দর্শকদুর্ভিক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিভাগ তো বটেই, এককথায় সিনিয়র ডিভিশন ফুটবল লিগে আবাহনীর বয়স এখন ৩৯ বছর। ব্রাদার্সের ৩৬। হিসাব করে আসুন: ১৯৭২ থেকে ২০১০ ও ১৯৭৫ থেকে ২০১০। শুরুর বছর থেকে চলতি বছর ধরতে পারলে এই গাণিতিক হিসাবের মধ্যে শুধু পি সি সরকারের সম্মোহনী ধান্ধাবাজ আঙুল ছাড়া অন্য কোনো ভোজবাজি চলবে না। অঙ্কশাস্ত্র মিথ্যাচার করে না। এই হিসাব কাঁটায় কাঁটায়।সোমবার। ১ মার্চ ২০১০। সময় সন্ধ্যা। সাক্ষী শুধু ফ্লাডলাইটের আলো। গ্যালারিতে শখানেক দল সমর্থক, কয়েকজন নীল পুলিশ, ক্লাব কর্মকর্তা, পাঁচ-ছয় জোড়া শালিক, কয়েকটি কাক, দুই দলের খেলোয়াড়-রেফারি ও ডেপুটি রেফারি ছাড়া বাদাম চিবানো সময় কাটানোর জনমনিষ্যিও নেই। আছে শুধু শুকনো মাটিজুড়ে শিশিরভেজা ঘাস এবং বসন্তের হাহাকারমিশ্রিত বাতাস। গালি দেওয়ার লোক নেই। তালি দেওয়ারও লোক নেই। আগুন নেভানো কমলাবর্ণের ব্রাদার্স কিংবা ফিকে নীল-হলুদের আবাহনী মাঠে লড়ছে, প্রাণহীন লড়াই। তিন-চার দশকের এ দুই দলের জনপ্রিয়তার এই নমুনা দেখে বিশ্বাস করতেও কষ্ট হয় যে এরা একসময় ঘুড়ি ওড়ালেও মাঠে ৩০-৪০ হাজার দর্শক টানত। কোথায় সেই রাম-অযোধ্যা? কোথায় সেই দর্শক।ফুটবলের জনপ্রিয়তা ধরে রাখার লক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নিয়ে বাদল রায়, কায়সার হামিদ, আসলামদের কথাবার্তা, বিপ্লবী কর্মসূচি ক্যাসেট রিউইন্ড করলেই হইহই শব্দ ভেসে আসে কানে। যেন আমাদের ফুটবল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ স্পোর্টস ডিসিপ্লিন। প্রিয় দলের পরাজয়ে আত্মহত্যা আর ঘরবাড়ি, সমাজ-সংসার তোলপাড় করা কাহিনি কি আর্কাইভে নিদ্রারত? নাকি ফুটবল নিজেই নিজের গলায় ফাঁস লটকে দিয়েছে? আত্মহননের পথে যাচ্ছে কি?সিনিয়র ডিভিশন ফুটবল মিরপুরে স্থানান্তরিত হলে খেলাটির জৌলুশ একেবারেই ফিকে হয়ে যাবে এবং ফুটবলের প্রতি মানুষের আকর্ষণ ক্রমেই নিভে যাবে বলে যাঁরা বঙ্গবন্ধু মাঠ নিয়ে রশি টানাটানিতে জিতলেন, তাঁরা ফুটবলের জনপ্রিয়তাকে জেতাতে পারলেন কি? ভোঁতা দৃষ্টিভঙ্গির এস এ সুলতান, তাঁর আগের মেয়র হানিফ (প্রয়াত) কিংবা পরের চৌকস সালাউদ্দিন—কেউই মৃতপ্রায় ফুটবলের নাক থেকে অক্সিজেন খুলতে পারেননি। ফুটবল বেঁচেবর্তে আছে একবার সিসিওতে, আর একবার কেবিনে, সেখানে সাধারণ দর্শকের উপস্থিতি নেই। ডাক্তাররা আসে-যায়, ওষুধপত্র বদল হয়, প্রয়োজনে মেডিকেল বোর্ড বসে। আর্জেন্ট মিটিং, ইমার্জেন্সি মিটিং—সবই বসে, কিন্তু ফুটবল একবার চোখ মেলে তাকায় তো পরক্ষণেই মূর্ছা যায়। নাহ্, রোগ নির্মূল হচ্ছে না। সালাহউদ্দিন প্রাণপাত করছেন তো আলাউদ্দিনেরা ট্রাম্পকার্ড মারছেন, সালাউদ্দিনেরা গালাগাল করছেন, চাপাউদ্দিনেরা চাপাবাজি করছেন, চালাউদ্দিনেরা কথা চালাচালি করছেন। চাটুকারেরা পছন্দমাফিক কর্তাদের গা-গতর চেটেপুটে দিচ্ছেন।