দরিদ্র জনগোষ্ঠীকে ন্যায়বিচার প্রদানের লক্ষ্যে সরকার আইনগত সহায়তা প্রদান-সংক্রান্ত আইন, নীতিমালা ও প্রবিধানমালা প্রণয়ন করেছে। এ বিধানসমূহ আজ পর্যন্ত আশানুরূপ ফল প্রদান করতে পারেনি। এর কারণ অনুসন্ধানে সরকার ২০০৩ সালের ডিসেম্বরে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সদস্যদের কাছ থেকে মতামত গ্রহণ করে। এতে বিভিন্ন ত্রুটিবিচ্যুতি বের হয়ে আসে। এর মধ্যে অসচ্ছল জনগোষ্ঠীর মধ্যে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সম্পর্কে সচেতনতার অভাব, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা প্রদান-সংক্রান্ত কমিটি না থাকা অন্যতম। এ মতামতে উল্লেখ করা হয়, যাদের জন্য আইনগত সহায়তা কার্যক্রম, সেই দরিদ্র জনগোষ্ঠীই এ ধরনের সহায়তা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তাদের সচেতনতা বৃদ্ধির জন্য কোনো কার্যক্রম নেই। আইনগত সহায়তা প্রদান আইনের ১২ ধারায় জাতীয় আইনগত সহায়তা সংস্থাকে সরকারের পূর্বানুমতিক্রমে গেজেট দ্বারা প্রতিটি উপজেলায় ও ইউনিয়নে একজন চেয়ারম্যান ও ১৪ জন সদস্য নিয়ে সংস্থার কমিটি গঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে। আজ পর্যন্ত এ কমিটিসমূহ গঠন না করায় অসচ্ছল বিচারপ্রার্থীকে জেলা শহর পর্যন্ত গিয়ে জেলা কমিটির কাছে আবেদন করতে হচ্ছে। মানিকগঞ্জ জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির ফান্ডে বর্তমানে চার লাখ টাকা থাকলেও পর্যাপ্তসংখ্যক আবেদনকারী না থাকায় এ টাকা প্রতিবছরই অব্যবহূত থেকে যাচ্ছে। জনসচেতনতার অভাবে আইনগত সহায়তা প্রদান আইন কার্যকর হওয়ার পর বিগত ১০ বছরে এ-সম্পর্কিত মানিকগঞ্জ জেলা কমিটির মাধ্যমে আইনগত সহায়তা লাভ করেছে মাত্র ৮৪৫ জন। শুধু মানিকগঞ্জে নয়, সারা দেশেই এ চিত্র। সাধারণত পেশাগত বাধানিষেধের কারণে কমিটির সভাপতিরা ব্যাপক হারে গণমুখী কার্যক্রম গ্রহণ করতে পারেন না। আইনগত সহায়তা প্রদান-সংক্রান্ত বিধিবিধান পর্যালোচনা করলে এ সমস্যার সমাধান বের করা সম্ভব বলে মনে করি। আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০-এর ১০ ধারায় বলা হয়েছে: ‘জেলা পর্যায়ে আইনগত সহায়তা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করা; আইনগত সহায়তা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে জেলা পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; উপরিউক্ত দায়িত্ব ও কার্যাবলি সম্পাদনের জন্য প্রয়োজনীয় যেকোনো কাজ করা।’ এ আইনের উদ্দেশ্য সাধনের লক্ষ্যে আইনগত সহায়তা প্রদান প্রবিধানমালা, ২০০১-এর ৭(৩) ধারায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কর্তৃক জেলা কমিটির অনুকূলে বরাদ্দকৃত অর্থের পাঁচ শতাংশ প্রচার-প্রচারণাসহ সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম আয়োজনের জন্য ব্যয়ের বিধান রাখা হয়েছে। ব্যাপক হারে গণমুখী কার্যক্রম গ্রহণ করে এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির ওপর কোনো আইনগত বাধানিষেধ নেই। কিন্তু এ ধরনের উদ্যোগ সাধারণত দেখা যায় না।