দল হিসেবে জামায়াতের বিচারের প্রস্তুতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার শুরুর প্রস্তুতি শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিচার হবে। মানবতাবিরোধী অপরাধের তদন্তে নিয়োজিত সংস্থার সূত্র থেকে এ তথ্য জানা গেছে।১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধন করে মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনের বিচারের সুযোগ সৃষ্টি করা হয়।৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, অপরাধ করলেও সংশ্লিষ্ট আইনে সংগঠনের বিচার করার সুযোগ নেই। এর আগে জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার রায়েও মুক্তিযুদ্ধে জামায়াতের নৃশংসতার কথা উল্লেখ করা হয়। আযাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।কিন্তু কাদের মোল্লার সর্বোচ্চ সাজা না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশের তরুণসমাজ। ৫ ফেব্রুয়ারি বিকেলেই তারা শাহবাগে আন্দোলন শুরু করে। তাদের দাবির মুখে অবশেষে সরকার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধন করে। আগে ট্রাইব্যুনালের রায় দেওয়ার সাজার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করার সুযোগ ছিল না। এই সংশোধনীতে আপিল করার ক্ষেত্রে সমতাও প্রতিষ্ঠা করা হয়। এদিকে দেশজুড়ে জামায়াত-শিবিরের অব্যাহত সহিংসতার পরিপ্রেক্ষিতে এই দলটি নিষিদ্ধেরও দাবি উঠেছে বিভিন্ন পক্ষ থেকে। আইন সংশোধনের পর সরকার এখন দলটির বিচার শুরুর জন্য পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। এ জন্য ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা ও তদন্ত সংস্থা প্রাথমিক কাজ শুরু করেছে।জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, জামায়াতের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা পরিচালনার সময় তদন্ত সংস্থা ও রাষ্ট্রপক্ষ অনেক তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। তাতে নেতাদের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে দল হিসেবে জামায়াতের যুক্ত থাকার অনেক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এখন নতুন করে তৎকালীন পত্রপত্রিকা, বইপত্র ও সরকারি নথিপত্র থেকে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের জড়িত থাকার বিষয়ে তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে। তিনি বলেন, এ মামলায় জামায়াতের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে।কবে নাগাদ জামায়াতের বিরুদ্ধে মামলা করা হবে—জানতে চাইলে রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি বলেন, এখনো দিনক্ষণ ঠিক হয়নি। প্রস্তুতি শেষ হলে মামলা করা হবে।তদন্ত সংস্থার সহসমন্বয়ক সানাউল হক বলেন, ‘এটি একটি নতুন বিষয়। যেহেতু দল হিসেবে আগে কোনো বিচারের নজির দেশে নেই, তাই বিষয়টি কীভাবে করতে হবে, তা নিয়ে আমরা রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও আইনবিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। নতুন আইনে কীভাবে এ বিচার হবে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।’এ বিষয়ে জানতে চাইলে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সরকার আইন করে দিয়েছে। এখন তদন্ত সংস্থা মামলা করবে। এখানে আইন মন্ত্রণালয় বা সরকারের কোনো কাজ নেই।’ প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল বা নুরেমবার্গ ট্রাইব্যুনালের সনদের নবম অনুচ্ছেদে বলা হয়, কোনো গোষ্ঠী বা সংগঠনের একজন সদস্যের বিচারের সময় ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংগঠন বা গোষ্ঠীকে অপরাধী সংগঠন হিসেবে ঘোষণা করতে পারবেন। ১৯৪৫ সালের ২০ অক্টোবর নুরেমবার্গ ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হওয়ার পর রাষ্ট্রপক্ষ ২২ জন ব্যক্তি এবং সাতটি সংগঠন ও গোষ্ঠীর বিচার করে। সংগঠন ও গোষ্ঠীগুলো হলো—ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি (নাৎসি পার্টি), হিটলারের মন্ত্রিসভা (রাইখ কেবিনেট), এসএস, এসডি ও এসএ (নাৎসি বাহিনীর অধীনে তিনটি আধাসামরিক বাহিনী), গেস্টাপো (গোপন পুলিশ বাহিনী) এবং জার্মান সশস্ত্র বাহিনীর উচ্চতর নেতৃত্ব। বিচারে অপরাধ প্রমাণিত হওয়ায় নাৎসি পার্টিসহ চারটি সংগঠন দোষী সাব্যস্ত হয়। নাৎসি পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বাকি সংগঠন ও গোষ্ঠীগুলো এর আগেই অস্তিত্ব হারায়।