দরপত্রে শর্ত জুড়ে এক প্রতিষ্ঠান থেকেই মিটার কিনছে পিডিবি!
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চুরি ঠেকানোর উপযোগী মিটার কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বলছেন, দরপত্রে বিশেষ শর্তারোপের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে একচেটিয়া ব্যবসার সুযোগ করে দেওয়া হয়েছে। তারা কয়েক গুণ বেশি দামে চার বছর ধরে মিটার সরবরাহ করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০০৮ সালে পিডিবির দরপত্রে মিটার সুনির্দিষ্টকরণের (স্পেসিফিকেশন) ক্ষেত্রে এমন কিছু শর্ত যুক্ত করা হয়েছে, যাতে শুধু এলঅ্যান্ডজি ব্র্যান্ডের মিটার দরপত্রে যোগ্য বলে বিবেচিত হচ্ছে। যেমন শর্তে বলা হয়েছে, টার্মিনাল কভার খোলার পর লগ মেমোরি থাকতে হবে। এর বাইরে যত আধুনিক মিটারই হোক আর তার দাম যত কমই হোক না কেন, দরপত্রে যোগ্য হওয়ার সুযোগ নেই বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এলঅ্যান্ডজি ব্র্যান্ডের এ মিটার বাংলাদেশে সরবরাহকারী প্রতিষ্ঠান কেসিজে অ্যান্ড অ্যাসোসিয়েটস। গত পাঁচ বছরে এ প্রতিষ্ঠানটি পিডিবির ছয়টি দরপত্রের কাজ পেয়েছে। আরও দুটি প্রক্রিয়াধীন আছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি বেশি দামে পিডিবির কাছে মিটার বিক্রি করছে। পিডিবির নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, ২০১০ সালে প্রতিটি মিটারের দাম পড়েছে ১৬৯ মার্কিন ডলার, ২০১১ সালে ১৪৯ দশমিক ৫০ ডলার ও ২০১২ সালে ১৩৭ দশমিক ৫০ ডলার।সর্বশেষ ২১ মার্চ ১২ হাজার মিটার ক্রয়ের আরেকটি দরপত্রের আর্থিক দর খুলেছে কর্তৃপক্ষ। এ দরপত্র ডাকা হয়েছিল গত বছরের ১৮ অক্টোবর। এতে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নিলেও আগের মতোই ওই শর্তের কারণে একমাত্র কেসিজেই যোগ্য বলে বিবেচিত হবে। যদিও অন্য প্রতিযোগীদের দর কেসিজের অর্ধেকেরও কম। এই দরপত্রে কেসিজি অ্যান্ড অ্যাসোসিয়েটস মিটারপ্রতি ১৩৭ দশমিক ৫০ ডলার দর প্রস্তাব করেছে। এতে ১২ হাজার মিটারের দাম পড়ছে ১৬ লাখ ৫০ হাজার ডলার বা ১৩ কোটি ২০ লাখ টাকা।জানা গেছে, এলঅ্যান্ডজির তৈরি একই মিটার গত বছর ভারতের বিদ্যুৎ কর্তৃপক্ষ দরপত্রের মাধ্যমে কিনেছে প্রতিটি ৪১ মার্কিন ডলারে। দেশে বিদ্যুৎ খাতের একমাত্র লাভজনক কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) আন্তর্জাতিকভাবে স্বীকৃত সর্বাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক মিটার কিনেছে ৫৫ থেকে ৬৫ ডলারে। গত ২১ মার্চ সাড়ে ১৩ হাজার মিটার কেনার জন্য আরও একটি দরপত্র জমা নিয়েছে পিডিবি। এ ক্ষেত্রেও একই শর্তের কারণে অন্য কোনো সরবরাহকারী যোগ্য বিবেচিত হবেন না। ডেসকো, ডিপিডিসি, পল্লী বিদ্যুৎ কিংবা আশপাশের আর কোনো দেশে মিটার কেনার ক্ষেত্রে এ রকম কোনো শর্ত দেওয়ার নজির নেই। এই প্রক্রিয়ায় পারস্পরিক যোগসাজশে রাষ্ট্রের অর্থ তছরুপের জন্যই এ ধরনের শর্তারোপ করা হয়েছে বলে মনে করেন বিদ্যুৎ বিভাগের নীতি ও গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের সাবেক একজন কর্মকর্তা। তিনি বলেন, মিটারের টার্মিনাল কাভার খোলার প্রসঙ্গ খুবই ঠুনকো। আধুনিক মিটার সবই সফটওয়্যারনির্ভর। তাই যেকোনো ধরনের টেম্পারিং ডেটাবেস থেকে ধরা পড়বে। পিডিবির সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, টার্মিনাল কভার না খুলেও মিটারের নিচের তার ওলট-পালট করে মিটার থামিয়ে রাখা বা গতি ধীর করে দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আধুনিক সফটওয়্যারনির্ভর মিটারে যেকোনো তার ওলট-পালট করলে, তা ধরা পড়ার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া ৩৫ কিলো ভোল্টের (কেভি) ‘ভোল্টেজ গান’ রয়েছে, যা দিয়ে মিটারের ওপর স্পার্ক করলেই মিটার বন্ধ হয়ে যায়। এ কারণে ৩৫ কেভি পর্যন্ত স্পার্ক প্রতিরোধের ক্ষমতাসম্পন্ন মিটার সরবরাহের বাধ্যবাধকতা দিয়েছে ভারত। কিন্তু পিডিবি এ শর্ত দেয় না। পিডিবির কেনা এলঅ্যান্ডজি মিটার সর্বোচ্চ ১০ কেভি স্পার্ক প্রতিরোধী। এর বাইরে দশমিক ২ টেসিল ক্ষমতাসম্পন্ন চুম্বক ওপরে বসিয়েও মিটার বন্ধ করা যায়। যেহেতু বাজারে ২ টেসিল ক্ষমতাসম্পন্ন চুম্বক পাওয়া যায়, তাই চুরি ঠেকাতে দশমিক ২ টেসিল পর্যন্ত চুম্বক প্রতিরোধের ক্ষমতার শর্ত দেওয়াটাকেও জরুরি মনে করেন বিশেষজ্ঞরা। পিডিবির এসব দিকে নজর দিচ্ছে না। তবে পিডিবির সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুহু রুহুল্লাহ একটি প্রতিষ্ঠানকে একচেটিয়া সুযোগ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এ শর্ত ২০০৮ সালেই দরপত্রে যুক্ত করা হয়েছে। এ শর্ত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাই যুক্ত করেছেন।