দল, নির্বাচন ও গণতান্ত্রিক সংস্কৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালে বাংলাদেশে নির্বাচিত বেসামরিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই যেসব বিষয় নিয়ে আলোচনা চলছে, তার একটি হলো গণতন্ত্র অব্যাহত রাখতে এবং গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে বিরোধী দলের ভূমিকা কী? গত উনিশ বছরে অনুষ্ঠিত চারটি অবাধ ও সফল নির্বাচন এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে এ কথা নির্দ্বিধায় বলা যায়, বাংলাদেশে একটি দ্বিদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এই চারটি নির্বাচনের ফলাফল থেকে এও স্পষ্ট যে এই দুই দলের কেউই ক্ষমতায় থাকা অবস্থায় পুনর্নির্বাচিত হতে পারেনি।বাংলাদেশের এই দুই প্রধান দল আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৯৯১ সালের পর ক্ষমতাসীন ও বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার সমান সুযোগ পেয়েছে। ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেড় দশকের গণতান্ত্রিক ব্যবস্থার আওতায় দেশে সংসদীয় শাসন পুনঃপ্রবর্তিত হয়েছে, নিয়মিতভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করছে। অন্যদিকে, এই একই সময়ে সহিষ্ণুতার মাত্রা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, বেড়েছে রাজনৈতিক নেতাদের সংঘাতমুখী আচরণ, প্রশাসনে দলীয়করণ ঘটেছে সীমাহীনভাবে এবং (সেনাশাসন আমলে শুরু হওয়া) দুর্নীতি সমাজের সর্বস্তরে ব্যাপকভাবে প্রসারিত হয়েছে।দেড় দশকের ‘গণতান্ত্রিক যুগের’ অভিজ্ঞতায় একটি বড় দিক হলো, রাজনৈতিক দলগুলো, কার্যত দুটি দল, বিরোধী দল হিসেবে ভূমিকা পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ক্ষমতাসীন দল হিসেবে তাদের সাফল্যও খুব বেশি একটা জোর গলায় দাবি করার সুযোগ নেই। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রের কোনো কোনো সেক্টরে দুই দলই ক্ষমতাসীন দল হিসেবে সাফল্যের জন্য চেষ্টা করেছে। কিন্তু যখনই তারা বিরোধী দলে গেছে, তাদের পক্ষ থেকে কোনো রকম সাফল্যের চেষ্টা ছিল বলে মনেই হয় না। প্রতিটি নির্বাচনেই (সর্বশেষ অনুষ্ঠিত ২০০৮ সালের নির্বাচনের ফলাফলসমেত) ভোটাররা পূর্ববর্তী ক্ষমতাসীন দলকে কেবল ক্ষমতাচ্যুতই করেনি, সাবেক বিরোধী দলকে আরও বেশি আসনসংখ্যায় বিজয়ী করে সংসদে পাঠিয়েছে। অন্যদিকে, বিরোধী দল সংসদে ক্রমাগতভাবে ছোট আকারে পরিণত হয়েছে।বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এই ধারণা সংগত কারণেই বদ্ধমূল যে ভোটাররা প্রতি নির্বাচনে ক্ষমতাসীনদের প্রত্যাখ্যান করেছেন। অধিকাংশ ভোটার ক্ষমতাসীনদের কার্যত জানাতে চেয়েছেন তাদের শাসনামলে ক্ষমতাসীন দলের আচরণে তাঁরা অসস্তুষ্ট। এতে করে দুই দলীয় ব্যবস্থায় যা অনিবার্য পরিণতি, তা-ই হয়েছে—বিরোধী দল, যে বিরোধী দল হিসেবে সফল নয়, সেই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ভোটারদের ভোটদানের এই প্রবণতা নিয়ে কোনো তথ্যভিত্তিক গবেষণা হয়েছে বলে মনে হয় না। সম্ভবত বাংলাদেশবিষয়ক গবেষকদের এই দিকে মনোযোগ দেওয়া দরকার। একইভাবে এই প্রবণতার অন্য দিক হলো, সংসদে বিরোধী দলের আকার ছোট হয়ে আসা। বাংলাদেশে বিরোধী দল কোনো কার্যকর ভূমিকা রাখতে উৎসাহী নয়, কিংবা অপারগ বলেই কি জনসাধারণ এখন আর সংসদে শক্তিশালী বিরোধী দল নিয়ে উৎসাহী নয়? নাকি বাংলাদেশে সংসদীয় নির্বাচনের ব্যবস্থায় কোনো কাঠামোগত ত্রুটি রয়েছে, যার পরিণতিতে সংসদে বিরোধী দল ক্রমেই ছোট আকার নিচ্ছে? সংসদে বিরোধী দলের আসনসংখ্যা হ্রাস পেলেও গত চারটি নির্বাচনে এটাও স্পষ্ট যে প্রায় এক-তৃতীয়াংশ ভোটার বিজয়ী দলকে ভোট দিচ্ছেন। দলগতভাবে আওয়ামী লীগ ও বিএনপির কমপক্ষে ৩০ শতাংশ সমর্থন সব সময়ই আছে। এই ভোটাররা যখন তাঁদের পছন্দের দলকে ভোট দেন, তাঁরা আশা করেন যে ওই দল বিজয়ী হবে, কিন্তু পরাজিত হলে এ দলের কাছ থেকে তাঁরা কী ভূমিকা আশা করেন? এই প্রশ্নের উত্তর খোঁজা দরকার, যাতে করে এই দুটি দলই তাদের সমর্থকদের প্রত্যাশা বুঝতে পারে। পাশাপাশি বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত বলে জনসাধারণ মনে করেন, আমরা তার একটা ধারণা পেতে পারি।২.গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনার ক্ষেত্রে একটা স্বল্পালোচিত বিষয় হলো, গণতন্ত্র বলতে আমরা কী বুঝি। ২০০৭ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগে রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনায় কখনো কখনো প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে। তার আগেও যে এই নিয়ে কথাবার্তা হয়নি, তা নয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আলোচনা নির্বাচনমুখী হয়ে পড়বে, এ রকম ধারণা তৈরি হয়েছে, আরেক দফা নির্বাচন করলেই এর একটা উত্তর পাওয়া যাবে। রাজনৈতিক সংকট সৃষ্টি হলে নির্বাচনকে সমাধান হিসেবে ভাববার প্রবণতা ১৯৯৬ সালে যেমন ছিল, ২০০৬ সালেও ঠিক তেমনই প্রাধান্য পেয়েছে। বাংলাদেশের প্রধান প্রধান দলের নেতারা থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মী-সমর্থকদের মধ্যে গণতন্ত্র বলতে একই ধারণা আছে, এমন মনে করার কারণ নেই।আমরা এও জানি যে গণতন্ত্রের কোনো সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নেই। সব সময় সব দেশে সব পরিস্থিতিতে গণতন্ত্র বলতে একই জিনিস বোঝাবে, তাও মনে করার কোনো কারণ নেই। বিশ্বজুড়ে সাধারণ মানুষ আগের তুলনায় এখন বেশি গণতন্ত্রাকাঙ্ক্ষী বলে যেসব জরিপ ও গবেষণা প্রকাশিত ও প্রচারিত হয়েছে, অনেকে তার সমালোচনাও করেন। সমালোচকদের বক্তব্য হলো, গণতন্ত্র বলতে সাধারণ মানুষ কিছু ইতিবাচক বিষয়ের ব্যাপারে তাঁদের প্রত্যাশার কথা বলেন, কিন্তু তাঁরা সবাই গণতন্ত্র বলতে