এনটিভির এফএনএফ ধারাবাহিক নাটকের আজ ৫০তম পর্ব দেখানো হবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রেদোয়ান রনি। অভিনয় করছেন আবুল হায়াত। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?খুব ব্যস্ত। দরিদ্র মেধাবীদের নিয়ে একটা অনুষ্ঠান তৈরি করছি, মেধাবী দেশের মুখ। এখন তার সম্পাদনার কাজ হচ্ছে।অনুষ্ঠানটি প্রসঙ্গে কিছু বলুন?দারুণ একটি কাজ হয়েছে। কাজ করতে গিয়ে মনে হলো, গুরুত্বপূর্ণ কিছু একটা করছি। গত এক মাস এ অনুষ্ঠানের জন্য আমরা বাংলাদেশের ২৬টি জেলায় ঘুরেছি। সেখানকার অনেক মেধাবী এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি। এ এক নতুন অভিজ্ঞতা। সম্ভবত আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে অনুষ্ঠানটি দর্শকদের সামনে নিয়ে আসতে পারব।‘এফএনএফ’ নাটকে কাজ করতে কেমন লাগছে?এই দলটির সঙ্গে আমি আরেকটি ধারাবাহিকে কাজ করেছিলাম। এবার করছি এফএনএফ। নতুন কোনো অভিজ্ঞতা হয়নি। এদের সবার কাজ আমার কাছে একই রকম মনে হয়। কোনো বৈচিত্র্য খুঁজে পাই না। বলতে পারেন, করার জন্যই করা। তবে যখন যে কাজটাই করি, তখন তা উপভোগ করার চেষ্টা করি।‘মানুষ বদল’ ধারাবাহিকে লেখক আবার নিজের বাসায় ফিরে এসেছেন। সামনে কী হবে?নাটকটিতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। শেষ দিকে এসে দুজনই মুখোমুখি হবে। তারপর কী হবে, সেটা এখনই বলতে চাইছি না। এই নাটকে অভিনয়ের জন্য আমি বেশ প্রশংসা পেয়েছি। নাটকটি আমার অভিনয়জীবনে বিশাল একটা মাইলফলক হয়ে থাকবে। শুনেছি, পলান সরকারের জীবন নিয়ে একটি নাটকে আপনি অভিনয় করবেন?হ্যাঁ, আগামী সপ্তাহ থেকে নাটকটির শুটিং শুরু হবে।ঈদে কয়টি নাটক পরিচালনা করছেন?এবার ঈদে দুটি নাটকে কাজ করব। একটি আমার নিজের লেখা, ক্যানসার এবং অন্যটি শুভাশীষ সিনহার অপদার্থ। পরেরটিও হেনরির গল্প অবলম্বনে।আপনি তো আবার মিসির আলীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন?হুমায়ূন আহমেদের ‘মিসির আলী’ চরিত্রে অভিনয় করার পর এখনো অনেকে আমাকে ওই নামেই ডাকে। জানি না, এবার কতটুকু আগের মতো করতে পারব। তবে চেষ্টা থাকবে। বিনোদন প্রতিবেদক