সভাপতি নিজে অর্থসহ পৃষ্ঠপোষণার গতিপ্রকৃতি নির্ণয়ের স্বার্থে মেধা বিলিয়ে দিচ্ছেন, ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে গিয়ে কূটনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, সন্ধিবিহীন। এমনকি বন্ধুবিহীন! পয়লা মার্চে আবাহনী-ব্রাদার্সের ম্যাচে যে দর্শক দেখলাম, সেটা আমার জীবদ্দশায় বড় ম্যাচের কৃপণতম দর্শক। বিদ্যুত্সংকটের এই দিনে বিদ্যুত্ অপচয়কারীরা শয়তানের দোসর তো বটেই। তাও মনটা মানত যদি আবাহনী আবাহনীর মতো খেলত, ব্রাদার্স ব্রাদার্সের মতো খেলত! যেন কবেকার জিঞ্জিরা আর নবারুণ সংসদের এলোপাতাড়ি ফুটবল দেখছি!তবে আবাহনীর কোচ অমলেশ সেনের একটা মন্তব্য উড়িয়ে দেওয়া যায় না। তিনি দীর্ঘকালীন দলীয় প্র্যাকটিস সমঝোতা এবং ধারাবাহিকতা নিয়ে কথা বলেছেন। এটা অবশ্য পুরোনো অজুহাত, যাকে বলে খোঁড়া অজুহাত। ক্লাব কিংবা খেলোয়োড় কাউকেই দোষ দেওয়া যায় না। দোষ তাঁদেরই, যাঁরা বাংলাদেশের ফুটবলে অভিনব নেটওয়ার্ক সৃষ্টি করেছেন। লিগের ধারাবাহিকতা ক্ষুণ্ন করেছেন, পরিচিত টুর্নামেন্টগুলো সমাহিত করে ফেলেছেন। প্রকারান্তরে খেলোয়াড়দের দৈহিক ও মেধাগত কৌশলকে ক্রীড়াবিজ্ঞানের বিপরীতে স্থান দিয়েছেন। গত বাহাত্তর মাসে কটি মৌসুমি লিগ কিংবা জাতীয় লিগ আয়োজিত হয়েছে, তার নগণ্য সংখ্যার হিসাবেই বলে দেবে—ফুটবলে অগ্রগতির বাধাটা কোথায়। অথচ শপথের মতো উচ্চারিত হয়েছিল: সারা বছরই ফুটবলকে মাঠে গড়ানো হবে। ওই ‘হবে’ পর্যন্তই। বাস্তবতা অন্য চিত্র দেখায়।মঙ্গলবার, ২ মার্চ, শিরোপাপ্রত্যাশী মোহামেডান খেলল শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে। পরিকল্পনাহীন ধুমধাড়াক্কাসর্বস্ব ম্যাচটি গোলশূন্য হওয়ায় দলসমর্থকেরা তা মেনে নিতে পারেনি। আর দলসমর্থক বলতেও সেই খরা-দর্শক। হাতেগোনা শ চারেক বড়জোর। যাঁরা ফুটবলের জনপ্রিয়তার স্বার্থে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে মিরপুরের চেয়ে বেশি প্রাধান্য দিলেন, তাঁদের উদ্দেশে বলতে হয়, মিরপুরের মতো দূর এলাকায় ক্রিকেট দেখতে যদি হাজার পাঁচ-দশ লোক আসতে পারে, তাহলে মহানগরের কেন্দ্রস্থলে জনপ্রিয়(?) ফুটবল দেখতে, আবাহনী-মোহামেডান-ব্রাদার্সের ম্যাচ দেখতে লোক আসে না কেন? অনেক ঢাক-ঢোল-বাদ্য বাজিয়ে, লটারির টোপ দিয়েও এখানে দর্শক টানা যাচ্ছে না কেন? কেন কোলাহল-কলরবহীন হয়ে গেল আমাদের ফুটবল? কেন ঝিমিয়ে গেল এ খেলাটি?আসলে সত্য বড়ই নির্মম, পীড়াদায়ক, ‘ট্রুথ ইজ ডেঞ্জারাস দ্যান ফিকশন’। ওপর দিকে থুক ফেললে নিজের বুকেই পড়ে। ফুটবলের নেটওয়ার্ক নিয়ে যে আশার বাণী আমাদের শোনানো হয়েছিল, কর্তারা তার কী জবাব দেবেন?দক্ষিণ এশীয় গেমসে ১১ বছর পর একটি সোনা পেয়েই কর্তারা যেন আমাদের ফুটবলারদের পায়ে সেগুনকাঠের ঘ্রাণ পেয়ে গেলেন। তাঁরা জানেন না, ধারাবাহিক কর্মসূচি না থাকলে প্রকৃত সংস্কারমূলক ফুটবলের চর্চা সম্ভব নয়। দিনবদলের লগ্নে কথা কটি না বললেই নয়।হাজার হাজার মেগাওয়াট বিদ্যুত্ খরচ করে, জনগণের ভোগান্তির ওপর দাঁড়িয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম আমাদের যে দর্শকহীনতা উপহার দিচ্ছে, তাতে ফাঁকা গ্যালারি নিজেই আক্ষেপ করে গাইছে উল্টোরথের গান। আবৃত্তি করছে:‘এত পথ হেঁটেএত জল ঘেঁটেকী তবে পেলাম?’.... ..... ....আয় দর্শক মাঠে আয়গ্যালারি যে ফাঁকা যায়।