একই বিষয় বোঝাচ্ছেন, তা মনে করার পেছনে কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ নেই। তা ছাড়া গণতন্ত্র বিষয়ে এযাবৎ যত গবেষণা হয়েছে, তাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। কিছু হচ্ছে মান-নির্ধারক (নরমেটিভ) অর্থাৎ গণতন্ত্র যেমন হওয়া উচিত, আর কিছু হচ্ছে প্রায়োগিক (ইমপেরিক্যাল) অর্থাৎ কার্যত গণতন্ত্র কেমন। গণতন্ত্র নিয়ে গবেষণা ও আলোচনায় এই পার্থক্যও রয়েছে যে এক পক্ষ মনে করেন, গণতন্ত্র হচ্ছে একটি শাসনব্যবস্থা, অন্য পক্ষের বক্তব্য হলো গণতন্ত্র একগুচ্ছ মূল্যবোধ। এসব বক্তব্যের আলোকে আমরা বলতে পারি যে দুটো গণতন্ত্র সর্বাংশে একে অন্যের মতো হয় না।এসব ভিন্নমত সত্ত্বেও সাধারণভাবে কোনো ব্যবস্থাকে গণতান্ত্রিক বলার জন্য তিনটি বৈশিষ্ট্য অনস্বীকার্য। রাষ্ট্রবিজ্ঞানের দীর্ঘ ও সমৃদ্ধ আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি, এই তিনটি বৈশিষ্ট্য হলো; ১. সর্বজনীন ভোটাধিকার; ২. নিয়মিত, অবাধ, প্রতিযোগিতামূলক বহুদলীয় নির্বাচনের মাধ্যমে আইনসভা বা নির্বাহী বিভাগের প্রধানের নিযুক্তি; ৩. নাগরিক ও রাজনৈতিক অধিকারের নিশ্চয়তা (যেমন মতপ্রকাশের, সংগঠনের, সমবেত হওয়ার অধিকার) ও আইনের শাসন (যাতে করে সব নাগরিক ও রাষ্ট্রের পক্ষে কর্মকর্তারা আইনের চোখে সমানভাবে বিবেচিত হন এবং প্রকৃত আইনানুগ ক্ষমতা ভোগ করেন)। গণতন্ত্রের জন্য এই তিনটি বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে জরুরি ও স্বল্পতম দিক। এই তিনটি একে অপরের থেকে আলাদা নয় এবং এগুলোকে বিবেচনা করতে হবে একটি প্যাকেজের অংশ হিসেবে। এই তিনটি বৈশিষ্ট্য গণতান্ত্রিক ব্যবস্থার চূড়ান্ত লক্ষ্য নয়, কেবল একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা। এগুলোর উপস্থিতিই গণতন্ত্র নয় কিন্তু এগুলোকে বাদ দিয়ে গণতন্ত্র সম্ভব নয়।এই তিনটি বৈশিষ্ট্যের উপস্থিতির পাশাপাশি বিবেচনা করা দরকার যে কার্যকারিতার দিক থেকে গণতন্ত্রকে আনুষ্ঠানিক (ফর্মাল) ও সারগর্ভ (সাবসটেনটিভ) এই দুই ভাগে ভাগ করা যেতে পারে। আনুষ্ঠানিক গণতন্ত্রের জন্য প্রয়োজন সব প্রতিষ্ঠানেই থাকে, কিন্তু সেগুলো ব্যবহূত হয় সংখ্যালঘু এলিট গোষ্ঠী দ্বারা, কিংবা তাদের অপব্যবহার ঘটে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে উদ্ধারের জন্য। আনুষ্ঠানিক গণতন্ত্রে নিয়মিতভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, রাজনৈতিক অংশগ্রহণের আপাতদৃষ্ট পদ্ধতি থাকে এবং আইনের শাসনের একটা ছায়া বিরাজ করে। কিন্তু মর্মবস্তুর দিক থেকে এটি ক্লেপটোক্রেসি বা তস্করদের শাসন ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে, সারগর্ভ গণতন্ত্র হলো গণতন্ত্রের মর্মবস্তুর প্রকাশ, যেখানে সাধারণ মানুষের ক্ষমতায়ন ঘটে, যেখানে স্বার্থান্ধ ও সুবিধাভোগী গোষ্ঠীর প্রভাব থেকে মুক্ত হয়ে জনসাধারণ তাদের মতামতকে প্রতিষ্ঠা করতে পারে, যেখানে কাঠামোগত প্রতিবন্ধকতাগুলো দূর করতে জনসাধারণ ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে। কোনো কোনো বিশ্লেষক এই দুই ধরনের গণতন্ত্রকে অনুদার (ইললিবারেল) ও উদার (লিবারেল) বলে বর্ণনা করেছেন। ‘অনুদার গণতন্ত্রে’ নির্বাচনের পাশাপাশি জনগণের রাজনৈতিক অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে অহরহ, ঘটে পরিকল্পিতভাবে, বিভিন্ন ধরনের আইনবহির্ভূত প্রক্রিয়ায় জনসাধারণের মৌলিক অধিকার হরণ করা হয়। অনুদার গণতন্ত্র হচ্ছে কর্তৃত্ববাদী শাসন ও নির্বাচনের একধরনের মিশ্র রূপ। অনুদার বা আনুষ্ঠানিক গণতন্ত্রের সুবিধাভোগীরা নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে; কেবল তার প্রতিই জোর দেয় তা নয়, তারা এটাও বলতে চায় যে নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের একমাত্র মাপকাঠি। তার ব্যত্যয় হলেই তারা গণতন্ত্র নিয়ে চিন্তিত হয়, তার আগে কখনোই এ নিয়ে ভাবতে রাজি নয়। মনে রাখা দরকার যে নির্বাচনের ওপর এই অতিরিক্ত গুরুত্বারোপ কেবল অনুদার গণতন্ত্রের সুবিধাভোগীদেরই প্রিয় বিষয় নয়। পশ্চিমা বিশ্ব, বিশেষত, যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের একাংশের মধ্যেও এই প্রবণতা রয়েছে। এই প্রেক্ষাপটেই ‘নির্বাচনী-ভ্রান্তি’ বা ‘ইলেকটোরাল ফ্যালাসি’ ধারণার উদ্ভব। এই ভ্রান্তির প্রধান লক্ষণ হচ্ছে, নির্বাচনই গণতন্ত্রের সবচেয়ে বড় মাপকাঠি মনে করা। এই ভ্রান্তি তৈরি হয় কোথা থেকে? এই ভ্রান্তি তৈরি হয় প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত জোর দেওয়া থেকে। যাঁরা গণতন্ত্রকে কেবল একটি শাসনপদ্ধতি বলে মনে করেন এবং যাঁরা গণতন্ত্রের মর্মবস্তু যে একগুচ্ছ মূল্যবোধ, তা আন্তরিকভাবে আমলে নেন না তাঁরাই নির্বাচনী ভ্রান্তির শিকার হন। দীর্ঘ মেয়াদে আনুষ্ঠানিক গণতন্ত্র দেশ ও জাতির জন্য সুফল বয়ে আনে না।আনুষ্ঠানিক গণতন্ত্রচর্চাকে শেষ লক্ষ্য হিসেবে বিবেচনা করলে গণতন্ত্রই এক সময় বিপদাপন্ন হয়ে পড়ে। বাংলাদেশে ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রচর্চা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে পড়ার কারণেই দেশ এক অভাবনীয় সংকটের মুখোমুখি হয়। গণতন্ত্র কোনো নিশ্চল বিষয় নয়, বরং গণতন্ত্রে সাফল্যের চাবিকাঠি হচ্ছে তার গতিশীলতা। গণতন্ত্র টেকসই হয় তখনই যখন গণতন্ত্র এবং গণতান্ত্রিক শক্তি জনগণের কাছ থেকে প্রতি মুহূর্তেই সমর্থন লাভ করতে সক্ষম হয়। অন্যথায় ব্যবস্থাটি তার নৈতিক বৈধতা হারাতে বাধ্য। ২০০৬ সালের সংকটের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের সীমাবদ্ধতা বোঝা গেলেও তার কোনো সমাধান তৈরি করা সম্ভব হয়নি। ২০০৮ সালের নির্বাচনের মধ্য দিয়ে দেশে নির্বাচিত রাজনৈতিক শাসন পুনঃপ্রবর্তিত হয়েছে। এটা নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু যেসব অসম্পূর্ণতা ও সীমাবদ্ধতা এই সংকটের সূচনা করেছিল, তার বৃহদাংশই এখনো বহাল আছে। এই সংকটের পূর্বাভাস ছিল ১৯৯৬ সালে। ২০০৬ সাল কিসের পূর্বাভাস, সেটা বিবেচনা করা প্রয়োজন।