দরপত্রের বাক্স ডিসি-এসপি অফিসে রাখার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃশ্যত অপ্রতিরোধ্য টেন্ডারবাজি মোকাবিলায় এবার থানায় টেন্ডার বাক্স রাখার পরামর্শ দিলেন খোদ পুলিশ-প্রধান। এ ছাড়া পুলিশ টেন্ডার-সন্ত্রাস বন্ধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা অথবা পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ এ কথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সম্প্রতি গৃহীত নিরাপত্তাব্যবস্থা নিয়ে পুলিশের উচ্চপর্যায়ের এক বৈঠকের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেন, ‘টেন্ডার-সন্ত্রাস দমনে আমরা টেন্ডার বাক্সগুলো জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দপ্তর এবং থানায় রাখার কথা বলেছিলাম। কিন্তু এটি সেখানে রাখা হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন যাঁরা টেন্ডার ডাকেন তাঁরা। তার পরও কোথাও টেন্ডার-সন্ত্রাস হলে পুলিশ তা প্রতিহত করবে। যদি ব্যর্থ হয়, তবে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা অথবা পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’পুলিশ সদর দপ্তরের সব অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, সিআইডি, এসবি ও র‌্যাবের প্রধান এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার ওই বৈঠক এবং এর পরের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আইজিপি আরও বলেন, উচ্চপর্যায়ের সভায় আসন্ন পয়লা বৈশাখের নিরাপত্তা, মেয়েদের উত্ত্যক্ত করা, টেন্ডার-সন্ত্রাস ও বাড়তি সতর্কতা নিয়ে আলোচনা করা হয়েছে। উত্ত্যক্ত করার সমস্যা মোকাবিলায় মেয়েদের স্কুলগুলোর সঙ্গে পুলিশের যৌথ উদ্যোগের পরিকল্পনা তুলে ধরেন নূর মোহাম্মদ। তিনি জানান, পয়লা বৈশাখে শুধু রমনা এলাকার নিরাপত্তায় র‌্যাব, সিআইডি ও এসবির সদস্য ছাড়াও পুলিশের সাড়ে ছয় হাজার সদস্য মোতায়েন করা হবে। র‌্যাব বিলুপ্ত করে বিশেষ বাহিনী গঠনের কথিত প্রস্তাবের ব্যাপারে এক প্রশ্নের জবাবে পুলিশের আইজি বলেন, পুলিশ সদর দপ্তর থেকে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। পুলিশ কর্মকর্তারা এ প্রস্তাবের বিষয়টি জানেনও না। স্বাধীনতাবিরোধী শক্তি নাশকতা চালাতে পারে বলে প্রধানমন্ত্রীর আশঙ্কা প্রসঙ্গে আইজিপি বলেন, একটি রাজনৈতিক দল জঙ্গিদের সঙ্গে মিশে হামলা চালাতে পারে বলে তাঁরা মনে করেন না। হজরত শাহজালাল (র.) বিমানবন্দরের বাড়তি নিরাপত্তার ব্যাপারে জানতে চাইলে আইজিপি বলেন, ‘পরশু রাতে এ ধরনের একটি খবরে নিরাপত্তা বাড়ানো হয়েছিল। এখন সে অবস্থা নেই।’ দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাশেম আলীর বিদেশে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে আইজিপি বলেন, ‘আমাদের পদ্ধতিগত অনেক দুর্বলতা আছে। তবে কারও গাফিলতির কারণে মীর কাশেম বিদেশে যেতে পেরেছেন কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।’