দর্শক-শ্রোতার ‘সরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোক্তারিতে হয়ে ফেল,মোছে দিলেন কেরাসিন তেল।’জেঠামশাই মোক্তারি ছেড়ে দিয়ে দেশবিদেশে কবিগান করে বেড়াতেন। জেঠামশাইয়ের নাম বিজয়নারায়ণ আচার্য। তিনি ছিলেন পূর্ববঙ্গের অন্যতম কবিয়াল। নেত্রকোনা কোর্টে তিনি মোক্তারি করতেন। এই পেশায় অবশ্য তেমন যশ করতে পারেননি। কবিগান নিয়েই ব্যস্ত থাকতেন।শশীমোহন আচার্য আমার বাবা। আমার জন্ম ১৩২৪ সালের আশ্বিন মাসে সহিলপুর গ্রামে। সহিলপুর গ্রামটি নেত্রকোনা জেলার সদর থানার সিংহের বাংলা ইউনিয়নে। আমার পুরো নাম মদনমোহন আচার্য। কেউ ডাকে মদন আচার্য, কেউ বলে মদন ঠাকুর, আর কেউ বা কয় মদন সরকার। মদন সরকারই বেশি ডাকে। আমার আর একটি নাম আছে। পাবার দেওয়া। ইন্দুভূষণ আচার্য। এ নামে আমাকে কেউ চেনে না, এ নামে কেউ ডাকেও না। নাম বদলের একটি কাহিনি আছে।আমার জন্মসালে নেত্রকোনায় কবিগান গাইতে এলেন বরিশালের মদন শীল। তিনিও পূর্ববঙ্গের খ্যাতিমান কবিয়াল ছিলেন। আসরে কবির লড়াই বেঁধে গেল আমার জেঠা বিজয় আচার্যের সঙ্গে। সে লড়াইয়ে মদন শীলকে হারিয়ে বিজয় আচার্য সোনার মেডেল পেলেন। আনন্দে তিনি আত্মহারা। বাড়ি ফিরে দেখলেন আমার জন্ম হয়েছে। আনন্দে তিনি মদন শীলের নামের সঙ্গে মিল রেখে আমার নাম রাখলেন মদনমোহন আচার্য। বাবার দেওয়া নাম ইন্দুভূষণ স্কুলের কাগজপত্রেই রয়ে গেল। জেঠামশাইয়ের দেওয়া নামেই সবাই ডাকে। সহজে ডাকার জন্য অনেকে আমার নামের মোহনটা ছেড়ে দিয়ে শুধু মদন আচার্য বলে। আমি ব্রাহ্মণ বলে অনেকে মদন ঠাকুর বলে ডাকে। কবিগান গাইতে যেয়ে আমি কায়স্থের পদবি সরকার পেলাম। হলাম মদন সরকার। সরকার কায়স্থের পদবি হলেও কবিগানের ‘সরকার’ আলাদা পদবি। যারা কবিগান গাইত তাদেরই দর্শক-শ্রোতারা সম্মান করে ‘সরকার’ বলে সম্বোধন করত। ব্রাহ্মণ হয়েও ‘সরকার’ পদবিতে আমার মন্দ লাগে না। ভালোই লাগে। ‘সরকার’ তো দর্শক-শ্রোতাদের সম্মানের ডাক। এখন বয়স আমার ৯২ বছর। শরীর আর চলে না। কথা বলতেও কষ্ট হয়। বাড়িতে বসে কেবল মনে মনে সুর ভাঁজি। পুরোনো দিনের কথা মনে করি। আনন্দময় দিনের কথা ভাবি। কবিগানের সেই স্বর্ণযুগের কথা ভাবি। তখন আমার যৌবন ছিল। এখন আমি জীবনের শেষের দিকে। এখন—‘শুভ্র বরণ করলাম ধারণ,/দাড়ি গোঁফে চুলে,/কেবল পান সুপারি মুলামুড়ি,/দন্তের অন্তকালে।/এখন আর যাই না লঙ্কা,/কাকলী হয়েছে বঙ্কা,/সমন রাজা বাজায় ডঙ্কা,/এ বুড়াকে ধরবে বলে।