দল এবার তৃণমূলের মতামতকে গুরুত্ব দেবে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এবার তৃণমূলের মতামতকে গুরুত্ব দেবে আওয়ামী লীগ। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলো অনলাইনকে এ কথা জানিয়েছেন।হানিফ জানান, জাতিসংঘের মহাসচিব বান কি মুন ঢাকা ত্যাগ করার পর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা শুরু হবে।আইনি বাধ্যবাধকতা অনুযায়ী কোনো সিটি করপোরেশন গঠনের ১৮০ দিনের মধ্যে সেখানে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এই হিসেবে আগামী ১ জানুয়ারির মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচন করতে হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশন প্রস্তুতিমূলক কাজও শুরু করেছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহের যেকোনো সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।এ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রস্তুতি সম্পর্কে হানিফ বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়নের ব্যাপারে এখনো দলীয় পর্যায়ে কোনো আলোচনা হয়নি। নির্দলীয় নির্বাচন বলে এখানে আনুষ্ঠানিকভাবে কাউকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। তবে সমর্থন কাউকে না কাউকে তো দেওয়াই হবে।প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ আসনের সাংসদ বাহাউদ্দিনের নাম শোনা যাচ্ছে। কিন্তু সিটি করপোরেশন আইনের বিধান অনুযায়ী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তাঁকে সংসদ সদস্যপদ ছাড়তে হবে। অন্যদিকে, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজাল খানও প্রার্থী হতে আগ্রহী। আওয়ামী লীগের আরও কেউ কেউ আগ্রহ দেখাতে পারেন। তবে শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে কে দলীয় সমর্থন পাবেন, সে সম্পর্কে এখনই কিছু বলতে চান না দলটির নেতারা। হানিফ জানান, তৃণমূলের নেতাদের মতামত নিয়ে এবার প্রার্থী নির্বাচন করা হবে।গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামীম ওসমান লক্ষাধিক ভোটের ব্যবধানে সেলিনা হায়াত্ আইভীর কাছে পরাজিত হন। তৃণমূল পর্যায়ে আইভীর ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি দলের সমর্থন পাননি। দলীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বিব্রতকর অবস্থায় রয়েছেন। কারণ এ নিয়ে তাঁদের এখনো দলের মধ্যম ও নিচের সারির নেতাদের সমালোচনা শুনতে হচ্ছে।হানিফ বলেন, নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে দল বিব্রত নয়। তবে এটা ঠিক, সেখানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মাঠ পর্যায় থেকে দলের শীর্ষ পর্যায়ে সঠিক তথ্য পাঠানো হয়নি। সাধারণ মানুষ মেয়র হিসেবে আইভীকে চেয়েছেন। অথচ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে জানানো হয়েছিল, জনগণ শামীম ওসমানকে চায়। কিন্তু নির্বাচনের ফল জেলার নেতাদের তথ্যকে ভুল প্রমাণিত করেছে।