দরিদ্রদের মানসম্মত সেবা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিত্সকদের প্রতি পেশা, জ্ঞান ও অভিজ্ঞতায় আস্থাশীল থেকে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল মঙ্গলবার সকালে নগরের মহাখালীতে কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ভাষণদানকালে এ আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা আপনাদের চিকিত্সক হওয়ার ক্ষেত্রে অপরিসীম অবদান রেখেছেন সেসব দরিদ্র ও সাধারণ মানুষকে মানসম্মত স্বাস্থ্যসেবা দিয়ে তাঁদের ঋণ শোধ করা পবিত্র দায়িত্ব।’বিসিপিএসের সভাপতি অধ্যাপক নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির, বিসিপিএসের নেতা এস এ এম গোলাম কিবরিয়া প্রমুখ।শেখ হাসিনা বলেন, সরকার দরিদ্র ও সাধারণ জনগোষ্ঠীর দোরগোড়ায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাচ্ছে। কারণ, সাধারণ জনগণের কল্যাণে কাজ করাই আওয়ামী লীগ সরকারের নীতি। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে, জাতীয় স্বাস্থ্যনীতির উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বিদেশে চিকিত্সক ও নার্স পাঠানোর সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস’ উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকার এ ক্ষেত্রে সব রকম সাহায্য ও সহযোগিতা দেবে।প্রধানমন্ত্রী বিএনপি ও জামায়াতের জোট সরকারের সমালোচনা করে বলেন, তাদের দুর্নীতি ও দলীয়করণে দেশের স্বাস্থ্য খাত ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। তিনি বলেন, দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য তাঁর বিগত সরকার সারা দেশে ১৮ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল। কিন্তু বিএনপি-জামায়াতের জোট সরকার ক্ষমতায় আসার পর শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব ক্লিনিক বন্ধ করে দেয়। তিনি বলেন, তাঁর সরকার জনগণের স্বার্থে এসব ক্লিনিক আবার চালুর উদ্যোগ নিয়েছে। গ্রামাঞ্চলে চিকিত্সকের চাহিদা পূরণে চার হাজার চিকিত্সক এবং বিভিন্ন হাসপাতালে শূন্য পদে তিন হাজার নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। প্রধানমন্ত্রী বিসিপিএসের ভবন নির্মাণের জন্য ১০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। এর আগে তিনি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।