৩.সারগর্ভ গণতন্ত্রের (সাবসটেনটিভ ডেমোক্রেসি) অন্যতম প্রধান শর্ত হলো গণতান্ত্রিক সংস্কৃতি। গণতান্ত্রিক সংস্কৃতির ব্যাখ্যা করা খুব সহজ কাজ নয়। তবে এ প্রসঙ্গে বার্ট্রান্ড রাসেলের একটি বক্তব্য আমাদের সাহায্য করতে পারে। বার্ট্রান্ড রাসেল ‘গণতন্ত্রী’ বলতে কাকে বোঝায়, সেটা বর্ণনা করে বলেছিলেন, ‘একজন গণতন্ত্রীর এ কথা বিশ্বাস করার প্রয়োজন নেই যে সংখ্যাগরিষ্ঠ সব সময়ই প্রাজ্ঞ সিদ্ধান্তে পৌঁছাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না সংখ্যাগরিষ্ঠ অন্য কোনো সিদ্ধান্ত পৌঁছাচ্ছে, তাকে সংখ্যাগরিষ্ঠের এ সিদ্ধান্ত—প্রাজ্ঞ হোক অথবা না হোক—মেনে নেওয়ার প্রয়োজনীয়তাকে স্বীকার করতে হবে।’গণতান্ত্রিক সংস্কৃতির মূলকথা হলো, ভিন্নমতকে গ্রহণ করার এবং রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সহযোগিতার মনোভাব থাকা। রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্ন মতাবলম্বীদের বক্তব্যকে গুরুত্ব প্রদান করা প্রয়োজন; যাতে করে তা সরকার, প্রতিষ্ঠান, ব্যক্তির আচরণের নৈতিক ভিত্তি হিসেবে কাজ করে। এই মনোভাব তৈরি না হলে এবং তা চর্চার ধারা সৃষ্টি না হলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছাচারী আচরণ করতে বাধ্য। বাংলাদেশে গত ৩৯ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে স্বেচ্ছাচারী ও স্বৈরতান্ত্রিক আচরণ, তার কারণ এটাই। সামনে গণতান্ত্রিক সংস্কৃতি অনুপস্থিত থাকলে বিচারবহির্ভূত হত্যা যে একটি পদ্ধতি হিসেবে ব্যবহূত হবে, তাতে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই।নিঃসন্দেহে গণতান্ত্রিক সংস্কৃতি এক দিনে সৃষ্টি হতে পারে না। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে সেনাশাসন বহাল থাকার কারণে গণতান্ত্রিক সংস্কৃতি তৈরির ক্ষেত্রে ১৯৯১ সাল পর্যন্ত কোনো রকম সম্ভাবনা ছিল না। কিন্তু এই যুক্তি ২০১০ সালে কতটা গ্রহণযোগ্য, সেটা প্রশ্নসাপেক্ষ। ১৫ বছর ধরে অব্যাহত গণতন্ত্রচর্চার সময়ও বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠার কোনো সম্ভাবনাই দেখা যায়নি। ২০০৮ সালের নির্বাচনের পর দেড় বছরেরও বেশি সময় পার হয়েছে। কিন্তু সরকারি দল বা বিরোধী দল নতুন সংস্কৃতির কোনো ইঙ্গিত দেয়নি। উপরন্তু সহিষ্ণুতার মাত্রা আরও হ্রাস পেয়েছে। এই অবস্থা যে ভবিষ্যতেও অব্যাহত থাকবে, সেটা প্রায় নিশ্চিত করে বলা যায়। তার পরিণতি অতীতের চেয়ে ভিন্ন কিছু হবে, এমন আশা করাও খুব সমীচীন নয়। আলী রীয়াজ: অধ্যাপক, রাজনীতি ও সরকার বিভাগ, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র