো না জানতে চাইলে মেয়র বলেন, ‘আপনারা চলে আসার পর (বেলা তিনটা) খোলা হয়েছে।’ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘তালা খোলার আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য আমাকে ডাকা হয়েছিল। এখন তাঁরা প্রয়োজন মনে করছেন না। তাই চলে যাচ্ছি।’ ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, ‘এখানে আইনশৃঙ্খলার যেন অবনতি না হয়, সে জন্যই এসেছিলাম। প্রয়োজন না হওয়ায় চলে যাচ্ছি।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ বলেন, ‘ঘটনাটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। আমি আলাপ-আলোচনা করে সমাধান করে দিয়েছি।’ তাহলে ওই কক্ষটি কেন খোলা হচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, চাবি পাওয়া গেলে অবশ্যই কক্ষটি খোলা হবে।