দরুল হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নিরস্ত্র বাংলাদেশের নাগরিক মো. দরুল ইসলাম হত্যার প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ওই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করেছে।আজ সোমবার বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, ঢাকায় ভারতীয় দূতাবাসে চিঠি দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। ওই হত্যার তদন্ত ও বিএসএফের দোষী সদস্যদের শাস্তি দেওয়ার কথাও উল্লেখ করেছে বাংলাদেশ।প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দরুল ইসলাম (৩৯) প্রাণ হারান। ওই দিন ভোর সাড়ে চারটার দিকে নিজের খেতে কাজ করছিলেন তিনি। দরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার আজমতপুর মোল্লাটোলা গ্রামের জালাল হোসেনের ছেলে।নিহত দরুল ইসলামের চাচা মজিবুর রহমানসহ স্থানীয় বাসিন্দারা জানান, ভোর সাড়ে চারটার দিকে ১৮১/৩ সীমান্ত পিলার-সংলগ্ন জমিতে ধান কাটতে যায় দরুলসহ আরও কয়েকজন। এ সময় ভারতের শ্মশানী ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে গুরুতর আহত হন দরুল ইসলাম। তাঁকে প্রথমে রাজশাহীর ডলফিন ক্লিনিক এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে তিনি মারা যান।