শীতের দিনে শেষবেলায় গরম বড়ই উপযোগী। সে ব্যবস্থা আছে। অমর একুশে গ্রন্থমেলায় প্রবেশের আগেই গরমের সাক্ষাত্ মিলবে। আপনি টিএসসির দিক থেকেই আসুন বা দোয়েল চত্বর দিয়ে। মোড়েই বসে গেছে দোকানের সারি। ভাজা হচ্ছে পেঁয়াজু, বেগুনি, চিংড়ির মাথা। সঙ্গে ধোঁয়া ওড়া চা তো আছেই। দোকানের খুদে প্রতিনিধিরা বিরামহীন ‘গরম লন’, ‘গরম লন’ বলে সাদর অভ্যর্থনা জানিয়ে চলেছে। প্রবেশের সময় তাদের কথায় তেমন আমল দিচ্ছে না কেউ। তবে ফিরতি পথে অনেকেই আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গরম স্বাদ নিতে দাঁড়াচ্ছে। এখন বই কেনার চেয়ে মেলায় একটু ঘুরেফিরে বিকেলটি কাটিয়ে আসাই প্রধান উদ্দেশ্য অধিকাংশের। কাজেই ফেরার পথে হিমেল সন্ধ্যায় গরম চায়ের সঙ্গে ‘টা’ বেশ উপাদেয় বলেই মনে হয়েছে তাদের।সাজসজ্জা চলছেই: স্টলের সাজসজ্জার কাজ দ্বিতীয় দিনেও শেষ হয়নি। বেশ কিছু স্টলে ভেতরের নির্মাণকাজ কালও চলছিল। এবার প্রথম দিন থেকেই মেলায় দর্শনার্থীর সংখ্যা বেশ ভালো। তাতে প্রকাশকেরা আশাবাদী, বিক্রি ভালো হবে। দ্বিতীয় দিনে অধিকাংশ স্টলেই নতুন বই এসে গেছে। তবে ক্রেতারা সেভাবে কেনাকাটা শুরু করেনি। মেলায় এসে তারা এখন স্টলগুলোর সামনে ঘুরেফিরে খোঁজখবর নিচ্ছে—কী কী বই এল। স্টল খালি রাখলে বরাদ্দ বাতিল: একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান সন্ধ্যায় মেলা চত্বর ঘুরে দেখছিলেন। সাজসজ্জার কাজ শেষ না হওয়ায় তিনি বিরক্ত। প্রথম আলোকে বললেন, আজকেই সাজানো-গোছানোর কাজ শেষ করা উচিত ছিল। কাল (বুধবার) স্টল খালি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বরাদ্দ বাতিল করা হবে। নতুন ভবন নির্মাণের জন্য মাঠের ভেতর জায়গা কমে গেলেও গ্রন্থানুরাগীদের চলাফেরার সুবিধার্থে এবার চত্বরগুলোতে আগের তুলনায় বেশি করে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া লিটল ম্যাগাজিন চত্বর ও মাঠের পূর্ব পাশে দর্শনার্থীদের বসার জন্য বেঞ্চ তৈরি করা হয়েছে।একাডেমীর মহাপরিচালকের এবার দুটো প্রবন্ধের বই বের হচ্ছে। মনন প্রকাশনী থেকে মুক্তবুদ্ধি ধর্মনিরপেক্ষতা ও সমকাল এবং শোভা প্রকাশনী থেকে কালের ধুলোয় স্বর্ণরেণু।নেটবই বিক্রি হচ্ছে: নেটবই ও বিদেশি লেখকদের বই বিক্রি কঠোরভাবে নিষেধ করা হয়েছে মেলার নীতিমালায়। কিন্তু দ্বিতীয় দিন থেকেই প্রাঙ্গণের বাইরে ফুটপাতের অনেক স্টলে এ ধরনের বই বিক্রির অভিযোগ করলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনী। তিনি বললেন, ‘আমাদের কাছে এ ধরনের বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে এসেছে। বুধাবার থেকে টাস্কফোর্স তদন্ত শুরু করবে। এই মেলা দেশীয় প্রকাশনা ও সাহিত্যকে পৃষ্ঠপোষকতা দিয়ে জাতীয় সংস্কৃতির বিকাশে সহায়ক ভূমিকা রাখার জন্য আয়োজন করা হয়। সেখানে ওই ধরনের বই মেলার উদ্দেশ্যকে ব্যাহত করে। এ জন্য এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ আগামী থেকে দ্বিতীয় দিনে বেশ কটি নতুন বই এসেছে। এর মধ্যে ছিল বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের একটি নতুন বই—ভাষাশিক্ষা ও ভাষাবিজ্ঞান পরিচিতি। আহমদ কবির সম্পাদিত আহমদ শরীফ রচনাবলী ৩ ও ৪। ইনামুল হকের মুক্তিযুদ্ধ নাটক সমগ্র।