সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে বলেছেন। তবে রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা ও ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আগামী দুটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলেও মত দিয়েছেন। এর অর্থ হলো, আমরা এখনো সমস্যা থেকে মুক্ত হতে পারিনি, এখনো আমরা সুশাসন থেকে দূরে রয়েছি। সে কারণে আদালত আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে বলেছেন।এই সময়ের মধ্যে দলগুলোকে সুস্থ রাজনৈতিক চর্চার সংস্কৃতি গড়ে তুলতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান ও পরবর্তী সরকারকে রাষ্ট্রযন্ত্র থেকে সব ধরনের দুর্নীতি দূর করতে হবে, যাতে ভবিষ্যতে আর কখনো তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন না হয়। ১৯৯৬ সালে কেন তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতির প্রবর্তন করা হয়েছিল, তা আমাদের সবার জানা। রাজনৈতিক আস্থাহীনতা, প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি, দলীয় বিবেচনায় নিয়োগ ইত্যাদি কারণেই এই বিশেষ পদ্ধতির সরকারের প্রয়োজন হয়েছিল। কিন্তু তাতে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি। যারাই ক্ষমতায় এসেছে, তারাই নিজেদের প্রয়োজনে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। প্রশাসন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, সরকারি কর্মকমিশন, নিরীক্ষা বিভাগ—সব জায়গাতেই দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বিগত জোট সরকারের আমলে নির্বাচন কমিশন এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার তৈরি করেছিল। দলীয় বিবেচনায় প্রায় ৩০০ নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছিল। এসব কর্মকাণ্ড সংবিধানের মূল চেতনার পরিপন্থী। দলীয় বিবেচনায় কাজ করতে গিয়ে রাষ্ট্রের নির্বাহী ব্যক্তিরা বারবার শপথ ভঙ্গ করেছেন এবং জনগণকে ক্ষমতাশূন্য করেছেন। কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র এভাবে চলতে পারে না। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আদালত এই রায়ের মাধ্যমে সেই দায়িত্ব রাজনৈতিক সরকারকে দিয়েছেন। সুতরাং সরকারকে কথা দিয়ে কথা রাখার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।গতকাল রায় প্রকাশের পর অনলাইনে আমি এ সম্পর্কে প্রথম জানতে পারি। রায়ে সুপ্রিম কোর্ট বিদায়ী প্রধান বিচারপতি ও বিচারপতিদের বাদ রেখে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি সংস্কার করার জন্য সংসদকে বলেছেন। এই নির্দেশনাও যৌক্তিক। কারণ বিদ্যমান আইন বিচার বিভাগকে প্রভাবিত করে চলেছে। একজন বিচারপতি দায়িত্বে থাকা অবস্থায় যখন জানতে পারবেন যে তিনি পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন, স্বাভাবিকভাবেই তখন তাঁর বিচারকাজ নিয়ে প্রশ্ন উত্থাপিত হবে। অন্য বিচারপতিরাও এই সরকারের উপদেষ্টা হওয়ার জন্য সরকারি দল বা অন্য কোনো দলকে অনৈতিক সুযোগ দেওয়ার চেষ্টা করতে পারেন। আবার সরকারগুলোও পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক রাখার জন্য বিচার বিভাগকে নিজেদের মতো করে ঢেলে সাজাতে পারে। এসব আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে। গত কয়েকটি সরকারের আমলে এমনটাই দেখেছি। বিশেষ একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য সংবিধান পর্যন্ত সংশোধন করা হয়েছিল, যার মধ্য দিয়ে এক-এগারোর সৃষ্টি হয়েছিল।এখন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, তার চেতনা সমুন্নত রাখার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ যে নির্বাচনটি হবে, তার আগেই রাজনৈতিক সরকারকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে রাষ্ট্রে আর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রয়োজন নেই। সে জন্য দলীয় বিবেচনায় নিয়োগ বন্ধ করতে হবে, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, যাতে তারা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে এবং সর্বোপরি বিচার বিভাগকে রাজনীতিমুক্ত করতে হবে।লন্ডন১০ মে, ২০১১