দল গড়লেন কাদির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিতে আসছেন পাকিস্তানের পরমাণু-বোমার জনক আবদুল কাদির খান। ইতিমধ্যে তিনি একটি রাজনৈতিক দলও গঠন করেছেন। দলের নাম তেহেরিক-ই-তাহাফুজ। এর মাধ্যমে পার্লামেন্টের আগামী নির্বাচন সামনে রেখে দেশব্যাপী তরুণদের সচেতন করার পরিকল্পনা করছেন তিনি।কাদির খান পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে জানিয়েছেন, কাকে ভোট দেওয়া উচিত আর কাকে ভোট দেওয়া উচিত নয়, সে বিষয়ে তিনি তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে চান। তাঁর ভাষায়, ‘আমি তরুণদের বলব, আগামী নির্বাচনগুলোতে তোমরা সত্ প্রার্থীকে নির্বাচিত করো।’ তবে তাঁর নতুন দল নির্বাচনে অংশ নেবে কি না, সে ব্যাপারে তিনি কিছু বলেননি।সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের শাসনামলে ২০০৪ সালে কাদির খানকে গৃহবন্দী রাখা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি গোপনে উত্তর কোরিয়া ও লিবিয়ার কাছে পারমাণবিক প্রযুক্তি-সংক্রান্ত তথ্য পাচার করছেন। তবে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সরকার ক্ষমতায় আসার পর থেকে তাঁর প্রতি নজরদারি কিছুটা শিথিল করা হয়।সরকারের সঙ্গে নানা সময়ে বিবাদে জড়িয়ে বিতর্কিত পরমাণু বিজ্ঞানী কাদির খান পাকিস্তানের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর সমালোচনায় মুখর। তাঁর দাবি, পাকিস্তানের রাজনীতিতে সক্রিয় পুরোনো দলগুলো জনগণকে দেওয়া তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ। তাঁর দল তেহেরিক-ই-তাহাফুজ পাকিস্তান এই রাজনৈতিক দলগুলোকে ভোট না দিতে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালাবে বলে কাদির খান উল্লেখ করেন।