দরপত্রের আগেই ১১২ কোটি টাকার কাজ
বরিশাল সিটি করপোরেশনে দরপত্র আহ্বানের আগেই ১১২ কোটি টাকার উন্নয়নকাজ শুরু হয়েছে। সাধারণ ঠিকাদারদের অভিযোগ, এসব কাজের অর্ধেকই মেয়রের ঘনিষ্ঠজনদের মাধ্যমে শেষ হওয়ার পথে। দরপত্র আহ্বান, দাখিল, বাছাই, ঠিকাদার নির্বাচনের পর কার্যাদেশ দেওয়ার নিয়ম থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান মো. নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাজ করানোর জন্যই দরপত্র আহ্বান করা হয়েছে। কিছু কাজ দরপত্র আহ্বানের আগে শুরু করতে হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশাল জেলা আহ্বায়ক মানবেন্দ্র বটব্যাল বলেন, উন্নয়নকাজের এমন প্রক্রিয়ায় দুর্নীতির সুযোগ আছে। এ কাজে স্বচ্ছতা নেই। প্রক্রিয়াটি শতভাগ অনৈতিক।জানা যায়, ২০ মে জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে বরিশাল সিটি করপোরেশনে ১৫২ গ্রুপের ঠিকাদারি কাজের দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের শিডিউল বিক্রির শেষ তারিখ ১৬ জুন এবং তা জমা দিতে হবে ১৭ জুনের মধ্যে। এ ব্যাপারে সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন প্রথম আলোকে বলেন, অনেক সময় জরুরি ভিত্তিতে কিছু কাজ করাতে হয়; তখন দরপত্রের অপেক্ষায় থাকা যায় না। সে রকম কিছু কাজ করানো হয়েছে। এর বাইরে দরপত্রের অন্যান্য গ্রুপের কাজে কোনো সমস্যা নেই। ঘনিষ্ঠজনদের কাজ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন মেয়র।জানা গেছে, শওকত হোসেন সিটি মেয়র নির্বাচিত হওয়ার পর তাঁর অনুসারী নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে এসব কাজ বণ্টন করেন। মেয়রের মৌখিক নির্দেশে কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদারেরা। এখন শুধু কাজের বিল পরিশোধ করতেই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, মহানগরের নূরিয়া স্কুল থেকে আমতলা মোড় পর্যন্ত সড়ক, সড়কের দুই পাশের নর্দমা এবং ফুটপাত নির্মাণের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৮৯ লাখ নয় হাজার ৩১১ টাকা। কাজটি গত বছর শুরু হয়ে তা বর্তমানে শেষের পথে। এ কাজের ঠিকাদার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সহিদুল আলম বলেন, ‘মেয়র বলেছেন; তাই নিজের টাকা দিয়ে কাজ করেছি।’ চলতি বছরের প্রথম দিকে মহানগরের হাসপাতাল সড়ক (জেলখানা মোড়) থেকে জেলখাল পর্যন্ত নর্দমা ও ফুটপাত নির্মাণের কাজ শুরু হয়। ৩২ লাখ টাকার প্রাক্কলিত ব্যয়ের এ কাজটি করছেন সিটি করপোরেশনের এক নম্বর প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদারের ভাই ঠিকাদার সিরাজুল আলম সিকদার। এ ব্যাপারে সিরাজুল আলম জানান, দুই মাস আগে কাজের অর্ধেক শেষ হলেও তিনি এ পর্যন্ত এক লাখ টাকার বিল পেয়েছেন।বিবিরপুকুরের পূর্বপাড় সৌন্দর্য বর্ধন কাজে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৫৪ লাখ টাকা। এ কাজের ঠিকাদার মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দরপত্র অনুযায়ী কাজটি পুরোপুরি শেষ হয়নি। নগর ভবনের সামনের প্রধান ফটক, সীমানাপ্রাচীর ও রাস্তা নির্মাণে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৬২ লাখ ২২৫ টাকা। কিন্তু ইতিমধ্যে এ কাজের বেশির ভাগই শেষ হয়েছে। কীর্তনখোলা নদীর তীরের ওয়াকওয়ের অসম্পূর্ণ কাজ শেষ করতে ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ ২৪ হাজার ৩০০ টাকা। এ কাজটি করছেন যুবলীগের কর্মী রবিন মৃধা। তিনি বলেন, ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে এ কাজের কোনো বিল তিনি পাননি। কীর্তনখোলা ফেরিঘাটে স্টল নির্মাণের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ছয় লাখ ৭৬ হাজার ৩৪০ টাকা। কাজটির ঠিকাদার মো. বাপ্পী জানান, তিনি ফেরিঘাট জামে মসজিদের সাধারণ সম্পাদক। মেয়র তাঁকেসহ পাঁচজনকে স্টল নির্মাণের কাজটি দিয়েছেন। ইতিমধ্যে ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২৫ নম্বর ওয়ার্ডের ডা. মমিন সড়কের বাকি অংশ পাকা করার কাজে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ৫০ হাজার টাকা। ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ জানান, ওই কাজের বেশির ভাগ ইতিমধ্যে শেষ হয়েছে।