দল বদলকারীরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, এখন যাঁরা দল বদল করছেন, তাঁরা ২০১৪ সালে অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই দলের সদস্য হিসেবে তিন বছর সম্পৃক্ত থাকতে হবে। নির্বাচনের যেহেতু আর আড়াই বছর বাকি আছে, সেহেতু দলে নতুন যোগ দেওয়া ব্যক্তিরা ইতিমধ্যে সংশ্লি¬ষ্ট দলের প্রার্থী হওয়ার যোগ্যতা হারিয়েছেন।’ দলগুলোর মনোনয়ন-বাণিজ্য ঠেকাতে এবং দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা যাতে দলে মূল্যায়ন পান, সে জন্য নতুন এই সংশোধনীটি গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংযোজন করা হচ্ছে বলে তিনি জানান।নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সম্মেলন কক্ষে গণফোরামের নেতাদের সঙ্গে সংলাপে আজ সোমবার এসব কথা বলেন শামসুল হুদা। সিইসির সভাপতিত্বে সংলাপে গণফোরামের সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, কমিশনের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।কামাল হোসেন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচনের ৯০ দিন তত্ত্বাবধায়ক সরকারের সব ক্ষমতা ইসিকে দিয়ে দেওয়া যেতে পারে। গণফোরাম পর্যায়ক্রমে শহর থেকে গ্রামাঞ্চলের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মত দিয়েছে। এ ছাড়া ইসির প্রস্তাবিত অধিকাংশ আইনের সঙ্গে তারা একমত পোষণ করে। বাসস।