দরিদ্রদের জন্য সরকারের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সারা দেশে দরিদ্রদের জন্য ‘ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প’ নামে একটি কার্যক্রম শুরু করেছে। গ্রামে গ্রামে সমিতিভিত্তিক এই প্রকল্পে দরিদ্র জনগোষ্ঠী প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা দেবে। সরকার সমপরিমাণ অর্থ দেবে ‘উৎসাহ সঞ্চয় অনুদান’ হিসেবে।এ ছাড়া, সরকার প্রতিটি সমিতিকে দেড় লাখ করে টাকা দেবে ঘূর্ণমান তহবিল হিসেবে। এই তিনটি উৎস থেকে যে অর্থ সমিতিতে জমা হবে, তা থেকে সদস্যরা ঋণ নিয়ে আয়বর্ধক কার্যক্রম করবেন। ২০১৫ সালের মধ্যে দেশের দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে সারা দেশে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।প্রকল্পের অর্থ ব্যবস্থাপনাসহ যাবতীয় ব্যাংকিং কার্যক্রমের জন্য একটি নতুন ব্যাংক করারও উদ্যোগ নেওয়া হয়েছে।আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় এক সভায় এই ব্যাংক তৈরি এবং প্রকল্প সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।প্রকল্পটি পরিচালিত হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের তত্ত্বাবধানে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ওই বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, প্রকল্পটির মূল লক্ষ্য দারিদ্র্য বিমোচন কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়া এবং এ কাজে সরকারের অংশগ্রহণ বাড়ানো।নতুন ব্যাংক করার উদ্যোগ প্রসঙ্গে সচিব বলেন, এনজিওগুলোকে সহায়তা দেওয়ার জন্য পিকেএসএফ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এনজিও ফাউন্ডেশন প্রভৃতি সংস্থা রয়েছে। কিন্তু সমবায় সমিতিগুলোকে সহায়তা দেওয়ার মতো কোনো সংস্থা নেই। অথচ দেশে বিদ্যমান সমবায় সমিতির সংখ্যা এক লাখ ৭০ হাজার। আরও নতুন নতুন সমিতি হচ্ছে। এগুলোর জন্য একটি বিশেষায়িত ব্যাংক হওয়া দরকার। সমবায় ব্যাংক নামে একটি ব্যাংক দেশে থাকলেও সেটি দিয়ে এ কাজ হবে না।মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প ‘একটি বাড়ি একটি খামার’-এর উপাদানগুলো পরিবর্তন করে ওই নামেই নতুন প্রকল্পটি চালু করা হয়েছে। আগের মতো গরু-ছাগল দেওয়ার পরিবর্তে প্রকল্পের বর্তমান উপাদানগুলো হচ্ছে গ্রামভিত্তিক সমবায় সমিতি করা; প্রতিটি সমিতিতে ৬০ জন করে দরিদ্র উপকারভোগী ও পাঁচজন করে স্বেচ্ছাসেবী নির্বাচন (সমিতিই এগুলো করবে) এবং ক্ষুদ্র সঞ্চয়।প্রতিটি সমিতির দরিদ্র সদস্যরা প্রতি মাসে সর্বোচ্চ ২০০ টাকা করে সঞ্চয় করতে পারবেন। এর সঙ্গে সরকারও ২০০ টাকা করে দেবে। এ ছাড়া, সরকার প্রতিটি সমিতিকে দেড় লাখ টাকা দেবে ঘূর্ণায়মান তহবিল হিসেবে। সমিতির সঞ্চয় ও সরকারের দেওয়া অর্থে গড়ে ওঠা তহবিল থেকে দরিদ্র সদস্যরা ঋণ নিতে পারবেন। সুদের হার হবে সর্বোচ্চ ৮ শতাংশ।এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলার চারটি করে ইউনিয়নে প্রকল্পের কাজ শুরুর লক্ষ্য নিয়ে গত অর্থবছরে (২০১১-১২) মাঠপর্যায়ে প্রকল্পটি চালু করা হয়। সেই লক্ষ্য অনুযায়ী গত আগস্ট মাস পর্যন্ত গ্রাম সংগঠন সৃষ্টি হয়েছে ১৭ হাজার ৩০০। এসব সংগঠনে সংযুক্ত মোট উপকারভোগী পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৮ হাজার। তাঁদের সঞ্চয় জমা হয়েছে ১৫৫ কোটি টাকা। এর সঙ্গে সরকার দিয়েছে ১৫৫ কোটি এবং ঘূর্ণায়মান তহবিল হিসেবে দিয়েছে ২৩৮ কোটি টাকা। এই মোট ৫৪৮ কোটি টাকাই সদস্যরা নানা আয়বর্ধক জীবিকায়ন প্রকল্পে ব্যবহার করবেন ঘূর্ণায়মান তহবিল হিসেবে। অর্থাৎ ঋণ নিয়ে পুনরায় কিস্তিতে সমিতির তহবিলে জমা দেবেন।