/সুখ গেল সরিয়া,/অন্ধকারে চলাফেরা,/পরের হাতে ধরিয়া।/শ্বাস ঘনঘন, কাশ ঘনঘন,/তব পদে নিবেদন করি পুনঃ পুনঃ,/যে তা-তা-তা বলে যেতে পারি মরিয়া।’পড়ালেখা বেশি করিনি। আটপাড়া থানার অভয়পাশা স্কুলে পড়েছি। তখন বড় বোনের বাড়ি রামেশ্বরপুর গ্রামে থাকতাম। অভয়পাশা স্কুলে পঞ্চম শ্রেণী পড়া শেষ করে নেত্রকোনা চন্দ্রনাথ স্কুলে ভর্তি হলাম। সেখানে দুই-তিন ক্লাস পড়েছি। লেখাপড়ায় মন বসে না। শুধু জেঠামশাইয়ের কবিগান আমাকে টানে। সেই টান এড়িয়ে যাওয়ার সাধ্য নেই। আমি ভেতরে ভেতরে তাও টের পাই তখন।কবিয়াল হিসেবে জেঠামশাইয়ের নাম তখন দেশবিদেশে ছড়িয়ে পড়েছিল। আমিও কবিগানের নেশার প্রবল ঘোরে জেঠামশাইয়ের পেছনে পেছনে ঘুরে বেড়াই। কবিগান শুনি রামু, রামগতি, রামদয়ালের মতো বড় বড় কবিয়ালের। মাঝে মাঝে আসরে উঠতাম জেঠামশাইয়ের আশীর্বাদে। তাঁর সুবাদে সম্মানও ভালো পেতাম। দিনে দিনে কবিগানে পাকা হতে লাগলাম। রামায়ণ, মহাভারত, চণ্ডী পড়ে তত্ত্বকথার সন্ধান করতাম। আমার সমসাময়িক সঙ্গী পেলাম সাধু সরকার, কালী ধর, ক্ষেত্রমোহনসহ আরও অনেককে। তাঁদের অনেকের নাম আজ আর মনে করতে পারি না। আমি ওস্তাদ কবিয়াল রামসুন্দরের কাছে দীর্ঘদিন পাঠ নিয়েছি। ১৮ বছর বয়সে আমরা ঘুরতে শুরু করেছি সিলেট, বরিশাল, ময়মনসিংহ, গৌরীপুর, মুক্তাগাছা। অনেক জমিদারবাড়িতে কবিগান করেছি। সে সময় কবিগান শুনতেন জমিদার-নায়েবসহ সমাজের বড় বড় মানুষ। হিন্দু-মুসলিম সবাই মিলে কবিগান শুনত। আমার দলের খুব নামডাক ছিল। আমরা কয়েকজন কবি সরকার কথা দিয়ে কথা কেটে আসর জমাতাম। ‘হিন্দু আনি, মুসলমানি,করতাম আমরা টানাটানি।’কখনো হিন্দু-মুসলিম বিভাজন করে আমরা চিন্তা করিনি। সম্প্রীতি বজায় রাখতাম। ধর্ম যা-ই হোক, সবাই মানুষ। এই বোধ সবার মধ্যে ছিল। আমরা ভাবতাম: ‘পাখির দুটি পাখাই সমান,/তদ্রূপ হিন্দু-মুসলমান।/এক পাখা কাটলে পরে,/পাখি কি আর উড়তে পারে।/পাখাহীন পাখির থাকে না পরান।’ শ্রোতারা বসে কবিগান শুনত। টপ্পা চলত যুক্তি দিয়ে, শব্দের ছন্দ দিয়ে। যুক্তি শুনে দর্শকশ্রোতা হাততালি দিত। নিজেকে তখন জমিদার মনে হতো। সে সময় কবিয়ালের সম্মান ছিল, কদর ছিল। এখন নেই। সময় বদলে গেছে। দেখতে দেখতে পাল্টে গেল অনেক কিছু। কিন্তু আমাদের নিজস্ব সম্পদ কবিগানের দুর্দশা কাটল না।‘ব্রিটিশ রাজ্যের অবসান,/জিন্না আনল পাকিস্তান,/রাখল দেশের গৌরবমান/মূর্তি-মন্ত হইয়া,/ও তার ভাবলীলা অবসান,/রাজ্য ছাড়ল আইয়ুব খান,/দিনে দিনে টিক্কা, ইয়াহিয়া।