দরপত্রবাক্স ছিনিয়ে নিলেন আ.লীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা পৌরসভার প্রায় ৮০ লাখ টাকার কাজের জন্য রাখা দরপত্রবাক্স ছিনিয়ে নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।পাথরঘাটা পৌরসভার মেয়র মল্লিক মোহাম্মদ আয়ুব প্রথম আলো ডটকমকে জানান, নিয়ম মেনেই দরপত্র জমাদান চলছিল। দুপুরের দিকে ওই দরপত্রবাক্স ছিনতাই করা হয়। পরে বেলা আড়াইটার দিকে পাশের পুকুর থেকে বাক্সটি উদ্ধার করা হয়।মেয়র আরও বলেন, পাথরঘাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিক, ছাত্রলীগের সভাপতি আবদুর রহমানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী এ লটারির বক্স ছিনিয়ে নেন। এ সময় তাঁরা টেবিলে থাকা কাগজপত্র তছনছ ও বেশ কয়েকটি চেয়ারও ভাঙচুর করেন। এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেনের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সাড়া পাওয়া যায়নি। তবে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান বলেন, ৪ ও ৮ নম্বর ফরম (প্রায় ১০ লাখ টাকার কাজ) দুটি বিক্রি না করায় ও আজকের অপর এক নিলামে বিক্রির জন্য রাখা পুরোনো লোহার অ্যাঙ্গেল গোপনে আগেই বিক্রি করে দেওয়ায় সাধারণ ঠিকাদারদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে ওই ঘটনাটি ঘটেছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাটি শুনেই পৌরসভায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’