অনিবার্য প্রয়োজন: একদিকে মেলার মাঠের আয়তন নতুন ভবন নির্মাণে সংকুচিত হয়ে পড়েছে, অন্যদিকে প্রতিবছরই ক্রেতার সংখ্যা, লেখক, প্রকাশকের সংখ্যাও বাড়ছে। মেলার সম্প্রসারণ সে কারণে অনিবার্য হয়ে পড়েছে বলে জানালেন অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন নাথ। এ বিষয়টির প্রয়োজনীয়তা উদ্বোধনী অনুষ্ঠানে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ইউপিএলের প্রকাশক মহিউদ্দিন আহমেদও তুলে ধরেছিলেন। মিলন নাথ বললেনে, জায়গা কম বলে ছোট করে স্টল করতে হয়েছে। গাদা করে বই রাখতে হচ্ছে। বই অন্য পণ্যের মতো নয়। ক্রেতারা একুট সময় নিয়ে উল্টেপাল্টে দেখে, তারপর বই পছন্দ করে। অনুপম থেকে গতকাল যেসব নতুন বই এসেছে তার মধ্যে ছিল সৈয়দ মাহমুদুল হাসানের স্পেনে মুসলিম সভ্যতা, মুহম্মদ জাফর ইকবালের ভূত সমগ্র, আনিসুল হকের আপা তোমার আব্বাকে একটু আব্বা বলে ডাকি ও অন্যান্য, ভবেশ রায়ের ডাইনোসরপিডিয়া ইত্যাদি।নতুন বই: মেলার তথ্যকেন্দ্রে গতকাল ৩৭টি নতুন বই জমা পড়েছে। তবে বই প্রকাশিত হয়েছে এরও বেশি। সবাই বই জমা দেননি। নতুন বইয়ের মধ্যে আছে ইত্যাদি থেকে সৈয়দ শামসুল হকের আত্মজীবনী প্রণীত জীবন, সূচীপত্র থেকে আবদুল মান্নান সৈয়দের উপন্যাস আধুনিক পুতুল নাচের ইতিকথা, সিভিক বাংলাদেশ থেকে বায়েজিদ দৌল্লা অনূদিত রবার্ট ডাব্লিউ ফুলার ও পামেলা এগারলফের সবার জন্য মর্যাদা ইত্যাদি। এ ছাড়া প্রথমার স্টলে দুটি নতুন বই এসেছে খসরু চৌধুরীর সুন্দরবনের বাঘ ও মহাদেব সাহার কবিতা অন্ধের আঙ্গুলে এত যাদু। ঐতিহ্য থেকে এসেছে আবদুশ শাকুর রচনাবলী প্রথম খণ্ড, অবসর থেকে শহীদ কাদরীর প্রেমের কবিতা: তোমার জন্য, বরেণ চক্রবর্তীর ইংরেজি কবিতা দি নেম ইজ ফ্রিডম, মাওলা ব্রাদার্স থেকে এসেছে সেলিম আল দীন রচনা সমগ্র-৫। অনন্যা থেকে এসেছে ইমদাদুল হক মিলনের উপন্যাস আয়না কাহিনী ও লিলিয়ান উপাখ্যান। বেলায়েত হোসেনের মুক্তিযুদ্ধবিষয়ক ৭১-স্মরণ ইত্যাদি।অনুষ্ঠান: মেলা মঞ্চে গতকাল ছিল ‘ভাষা আন্দোলনের ইতিকথা: পটুয়া কামরুল হাসান’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ পড়েন মইনুদ্দীন খালেদ। আলোচনা করেন কাজল বন্দ্যোপাধ্যায় ও নিসার হোসেন। সভাপতিত্ব করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। সন্ধ্যায় আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর ও হাসান আরিফ। শেষে শ্রোতাদের নজরুলসংগীত শুনিয়েছেন জনপ্রিয় শিল্পীরা।