দর্শনায় যাত্রীবাহী ট্রেনের পাঁচ বগি লাইনচ্যুত, আহত ৩০, উদ্ধারকারী ট্রেনের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে জংশনের কাছে ১৬ ডাউন মহানন্দা এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটির উদ্ধারকাজ শুরু হয়েছে। সন্ধ্যা সাতটায় ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শহীদুল ইসলাম এতে নেতৃত্ব দিচ্ছেন। আজ মঙ্গলবার দুপুর দুইটায় ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনা যাচ্ছিল। বর্তমানে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।দর্শনা আন্তদেশীয় রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য খুলনা ও ঈশ্বরদী থেকে দুটি উদ্ধারকারী ট্রেন দর্শনার পথে রওনা হয়। ট্রেনটি উদ্ধার না হওয়া পর্যন্ত স্বাভাবিক ট্রেন চলাচল বিঘ্নিত হবে।চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার আবদুল খালেক জানান, দুর্ঘটনার কারণে ঢাকা থেকে খুলনাগামী ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস ডাউন ট্রেনটি দুপুর আড়াইটা থেকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। এতে ওই ট্রেনের যাত্রীরাও দুর্ভোগে পড়েছে।