দল থেকেও বহিষ্কৃত হলেন সাংসদ রেজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) সাংসদ এইচ এম গোলাম রেজাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার জাপার গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ সাংসদ (সাতক্ষীরা-৪) গোলাম রেজাকে বহিষ্কার করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।এর আগে প্রতারণার অভিযোগ এনে গত মঙ্গলবার গোলাম রেজাকে জাপার সভাপতিমণ্ডলীর সদস্যপদ ও সংসদীয় দলের হুইপের দায়িত্ব থেকে অব্যাহতি দেন এরশাদ। পরদিন বুধবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে গতকাল দুপুর ১২টার মধ্যে জবাব দিতে বলা হয়। দলীয় সূত্র জানায়, গত সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নেওয়ার সময় সাংসদ রেজা জীবনবৃত্তান্তে নিজেকে এইচএসসি পাস বলে উল্লেখ করেছেন। কিন্তু তিনি আসলে নবম শ্রেণী পাস। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি প্রতারণার অভিযোগের কারণ দর্শাতে বলা হয়েছে। গোলাম রেজা গতকাল প্রথম আলোকে বলেন, নোটিশের জবাবে তিনি লিখেছেন, শুক্রবার তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে। সেখান থেকে কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাট হয়েছে। তাই কারণ দর্শানোর জবাব দিতে সময় বাড়িয়ে দিলে তিনি সবকিছুর জবাব দিতে পারবেন। তিনি দাবি করেন, ‘শুক্রবার হামলার এক ঘণ্টা আগে এরশাদ সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। আমি বলেছি, স্যার, আমার ভুল হয়ে থাকলে মাফ করে দেন। এরপর স্যার মাফ করে দিয়েছেন।’এ ব্যাপারে জানতে চাইলে গতকাল দুপুরে এরশাদ প্রথম আলোকে বলেন, ‘রেজা আমাকে ফোন করেছিল, আমি ধরিনি। এরপর অন্য নম্বর থেকে ফোন করে বলে, “স্যার, আপনি আমার বাপ, আমাকে ক্ষমা করে দিন।” কিন্তু আমি ক্ষমা করিনি।’দলীয় সূত্র জানায়, গতকাল দুপুরে বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে এরশাদ দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে রেজাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও দলের চেয়ারম্যানের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ বলেন, গোলাম রেজার জবাব সন্তোষজনক হয়নি। তাই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাপার এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানালে আইন অনুযায়ী গোলাম রেজার সংসদ সদস্য পদ থাকার কথা নয় বলে দলীয় সূত্র জানিয়েছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক গোলাম রেজাকে ১৯৯৭ সালে একান্ত সচিব (পিএস) নিয়োগ দেন এরশাদ। পরে দলীয় মনোনয়নে সাংসদ হন। এরশাদের ব্যক্তিগত ব্যবসা ও সম্পত্তি বেহাত করার কারণে দল তাঁর বিরুদ্ধে এসব ব্যবস্থা নেয়।