দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়ন করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের আহ্বান: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র-অসহায় মানুষের ভাগ্যোন্নয়ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের। আজ রোববার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স প্রাঙ্গণে দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়নে গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণকালে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু সব সময় দরিদ্র-অসহায় মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে গেছেন। তাদের অর্থনৈতিক মুক্তি অর্জন করা ছিল তাঁর একমাত্র লক্ষ্য। বঙ্গবন্ধুর সেই লক্ষ্য বাস্তবায়নে তাঁর সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী ‘একটি বাড়ি একটি খামার’ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, সরকারের নেওয়া সামাজিক প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের দরিদ্র সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব হবে। আর তাহলেই পূরণ হবে জাতির জনকের সুখী, সমৃদ্ধশালী, দারিদ্র্য ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন। তিনি এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।প্রধানমন্ত্রী ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প এবং সমবায়ের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের উত্পাদিত পণ্য বাজারজাতকরণের পরামর্শ দেন।অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশিক্ষণপ্রাপ্ত ৮০ জনকে সনদপত্র, সেলাই মেশিন ও কাপড় বিতরণ করা হয়। এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর পাশে ছিলেন ছোট বোন শেখ রেহানা।