দরিদ্র মানুষের জন্য রেশন চালু করা হবে: মতিয়া চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশের দরিদ্র মানুষের কষ্ট ও দুর্ভোগ লাঘব করতে সরকার শিগগির স্বল্প পরিসরে রেশন চালু করতে যাচ্ছে।আজ শুক্রবার দুপুরে শেরপুরের নকলা উপজেলায় গরিব ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্যে মতিয়া চৌধুরী এ কথা বলেন।মতিয়া চৌধুরী বলেন, দেশের দরিদ্র মানুষ এখন কাজের মাধ্যমে টাকা উপার্জন করতে পারছে। তা সত্ত্বেও সরকার দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চালের দাম যাতে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে লক্ষ্যে ধান উত্পাদন বাড়াতে সরকার তিন দফা সারের দাম কমিয়েছে।মতিয়া চৌধুরী আরও বলেন, ‘যে নেতা বাড়ির জন্য কাঁদে, দেশের জনগণের জন্য কাঁদে না, তাকে দিয়ে জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।’ এ সময় স্থানীয় জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হানিফ উদ্দিন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান লিটনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানেরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, কৃষিমন্ত্রী নকলা পৌরসভাসহ নয়টি ইউনিয়নের ৫০০ গরিব ও দুস্থ মানুষের মাঝে সৌদি বাদশার দেওয়া কম্বল বিতরণ করেন।—বাসস।