দরিদ্র মানুষের জন্য চক্ষুসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসাপারের মানুষ আরশাদ হোসেন। স্ত্রী দুলি আর চার সন্তান নিয়ে টানাটানির সংসার ছিল। অন্যের চিংড়িঘেরে দিনমজুরের কাজ করতেন। চোখে সমস্যা দেখা দিলে চিকিৎসকেরা বলেছিলেন, লোনা পানিতে দীর্ঘদিন কাজ করার কারণে দৃষ্টিশক্তি কমে আসছে। চারদিকে অন্ধকার দেখেন দুলি। স্বামী আরশাদকে নিয়ে আসেন রাজধানীতে। সঙ্গে ছেলেমেয়ে। ঢাকায় শ্যামপুরের পালপাড়া বস্তিতে নতুন ঠিকানা হয় আরশাদ-দুলির। আরশাদ হয়ে যান রিকশাচালক। কিন্তু বছর খানেক পার হতেই আরশাদের দুই চোখে নেমে আসে সত্যিকারের অন্ধকার। ঠিকমতো হাতে থাকতে চায় না রিকশার হাতল। ভয় হয়, যদি হঠাৎ দুর্ঘটনায় জীবন থেমে যায়! পাড়ার ওষুধের দোকানের চিকিৎসক আরশাদকে বলে দিয়েছিলেন, ওষুধে আর চোখ ভালো হবে না। দুই চোখে ছানি। অস্ত্রোপচার করতে হবে। টাকা লাগবে চার-পাঁচ হাজার। তবে ওই টাকা জোগাড় করা তাঁদের পক্ষে সম্ভব নয়। দুলিকে এক দিন তাঁর প্রতিবেশী জানান, বস্তির কাছেই চক্ষুশিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে বিনা মূল্যেই ছানি অস্ত্রোপচার করা হবে। দুলি আরশাদকে নিয়ে যান চক্ষুশিবিরে। ঢাকা আরবান কম্প্রিহেনসিভ আই কেয়ার প্রকল্প এ শিবিরের আয়োজন করেছিল। সেখানকার চিকিৎসক আরশাদের চোখ পরীক্ষা করে বলেছিলেন, অস্ত্রোপচার করে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব। পরামর্শ দেন হাটখোলার সালাউদ্দিন বিশেষায়িত হাসপাতালে যাওয়ার। আরশাদ সেখানে যান। প্রথমে বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়। ২৮ দিন পরে ডান চোখ। প্রথম আলোকে ওই বস্তিবাসী দম্পতি জানান, কোনো অর্থ ব্যয় করতে হয়নি তাঁদের। মোহাম্মদপুর বাঁশবাড়ী বস্তির আবুল হোসেন ও তাঁর স্ত্রী জয়নাব, সবজিবিক্রেতা শেফালি—এঁদের চোখে অস্ত্রোপচারে কোনো অর্থ ব্যয় করতে হয়নি। একাধিক চিকিৎসক বলেছেন, দরিদ্র মানুষের চোখের চিকিৎসায় বিশেষ ভূমিকা রাখছে এ চক্ষুসেবা প্রকল্প।খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি-বেসরকারি ৭২টি প্রতিষ্ঠান এ প্রকল্পের সঙ্গে যুক্ত। এসব প্রতিষ্ঠানের সহায়তায় প্রতি মাসে ঢাকা শহরে চক্ষুশিবিরের আয়োজন করা হয়। শিবির আয়োজনের আগে এলাকায় মাইকে প্রচার করা হয়। বিভিন্ন বাস টার্মিনাল ও জনবহুল স্থানে এসব শিবিরের আয়োজন করা হয়। শিবিরে আসা মানুষকে তাৎক্ষণিক চিকিৎসার মাধ্যমে ওষুধ ও চশমা দেওয়া হয়। যাদের অস্ত্রোপচারের দরকার হয়, তাদের ইসলামিয়া ইস্পাহানি চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, বিএনএসবি (বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি) ঢাকা চক্ষু হাসপাতাল, সালাউদ্দিন বিশেষায়িত হাসপাতাল ও আদ-দ্বীন হাসপাতালে পাঠানো হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সাইটসেভার্স এ প্রকল্পে অর্থায়ন করে। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ নূরুল হক প্রথম আলোকে বলেন, ভাসমান মানুষ, রিকশাচালক, বস্তিবাসী সহজে চিকিৎসকের কাছে যেতে চায় না। এ ক্ষেত্রে অর্থ একটি বড় বাধা। মানুষের সাহসেরও ঘাটতি থাকে। অনেকে জানে না কোথায় যেতে হবে। প্রকল্পটি এসব মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার চায় ২০২০ সালের মধ্যে দেশ থেকে প্রতিরোধযোগ্য দৃষ্টিপ্রতিবন্ধিতা দূর করতে। সরকারের লক্ষ্য অর্জনেও এ প্রকল্প ভূমিকা রাখছে। প্রকল্প ব্যবস্থাপক ও ইসলামিয়া ইস্পাহানি চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, প্রকল্পের যোগসূত্রে প্রতি মাসে এ চারটি হাসপাতালে ২৫০ থেকে ৩০০ রোগীর চোখে অস্ত্রোপচার করা হয়। এ পর্যন্ত ৪৫ হাজার দরিদ্র মানুষের চোখের ছানি অপসারণ করা হয়েছে। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালেও বিনা মূল্যে চোখের ছানি অপসারণ করা হয়। তবে রোগীকে ওষুধ ও আনুষঙ্গিক সামগ্রী কিনতে হয়। এতে খরচ পড়ে এক থেকে দেড় হাজার টাকা। তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় ইসলামিয়া ইস্পাহানি চক্ষু হাসপাতালে অস্ত্রোপচার হয়।প্রকল্প সমন্বয়কারী নুরুন নবী বলেন, ‘চোখের আলো ফিরে পাই, কাজ করে ভাত খাই’ এ স্লোগান সামনে রেখে ২০০৮ সালে এ প্রকল্পের কাজ শুরু হয়। ঢাকা মহানগরের ভিক্ষুক, জাকাত গ্রহীতা, পথশিশু, গৃহহীন, দরিদ্র প্রতিবন্ধী, গৃহপরিচারিকা, দরিদ্র শিশুরা এ প্রকল্প থেকে চোখের চিকিৎসা পায়। তিনি বলেন, এ শহরে বিনা মূল্যে চিকিৎসাসেবা আছে এ তথ্য অনেকেরই জানা নেই। রাজধানীর শনির আখড়ার রহিমা বেগম গত সপ্তাহে ইস্পাহানি চক্ষু হাসপাতালে ছানি অপসারণ করান। ৮ অক্টোবর হাসপাতালে তাঁর সঙ্গে কথা হয়। তিনি এসেছিলেন চিকিৎসক দেখাতে, পরামর্শ নিতে। রহিমা অন্যের বাসায় ঠিকা ঝিয়ের কাজ করেন। মাস তিনেক ধরে তাঁর চোখে সমস্যা হচ্ছিল। তিনি প্রথম আলোকে বলেন, একদিন কাজ শেষে বাসায় ফিরে শুনতে পান মাইকে ঘোষণা দিচ্ছে বিনা মূল্য চক্ষুসেবার। পরদিন সকালে এনজিও মেরী স্টোপস চক্ষুশিবিরের আয়োজন করেছিল। ওই শিবির থেকেই তাকে ইস্পাহানি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছিল। রহিমা বলেন, ‘চোখে না দেখলে কাম করমু কেমনে। তয় আমি চোখ দেখাইয়া এহন সব দেখতে পাইতাছি।’