‘টগবগ টগবগ’ ঘোড়া থেকে নামার পর তেমন খুশি মনে হলো না আট বছরের মালিহাকে। দেখা গেল, মন ভার করে মায়ের হাত ধরে হাঁটছে। কারণ এর আগে যতবার এই শিশুপার্কে এসেছে, ততবার সে এ রাইডগুলোতেই চড়েছে। তা ছাড়া ঘোড়ার সামনে ধরার জন্য হাতল দুটো ভাঙা থাকায় সে সারাক্ষণ ভয়ে ভয়ে ছিল, এই বুঝি পড়ে গেল। আর নাগরদোলায় বাচ্চাকে নিয়ে ওঠার সাহসই পেলেন না ঢাকার ওয়ারী থেকে আসা পারভীন বেগম। ১৯৭৯ সালে ১৫ একর জমির ওপর সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে শিশুপার্কটি নির্মিত হয়। পার্কে বিভিন্ন রাইড, যেমন—রোমাঞ্চ চক্র, আনন্দঘূর্ণি, এসো গাড়ি চড়ি, চাকা পায়ে চলি, ফুলদানি আমেজ, ঝুলন্ত চেয়ার, লম্ফঝম্ফ, রেলগাড়ি, বিস্ময় চক্র স্থাপন করা হয়। এরপর ১৯৯২ সালে উড়ন্ত বিমান ও উড়ন্ত নভোযান স্থাপন করা হয়। সর্বশেষ ১৯৯৭ সালে এফ-৬ জঙ্গিবিমানটি শিশুপার্কে বসানো হয়। জানা যায়, জাপান থেকে আনা এ রাইডগুলোর মেয়াদ ছিল নয় থেকে দশ বছর। নির্দিষ্ট সময় অতিক্রমের পর এগুলোর এখন লক্কড়-ঝক্কড় অবস্থা। মেয়াদোত্তীর্ণ জীর্ণ-পুরাতন এ রাইডগুলোই মেরামত করে চালানো হচ্ছে। এতে যেমন এগুলোর প্রতি শিশুদের আকর্ষণ কমেছে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে বলে রাইডগুলোর কয়েকজন চালক জানিয়েছেন।সম্প্রতি শাহবাগের শহীদ জিয়া শিশুপার্কে ঘুরে দেখা গেছে, ঝুলন্ত চেয়ারে ছোটদের থেকে বড়রাই বেশি চড়েন। নিজ হাতে গাড়ি চালানো ছোটদের অত্যন্ত প্রিয় খেলা। পার্কের মাঝামাঝি এলাকায় বেশ খানিকটা জায়গা ঘেরাও করে রেখে শিশুদের আকৃষ্ট করার জন্য বড় অক্ষরে লেখা, ‘এসো গাড়ি চড়ি’। পার্কের রক্ষণাবেক্ষণকারীরা জানান, শুরুতে গাড়ি ছিল এক ডজন। এখন আছে মাত্র তিনটি। জরাজীর্ণ গাড়িগুলো কোনোমতে সচল রাখা হয়েছে। একেবারে পশ্চিম কোণে বেবিসাইকেল চালনার নির্ধারিত জায়গাটি যথারীতি ঘেরাও করা থাকলেও সেখানে একটিও সাইকেল নেই। লম্ফঝম্প নামের খেলনাটিতেও শিশুদের মনের আনন্দে লাফালাফি করতে দেখা গেছে। তবে লাফালাফি করার জন্য যে ক্যানভাস টানানো আছে, সেগুলো পুরোনো হয়ে গেছে। কোনোটি ছিঁড়ে গেছে। সেখানে পা দিলে বিপদের আশঙ্কা। তাই শিশুরা মনের আনন্দে লাফালাফিতে মেতে থাকলেও পাশেই অভিভাবকেরা উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে থাকেন।দূর থেকে ছোট্টমণিদের রেলগাড়িটার অবস্থা দেখে অন্য অনেক খেলনার তুলনায় মন্দের ভালো মনে হলো। তবে চড়তে গিয়ে দেখা গেল আসনগুলোর শতচ্ছিন্ন দশা। আর ‘চাকা পায়ে চলা’ খেলনাটির কোনো অস্তিত্বই নেই।সন্ধ্যার পরে পার্কের ভেতরে যে আলো থাকে তা অপর্যাপ্ত। ফলে গা ছমছম করা আলো-আঁধারি পরিবেশ। চারপাশ অপরিচ্ছন্ন। পার্কে প্রচুর লোকের সমাগম হলেও এসব কারণে কেউ তেমন সন্তুষ্ট হতে পারছিলেন না। তবে অনেকেই জানালেন, মধ্যবিত্ত পরিবারের শিশুদের স্বল্প খরচে বিনোদনের জন্য ঢাকায় তেমন কোনো বিনোদন-ব্যবস্থা না থাকায় তাঁরা এখানে আসতে বাধ্য হয়েছেন।বর্তমানে পার্কে প্রবেশ করতে আট টাকার টিকিট কিনতে হয়। আর পার্কের প্রতিটি রাইডের টিকিট ছয় টাকা। পার্কের দায়িত্বে নিয়োজিত সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানালেন, সাধারণ কর্মদিবসে প্রতিদিন নিম্নে ১০ হাজার এবং ছুটি বা উৎসবের দিনগুলোতে দুই লাখ টাকার বেশি আয় হয়।দর্শকের কথা চিন্তা করে কেন নতুন কোনো রাইড সংযোজন করা হয় না? এ প্রশ্নের উত্তরে তিনি জানান, শিশুপার্কের আধুনিকায়ন ও সংস্কারের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। তবে হাইকোর্টের একটি নির্দেশের কারণে প্রস্তাবিত প্রকল্পটির বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। প্রসঙ্গত, একাত্তরের রেসকোর্স ময়দান অর্থাৎ আজকের সোহরাওয়ার্দী উদ্যানের সব স্থাপনা অপসারণ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণের স্থান ও একই বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থান সংরক্ষণের নির্দেশনা চেয়ে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ ও অধ্যাপক মুনতাসীর মামুন জনস্বার্থে গত বছরের ২৫ জুন হাইকোর্টে রিট করেন। পরে হাইকোর্টের দেওয়া রায়ে উদ্যান থেকে ১৯৭১ সালের পরের সব স্থাপনা সরাতে বলা হয়। রায় অনুসারে উদ্যানে অবস্থিত শিশুপার্ক ও পুলিশ ক্যাম্প সরিয়ে নিতে হবে।প্রতিবছর ঈদে রাজধানীর বিনোদনপিয়াসী মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই শিশুপার্ক। অন্য বিনোদনকেন্দ্রগুলো মূল নগর থেকে দূরে ও ব্যয়বহুল হওয়ার কারণে মধ্যবিত্তরা তাঁদের সন্তানদের নিয়ে এখানেই ভিড় করেন। কিন্তু বছরের পর বছর একই চিত্র দেখছেন তাঁরা। কোনো উন্নতি নেই পার্কের। এবারের ঈদেও ছিল না কোনো আলাদা ব্যবস্থা।