দরিদ্রদের খাদ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা চাইবে মানবাধিকার কমিশন
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, মানবাধিকার কমিশন দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যের নিশ্চয়তার জন্য সরকারের কাছে খাদ্য নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব করবে। একই সঙ্গে তাদের চাকরির নিশ্চয়তার জন্য কর্মসংস্থানের নিশ্চয়তা আইন প্রণয়নের ও প্রস্তাব রাখবে কমিশন। আজ সোমবার সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের দলিত জনগোষ্ঠী: জীবন ও সংগ্রাম’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) সংস্থাটি এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বলেন, দলিত জনগোষ্ঠীকে সমাজের অগ্রসর মানুষের পাশাপাশি ওঠে আসার জন্য শিক্ষা, স্বাস্থ্য ও চাকরির সুযোগ সুবিধা দিতে হবে। ধর্মের ভিত্তিতে কোনে বৈষম্য সৃষ্টি করা উচিত নয়। প্রাবন্ধিক-কলাম লেখক সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে আরডিসির সাধারণ সম্পাদক অধ্যাপক মেজবাহ কামাল সভায় মূল প্রবন্ধ পাঠ করেন।