দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান মনজুর আলমের
চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম দল-মতের ঊর্ধ্বে উঠে সব কাউন্সিলরদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। উন্নয়ন কার্যক্রম চালাতে তিনি নগরবাসীর সহযোগিতাও কামনা করেন। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামের মেয়রের দায়িত্ব নেওয়ার পর তিনি এ কথা বলেন। ভারপ্রাপ্ত মেয়র এম জহিরুল আলম দোভাষ সিটি করপোরেশন মিলনায়তনে তাঁকে দায়িত্বভার হস্তান্তর করেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের চলমান বিভিন্ন প্রকল্প সম্পর্কে মনজুর আলম বলেন, সেবার উদ্দেশ্যে যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে সেগুলো অব্যাহত থাকবে। সিটি করপোরেশনে এর আগের অনিয়ম তদন্তের জন্য অভ্যন্তরীণ নিরীক্ষা শুরু হয়েছে। এ ধরনের অনিয়ম ধরা পড়লে তা জনগণের কাছে প্রকাশ করা হবে। সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান যা জনগণের করের টাকায় পরিচালিত হয়। কাজেই এখান থেকে একটি পয়সাও আত্মসাতের অধিকার আমাদের কারও নেই। মেয়র মনজুর আলম আগামী ২৬ জুলাই সিটি করপোরেশনের সভা আহ্বান করেছেন। ওই দিন থেকেই নতুন নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের মেয়াদকাল শুরু হবে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে সকালে মেয়র মনজুর আলম কাট্টলীর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এরপর মনছুরাবাদে দাদার কবর, চৈতন্য গলি কবরস্থানে আত্মীয়-স্বজনদের কবর এবং সর্বশেষ শাহ আমানতের (রা.) মাজার জিয়ারত করেন। এরপর তিনি আন্দরকিল্লা সিটি করপোরেশন ভবনে এসে পৌঁছলে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান। করপোরেশন ভবনে এসেই তিনি প্রথমে মিলনায়তনে মিলাদ মাহফিলের মোনাজাতে অংশ নেন। এরপর মেয়রের কার্যালয়ে যান। সেখান থেকে আবার মিলনায়তনে এসে দায়িত্বভার গ্রহণ করেন।