দরিদ্রদের বিচারকাজে সাহায্য করতে হবে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আর্থিকভাবে অসমর্থ ব্যক্তিদের বিচারকাজে জেলা জজদের আরও মনোযোগী হতে হবে। দরিদ্রদের বিচারকাজে সহযোগিতা করার মানসিকতা বিচারক ও আইনজীবীদের থাকতে হবে। আজ শনিবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দরিদ্রেরা একবারের বেশি দুবার আদালতে আসতে গেলেই আর্থিক সংকটে পড়ে। সাক্ষী জোগাড় করাও তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তাই তাদের জন্য বিচারক ও আইনজীবীদের সহযোগিতামূলক মানসিকতা থাকতে হবে। এদিকে আইন, বিচার ও সংসদ প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আইনজীবীরা সত্ না হলে দরিদ্রেরা বিনা খরচে আইনি সুবিধা পাবে না। সহায়-সম্বলহীনদের বিচারকাজে বিশেষ সুবিধা দেওয়ার জন্য সরকারের কার্যক্রম রয়েছে। কিন্তু নানা কারণে প্রকল্প সফল হয় না।কর্মশালায় আইনজীবীরা বলেন, মামলা পরিচালনায় অর্থ বরাদ্দ কম থাকার জন্য তাঁদের পক্ষে সব সময় এ ধরনের কাজ করা সম্ভব হয় না।কর্মশালায় উপস্থিত ছিলেন আইন ও বিচারসচিব শহীদুল করিম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, জেলা দায়রা জজ এমডি জাহাঙ্গীর হোসেন এবং সব জেলা বারের নেতারা।