/বহু সংগ্রাম করে শেষ,/শেখ আনল বাংলাদেশ,/শান্তি সুখে ছিলাম বেশ।/দেশবাসী যত,/আতাতায়ী যত ঢুকে পড়ে,/যেনতেন প্রাণে মারে।/আরো সকল সহকারে/ দুঃখ দিয়া কত।’কবিগান তো আর সারা বছর চলত না। তাই সংসার টানতে অন্য কাজও করেছি। কবিগানের পাশাপাশি পিতল, কাঁসার বাসনপত্রে খোদাই করে নাম লিখতাম। হরফপ্রতি আট আনা পেতাম। সে পয়সা সংসারের কাজে আসত। এ কাজটি আমি শিল্প হিসেবে মনে করতাম।দেখতে দেখতে অনেক কাল গড়িয়ে গেছে। গঙ্গা-পদ্মায় অনেক জল গড়িয়েছে। দর্শক-শ্রোতাদের রুচির বদল হয়েছে। ভাবের বদল হয়েছে। টাকার দরকার আমারও ছিল। তখন তা বুঝিনি। এখন সন্ধ্যাকালে বুঝি। এখন বুঝলেই কি, আর না বুঝলেই কি? সময়ের কাজ সময়ে করিনি। তবে তার জন্য কোনো খেদ নেই। টাকার দিকে তাকাইনি। আমি গান চাইছি। তাই দিয়েই আমি মানুষের ভালোবাসা পেয়েছি। ‘হঠাৎ করে আইল ধন,/টাকার ভিতরে এত গুণ,/নির্দোষী হয় করিয়া খুন,/টাকার ভিতর দিয়া।/লোকে একটা কথা বলে,/পুত্রশোক টাকা ভুলে।/যত ইতি কর্ম চলে,/হাতের টাকা দিয়া।/টাকা জানি পরমার্থ,/টাকাহীনের জনম ব্যর্থ।/জনসমাজে অপদার্থ,/স্বার্থ কি আর বেচে।/ধার-কর্জ কেউ চাইলে দেয় না,/খাইছে কিনা খবর নেয় না।/গরিবের দায় এ যাতনা,/জীবন ভরা আছে।’শিল্পী হিসেবে দেশের মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। কবি হিসেবে সম্মান পেয়েছি। সরকারের খাতায়ও আমার নাম আছে। সরকার আমায় বছরে ছয় হাজার টাকা ভাতা দেয়। হোক কম, তবু সরকারের সম্মানী! এটি আমার জন্য গৌরবের। নিজের আর কোনো আয় নেই। ছেলের আয়েই জীবন বাঁচাই। গ্রামের বাজারে ডাক্তারি করে আমার ছেলে রবীন্দ্র আচার্য। যা পায় তা দিয়ে তার ছেলেমেয়েসহ আমাকে নিয়ে কোনোক্রমে দিন চালায়। আমার স্ত্রী লাবণ্য বালা গত হয়েছে কয়েক বছর আগে। দুই মেয়ে শোভা ও বিভার বিয়ে দিয়েছি অনেক আগেই। সন-তারিখ মনে নেই। বিভা রামমঙ্গল গায়। কীর্তনের দল আছে তাঁর। এ দিয়ে সে সংসার চালায়। আমরা কেউ ভালো নেই। একবার আহার আরেকবার অনাহারে দিন চলে। শুধু অতীত মনে হয়। কী ছিলাম, এখন কী হলাম!‘এখন দল নাই,/ডুলি নাই।/বিপক্ষের সরকার নাই,/আমারে আর দরকার নাই।’এখন পারের আশায় বসে আছি। কখন তাঁর ডাক পাই—তখন তাঁর কাছে চলে যাব। আমার গাওয়া গান শুনে যে মানুষেরা খুশি হতো, তাদের কাছে থেকে যাবে আমার কবিতা, আমার গান, গানের সুর। এ ভেবেই মনে আনন্দ পাই, তৃপ্তি পাই। জীবনটাকে সার্থক ভাবি।অনুলিখন: আলী আহাম্মদ খান