দরিদ্র দম্পতির কাছে চাঁদা দাবি, পুলিশের দুই কর্মকর্তা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ী দম্পতির কাছে চাঁদা দাবির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার পুলিশের দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এই দুজন হলেন উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জয় কুমার শীল। গত মঙ্গলবার তাঁদের প্রত্যাহারের পর তেজগাঁও উপকমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।ক্ষুদ্র ব্যবসায়ী আলমগীর হোসেন ও মোছাম্মৎ আইভি দম্পতির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। ওই দম্পতির অভিযোগ, ছাত্রলীগের এক কর্মীকে চাঁদা না দেওয়ায় যুবলীগের স্থানীয় এক নেতা পুলিশের দুই কর্মকর্তাকে দিয়ে তাঁদের হয়রানি করিয়েছেন। ওই দুই কর্মকর্তা তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন।পুলিশের দুই কর্মকর্তার প্রত্যাহার ঠেকাতে যুবলীগের ওই নেতা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে ফোনও করেছিলেন।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার দুই কর্মকর্তাকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্তে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, যুবলীগের নেতার সঙ্গে যোগসাজশের অভিযোগ খতিয়ে দেখা হবে।আলমগীর-আইভি দম্পতি বলেন, আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ের ২ নম্বর ফটকের সামনে তাঁদের চায়ের দোকান এবং এর পাশে রিকশা-ভ্যানের গ্যারেজ আছে। বেশ কয়েক মাস ধরে ৪১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শওকতের পক্ষের ছাত্রলীগের কর্মী ওসমান গনি ওরফে কাল্লু সোহেল তাঁদের কাছে মাসে তিন হাজার টাকা চাঁদা দাবি করছিলেন। চলতি মাসের শুরুর দিকে বিষয়টি পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে জানালে তিনি শওকতকে সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে শওকত তাঁদের দেখে নেওয়ার হুমকি দেন।ওই দম্পতি আরও বলেন, ১১ জুন সকাল সাতটার দিকে দুই যুবক মেরামত করানোর জন্য দুটি রিকশাভ্যান তাঁদের গ্যারেজের সামনে রেখে যান। তাঁরা বিকেলে ভ্যানগুলো নিয়ে যাবেন বলেছিলেন। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে শেরেবাংলা নগর থানার এসআই মফিজুল ও এএসআই সঞ্জয় গ্যারেজে এসে বলেন, ওই ভ্যান দুটি চোরাই। তাঁরা চোরাই ভ্যান কেনার অভিযোগে আলমগীরকে থানায় নিয়ে যেতে উদ্যত হন। পাশের গ্যারেজের মালিক সাহাবুদ্দিন এসে আলমগীরকে ছাড়িয়ে নেন। পরে পুলিশের দুই কর্মকর্তা মালিকের কাছে ভ্যান বুঝিয়ে দিতে বলে চলে যান। ভ্যান মেরামত করতে দেওয়া দুই যুবক আর আসেননি। ওই দিনই মিরপুর পুলিশ লাইনসের লোকজন এসে ভ্যান দুটি নিয়ে যান। ঘটনার মীমাংসা করা হয়েছে জানিয়ে সেদিনই মফিজুল ও সঞ্জয় প্রথমে ১০ হাজার টাকা ও পরে ৫০ হাজার টাকা দাবি করেন।আলমগীর ও আইভি বলেন, টাকা না দেওয়ায় মফিজুল ও সঞ্জয় মঙ্গলবার (১৮ জুন) বিকেলে গ্যারেজে এসে আলমগীরের শার্টের কলার চেপে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেন। একপর্যায়ে তাঁকে ছেড়ে দিয়ে সাহাবুদ্দিনকে থানায় নিয়ে যান। পরে একজনের পরামর্শে তাঁরা ডিসি কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ করলে পুলিশের ওই দুই কর্মকর্তা ও সাহাবুদ্দিনকে ডেকে আনা হয়।সাহাবুদ্দিন বলেন, তাঁকে থানায় নিয়ে ওই দম্পতির বিরুদ্ধে ভ্যান চুরির মামলা করার জন্য চাপ দিয়েছিলেন মফিজুল। মঙ্গলবার রাতে ডিসি কার্যালয়ে গেলে সঞ্জয়কে অভিযোগকারী আইভির কাছে ক্ষমা চাইতে দেখা যায়।অভিযোগ সম্পর্কে শওকত বলেন, ‘ছাত্রলীগ নামধারী কাল্লু সোহেল চাঁদা চেয়েছে। সে আমার কথা শোনে না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসআই মফিজুল সাহায্য চাওয়ায় এক পুলিশ কর্মকর্তাকে ফোন করেছিলাম।’ আর কাল্লু সোহেল বলেন, ‘চাঁদাবাজির বিষয়ে শওকত ও আলমগীর জানে। ভালো হয়, আপনি একটা রিপোর্ট কইরা দেন।’সঞ্জয় জানান, ওই ভ্যান দুটি মিরপুর পুলিশ লাইনসের ভেতরে খাবার আনা-নেওয়ায় ব্যবহূত হয়। ভ্যান চুরির বিষয়ে পুলিশ লাইনস থেকে ফোন পেয়ে মফিজুল ও তিনি তদন্ত করতে গিয়েছিলেন। তিনি বলেন, ‘ওই দম্পতির কাছে ক্ষতিপূরণের টাকা চেয়েছি।’মিরপুর পুলিশ লাইনসের হাবিলদার আবুল কালাম বলেন, ‘জিজ্ঞাসাবাদে পুলিশ লাইনসের মেসের কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী আগারগাঁওয়ে গিয়ে ভ্যান দুটি পাই। ১১ জুন দুপুরে সঞ্জয়কে ফোন করলে তিনি মফিজুলসহ গ্যারেজে যান।’অভিযোগের বিষয়ে মফিজুল বলেন, ‘সত্যটা লিখবেন।’ সত্যটা কী জানতে চাইলে তিনি বলেন, ‘সাক্ষাতে বলব।’