এ ক্ষেত্রে মানিকগঞ্জ জেলা আইনগত সহায়তা কমিটির কার্যক্রম অনুসরণ করা যেতে পারে। এই কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল হুদার সভাপতিত্বে ২৮ এপ্রিল জজশিপ ও ম্যাজিস্ট্রেট আদালতের সব বিচারক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, আনসার-ভিডিপি কর্মকর্তা, সব উপজেলার ইউএনও, সমাজসেবা, মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা ও সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে ‘আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করণীয় নির্ধারণ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আইনগত সহায়তা প্রদান কার্যক্রমকে গতিশীল করতে স্থানীয় পর্যায়ের সরকারি প্রশাসনযন্ত্রকে কাজে লাগানোর পদ্ধতি বের করা হয়। প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর এলাকাধীন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সমন্বয়ে উপজেলা পরিষদের মাসিক সভায় আইনগত সহায়তা প্রদান কার্যক্রমসংক্রান্ত একটি এজেন্ডা রাখবেন। প্রতিটি ইউনিয়ন পরিষদের মাসিক সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সম্পর্কে ইউপি সদস্যদের সঙ্গে আলোচনা করবেন এবং ইউপি সদস্য, কমিউনিটি পুলিশ, গ্রামপুলিশ তাঁদের নিজ নিজ এলাকার মসজিদ, মন্দির, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ-সংক্রান্ত প্রচারণা চালাবেন। আইনগত সহায়তা পাওয়ার আবেদন ফরম ইউনিয়ন ও উপজেলা পরিষদ এবং উপজেলার সমাজসেবা, মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তার অফিস এবং থানায় পাওয়া যাবে। প্রতি মাসে প্রতিটি ইউনিয়নে আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের প্রচারণাসংক্রান্ত প্রতিবেদন ও প্রাপ্ত আবেদনপত্র ইউপি চেয়ারম্যানরা পরবর্তী মাসের প্রথম সপ্তাহে নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর পাঠাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রতিটি ইউনিয়ন থেকে পাওয়া প্রতিবেদন ও উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তারা আইনগত সহায়তা কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সমন্বয় করে প্রতি মাসের তৃতীয় সপ্তাহে জেলা কমিটির কাছে প্রাপ্ত আবেদনপত্রসহ প্রতিবেদন পাঠাবেন। প্রতি মাসের চতুর্থ সপ্তাহে জেলা কমিটির নিয়মিত মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদন ও আবেদনসমূহ পর্যালোচনাক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস এবং থানার সামনে আইনগত সহায়তা কার্যক্রমের মূল বিষয়বস্তুসংবলিত একটি করে সাইনবোর্ড এবং আইনগত সহায়তা বক্স স্থাপন করা হবে। জেলা পুলিশ সুপার পুুলিশের আইনশৃঙ্খলাবিষয়ক সভায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা পুলিশের ওপেন ডে হাউসে কমিউনিটি পুলিশের বিভিন্ন সভায় এবং জেলা আনসার-ভিডিপিদের সভায় কর্মসূচি রাখবেন। জেলা ও থানা পর্যায়ের পুলিশ প্রশাসনের আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে গৃহীত পদক্ষেপসমূহ জেলা পুলিশ সুপার জেলা আইনগত সহায়তা কমিটির কাছে পাঠাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তারা জেলা কমিটির সঙ্গে পরামর্শক্রমে আইনগত সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে যে কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন মনে করেন, তা করতে পারবেন। উপরিউক্ত পদ্ধতি অনুসরণের মাধ্যমে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রশাসনযন্ত্রকে কাজে লাগিয়ে এ পর্যায়ের আইনগত সহায়তা প্রদান কমিটির অভাব পূরণ করা সম্ভব। লেখক সহকারী জজ, মানিকগঞ্জ।