ঈদে মুক্তি পেয়েছে বস নাম্বার ওয়ান ছবিটি। বদিউল আলম পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন নিপুণ। কথা হলো তাঁর সঙ্গে।আপনি কেমন আছেন?ভালো না। চোখের সমস্যায় ভুগছি। চোখের পাপড়িতে যে আমরা কিছু প্রসাধনী ব্যবহার করি, সেখান থেকেই আসলে সমস্যাটা হয়েছে। একটু আগেই চোখের চিকিৎসকের কাছে গিয়েছিলাম। সব পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেল সমস্যাটার কারণ। যা হোক, চিকিৎসক বলেছেন, আগামী ১০ দিন কোনো প্রসাধনী দেওয়া যাবে না।এখন কী নিয়ে ব্যস্ত?চ্যানেল আই-সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নেব। এরই মহড়ায় আছি। নৃত্য পরিচালক তানজীল আমাদের নাচের মুদ্রা দেখিয়ে দিচ্ছেন। দুই মিনিটের একটি পরিবেশনায় অংশ নিচ্ছি আমি।নতুন কী ছবি হাতে নিলেন?রাজু আহমেদের তবু তুমি আমার নামের একটি ছবি হাতে নিলাম। এ ছবিতে আমার বিপরীতে আছে ইমন। মজার ব্যাপার হলো, ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি ১১.১১.১১ রাত ঠিক ১১টায়। জানি না, এ ছবির ফলাফল কী হবে। তবে একটি স্মরণীয় তারিখে ছবিটির নায়িকা হয়েছি, এটুকু মনে থাকবে।‘বস নাম্বার ওয়ান’ ছবি সম্পর্কে কিছু বলুন।প্রচণ্ড টেনশনে ছিলাম। ছবিটি মুক্তি পাবে কি পাবে না, এই দোটানায় থাকতে হয়েছিল ঈদের দুই দিন আগ পর্যন্ত। শেষ পর্যন্ত এই ছবির মুক্তিলাভ ও ব্যবসায়িক সাফল্য সবকিছুই আসলে আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছে। এই ছবিটি ঈদে মুক্তি পাওয়াটা আমার জন্য খুবই জরুরি ছিল। রোজার ঈদেও শাকিবের সঙ্গে আমার টাইগার নাম্বার ওয়ান ছবিটি সফল হয়েছিল। এবারের ঈদেও শাকিবের সঙ্গে আমার এই ছবিটি সফল হয়েছে। আমি খুবই খুশি। এই ছবির প্রযোজক সামনে নির্মাণ করবেন দেবর ভাবী ছবিটি। সেখানেও আমি ও শাকিব অভিনয় করছি।ছবি দেখেছেন সিনেমা হলে গিয়ে?একবার নয়, দুবার দেখেছি। ছবিটির যে গল্প সেখানে আসলে প্রতিটি চরিত্রই ছিল গুরুত্বপূর্ণ। দেশে এবং ব্যাংককের চমৎকার লোকেশনগুলো বেছে নিয়েছিলেন পরিচালক। দর্শকেরা বেশ উপভোগ করেছে ছবিটি।সামনে আর কোনো ছবি মুক্তি পাবে?সামনে মুক্তি পাবে তুমি আসবে বলে পাশে থাকবে বলে। চমৎকার প্রেমের গল্পের ছবি। পাশাপাশি এ ছবির গানগুলোও হয়েছে অসাধারণ। এখন এই ছবিটির জন্য অপেক্ষা করছি। এ ছাড়া মুক্তি পাবে আদরের জামাই ছবিটি। এখানেও আমার নায়ক শাকিব। এই ছবি দুটির ব্যবসায়িক সফলতা দেখার অপেক্ষায় আছি।