দরপত্রের শর্ত সংশোধন করলেন বিদায়ী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের প্রায় ২৪ কোটি টাকার ক্লোজ সার্কিট টেলিভিশনের (সিসিটিভি) সংখ্যা সম্প্রসারণের দরপত্রের ধরন ও কারিগরি শর্ত পাল্টানো হয়েছে। একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দিতে মাত্র দুই ঘণ্টার প্রাক-দরপত্র সভা করে নতুন এই সংশোধনী আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নৌবাহিনীতে বদলির আদেশ পাওয়া বন্দর সদস্য ক্যাপ্টেন এস আরিফ মাহমুদের সভাপতিত্বে ওই সভা হয়।বন্দর সূত্র জানায়, ২ ডিসেম্বর বন্দরের সভাকক্ষে বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত এই সভা হয়। সভায় নিরাপত্তা বিভাগের পরিচালকের বদলে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে একজন উপপরিচালক উপস্থিত ছিলেন। নিরাপত্তা বিভাগের পরিচালক তখন ছুটিতে দেশের বাইরে ছিলেন। নিয়ম অনুযায়ী, ভারপ্রাপ্ত পরিচালকের কোনো নীতিনির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।সূত্র জানায়, গত ১৫ নভেম্বর আরিফ মাহমুদকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ জারি হয়। এ আদেশ পাওয়ার ১৭ দিন পর ওই সভা হয়। বৈঠকের কার্যবিবরণীতে সভার সভাপতি ছাড়াও বন্দরের তিনজন এবং ২১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সই করেন। সংশোধনী অনুযায়ী আগামী ২০ জানুয়ারি দরপত্র জমা নেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়। আগে এই সময় ছিল ২০ ডিসেম্বর।বন্দরের সদ্য বিদায়ী সদস্য আরিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি এখন বন্দরে নেই। তাই এ বিষয়ে আমি কোনো মতামত দিতে পারব না।’তবে দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়ক বন্দরের সদস্য হাদী হোসেন বিস্ময় প্রকাশ করে বলেন, প্রাক-দরপত্র সভায় দরপত্রের মৌলিক বিষয় সংশোধনের সুযোগ নেই। শুধু দরপত্র জমা দেওয়ার সময় বাড়ানো এবং দরপত্র দলিলের কম গুরুত্বপূর্ণ বিষয় সংশোধনের সুযোগ আছে। তিনি জানান, এই সংশোধনীর সময় আন্তর্জাতিক নৌ সংস্থার একটি সেমিনারে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।জানা যায়, ওই সভায় অংশগ্রহণকারীদের কাছে পরে সভার যে কার্যবিবরণী পাঠানো হয়, তাতে দরপত্রের মূল বিষয় পরিবর্তন দেখে চমকে ওঠেন অনেকে। কারণ মূল দরপত্র দলিলে অ্যানালগ পদ্ধতির সিসিটিভি সরবরাহের কথা ছিল। কিন্তু সংশোধনীতে ‘আইপি বেইসড’ পদ্ধতির ক্যামেরা ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরবরাহের কথা উল্লেখ করা হয়। ওই বৈঠকে কেবল একটি প্রতিষ্ঠান এই পদ্ধতির ক্যামেরা ও যন্ত্রপাতি সরবরাহের প্রস্তাব দেয়। কিন্তু কার্যবিবরণীতে সর্বসম্মতভাবে ওই প্রস্তাব সিদ্ধান্ত হিসেবে গৃহীত হওয়ার কথা বলা হয়।মূল দরপত্র দলিল প্রণয়নকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেরামত সহজলভ্যতার কারণে অ্যানালগ পদ্ধতির ক্যামেরা নেওয়ার জন্য বলা হয়। এই পদ্ধতির কোনো ক্যামেরায় ত্রুটি ধরা পড়লেও একসঙ্গে সব ক্যামেরা অচল হয় না। আইপি বেইসড ক্যামেরা একবার অচল হলে মেরামত করতে দীর্ঘ সময় লেগে যাবে এবং সব ক্যামেরা একসঙ্গে বিকল হয়ে যাবে। বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে এক ঘণ্টা ক্যামেরা অচল থাকলে এই সুযোগে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে।সংশোধনীর নথিতে দেখা গেছে, সভার কার্যবিবরণীর ওপর ভিত্তি করে যে সংশোধনী আনা হয়, তাতে সই করেন বন্দরের ভারপ্রাপ্ত নিরাপত্তা পরিচালক লে. কমান্ডার এ এইচ হোসেন। তাঁর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। নিরাপত্তা পরিচালক লে. কর্নেল কামরুল ইসলাম বলেন, ‘আমি তখন ছুটিতে ছিলাম। তাই সংশোধনীর বিষয়ে কিছু বলতে পারব না।’ বন্দর সূত্র জানায়, দরপত্র দলিল প্রণয়ন করে বন্দরের পরিচালক (যান্ত্রিক) আবু ইসমাইলের নেতৃত্বে একটি কমিটি। মূল দলিল সংশোধন করা হলেও দলিল প্রণয়ন কমিটির আহ্বায়কের কোনো মতামত নেওয়া হয়নি। ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।