মাধ্যমিক থেকে ডিগ্রি পর্যন্ত গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ তৈরি করার লক্ষ্যে ট্রাস্ট ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের সহায়তা ছাড়াও ফান্ড গঠনের লক্ষ্য শিক্ষা কার্যক্রমে সরকারি ও বেসরকারি উদ্যোগের সঙ্গে বিত্তবানদের সম্পৃক্ত করা। এ ছাড়া প্রবাসীদের অনুদান, লটারির অর্থ এবং বিদেশি দাতা সংস্থার কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়া হবে। এ লক্ষ্যে গঠিত কমিটি ইতিমধ্যে খসড়া নীতমালা তৈরি করেছে।সরকারের পরিসংখ্যান বলছে, ষষ্ঠ থেকে ডিগ্রি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক কোটি তিন লাখ। দরিদ্র ও মেধাবী হিসেবে যদি ১০ শতাংশ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হয় তাহলে বছরে প্রয়োজন ৪৫৫ কোটি টাকা। এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সম্প্রতি প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশ অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও বিত্তবানদের অর্থে এই ফান্ড গঠন করা হবে। এর মাধ্যমে সব স্তরের দরিদ্র শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ানো এবং বৃত্তি দেওয়ার সুযোগ তৈরি হবে। ট্রাস্ট ফান্ড পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রী ও সচিবকে সম্পৃক্ত করে বোর্ড অব ট্রাস্টিজ গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ট্রাস্ট ফান্ডের সাচিবিক দায়িত্ব পালন করবে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, ভবিষ্যতে সব স্তরের শিক্ষার্থীরা যাতে বিনা বেতনে পড়ার সুযোগ পায় সে উদ্দেশ্যকে সামনে রেখে ট্রাস্ট ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাস্ট ফান্ডের নীতিমালা কী হবে, অর্থ কোথা থেকে পাওয়া যাবে এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।