প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেন বলেছেন, দরিদ্র ও নারী-শিশুদের বিচারের সুযোগ বাড়ানো এবং কোনো ধরনের বিলম্ব ছাড়াই ন্যায়বিচার নিশ্চিতই বিভাগ বিচার বিভাগে লক্ষ্য। চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত সর্বোচ্চ আদালত, আদালত ও ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ২০ লাখ ৩২ হাজার ৪৬টি। এটি বিচার বিভাগের লক্ষ্য অর্জনে একটি বড় প্রতিবন্ধকতা। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত মামলা ব্যবস্থাপনা এবং আদালত প্রশাসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার-বিষয়ক এক জাতীয় কর্মশালায় প্রধান বিচারপতি এ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হোসেন শুরুতে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আধুনিক ব্যবস্থাপনায় কার্যকর ও অবিচ্ছেদ্য অংশ। বস্তুত তথ্যপ্রযুক্তি মানবজীবনের প্রতিটি পর্যায়ে কার্যকর গুণগত পরিবর্তন এনেছে। সীমিত বাজেট বরাদ্দ ও আইটি অবকাঠামো স্বল্পতা ও দক্ষ জনশক্তির অভাবে তথ্যপ্রযুক্তির সুবিধা বিচার বিভাগে এখনো পুরোপুরি প্রসারিত ও ব্যবহূত হয়নি। সুপ্রিম কোর্টে ও ঢাকায় কিছু কোর্টে নিজস্ব আইসিটি নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে।প্রধান বিচারপতি বলেন, আজকের চর্চার লক্ষ্য মানসম্পন্ন তথ্যপ্রযুক্তি সংযোজন বিচারব্যবস্থায় গুণগত ও সংখ্যাগত সক্ষমতা বাড়াবে। আমাদের প্রত্যাশা বিচার পাওয়ার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আরও সহজলভ্যতা, সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে জুডিশিয়াল স্ট্রেংদেনিং প্রকল্পের পক্ষ থেকে দুই দিনের এ কর্মশালার আয়োজন করা হয়। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার এস এম কুদ্দুস জামানের পরিচালনায় সূচনা পর্বে আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিজনার বক্তব্য দেন। কর্মশালায় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন। দ্বিতীয় দিনে আজ ঢাকা, রাঙামাটি ও কিশোরগঞ্জ জেলার বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা।