দরিদ্র জনগোষ্ঠী নানা বৈষম্যের শিকার হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র জনগোষ্ঠী ও প্রধান বিরোধী দলের নেতা-কর্মীরা নানা বৈষম্যের শিকার হন বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদা প্রতিষ্ঠায় বৈষম্য নিরোধ আইনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন মিজানুর রহমান। বেসরকারি সংস্থা ফেয়ার ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ যৌথভাবে ওই সেমিনারের আয়োজন করে। এতে সহায়তা করে মানুষের জন্য ফাউন্ডেশন নামের আরেকটি বেসরকারি সংস্থা।মিজানুর রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠী প্রায়ই বৈষম্যের শিকার হয়। আর কেউ প্রধান বিরোধী দলে থাকলে তাঁরাও নানা বৈষম্যের শিকার হন। ৭৫-এর পর থেকে বিরোধী দলের লোকজনের বৈষম্যের শিকার হওয়ার সংস্কৃতি শুরু হয়েছে বলে তিনি মন্তব্য করেন।প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদা প্রতিষ্ঠায় আলাদা আইন করার ওপর গুরুত্বারোপ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘পৃথক আইনের অপরিহার্যতা সুস্পষ্টভাবে প্রমাণিত। তবে সে আইনের চরিত্র হতে হবে ফৌজদারি, যাতে যেকোনো বৈষম্য অপরাধ বলে বিবেচিত হবে।’যে-কেউ রাজনৈতিক, অর্থনৈতিক বা পেশিশক্তির কারণে বিশেষত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বৈষম্যের শিকার হলে তাত্ক্ষণিকভাবে মানবাধিকার কমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন কমিশনের চেয়ারম্যান।মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদা প্রতিষ্ঠায় আইন প্রণয়নের পাশাপাশি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। শিক্ষার প্রাথমিক স্তর থেকে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন তিনি।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পরিচালক (অনারারি) সারা হোসেন। তিনি তাঁর প্রবন্ধে দলিত নারী, আদিবাসী, প্রতিবন্ধী, যৌন সংখ্যালঘু, লিঙ্গভিত্তিক বৈষম্যের বিভিন্ন দিক তুলে ধরেন। সেই সঙ্গে বৈষম্যকে সহজে চিহ্নিত করার পরিবেশ তৈরি করা এবং আলাদা একটি আইন করার সুপারিশ করেন তিনি।সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেজবাহ কামাল, শেখ হাফিজুর রহমান, শান্তনু মজুমদার, আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি মুকুল সিকদার, মহিলা প্রতিবন্ধী পরিষদের সাবেক সভাপতি উম্মে কুলকুম, সেক্স নেটওয়ার্কারস নেটওয়ার্কের সভাপতি জয়া সিকদার প্রমুখ বক্তব্য দেন।