দলগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ অত্যন্ত জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আগামী নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ অত্যন্ত জরুরি। গণতন্ত্র বিকাশের স্বার্থে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশের সব পক্ষকে উৎসাহিত করবে জাতিসংঘ। জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো গতকাল রোববার সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তারানকোর চার দিনের বাংলাদেশ সফরের শেষ দিন সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জাতিসংঘের সহকারী মহাসচিব বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অস্কার ফার্নান্দেজ তারানকো সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পড়ে শোনান। এতে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, প্রধান নির্বাচন কমিশনার, নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধি সবাই সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন। এ সময় আমি সবাইকে একসঙ্গে কাজ করার মাধ্যমে নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরির অনুরোধ জানিয়েছি।’তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান নিয়ে প্রধান দুই দলের বিপরীতমুখী অবস্থানের পরও কীভাবে সহায়ক পরিবেশ সম্ভব—এ প্রশ্নের জবাবে তারানকো বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দূর করতে ইতিবাচক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য এটা প্রয়োজন। তবে সমাধানের পথ কীভাবে খুঁজে নেওয়া হবে, তা ঠিক করবে বাংলাদেশের জনগণ। এ ক্ষেত্রে আমরা সব পক্ষকে আলোচনায় উৎসাহিত করব।’ নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালনে সক্ষম করার স্বার্থে তারানকো রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের কমিশনের সঙ্গে ‘গঠনমূলকভাবে যুক্ত থাকার’ অনুরোধ জানান।বাংলাদেশ সফরে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় নির্বাচন নিয়ে কী ধারণা পেয়েছেন—জানতে চাইলে জাতিসংঘের সহকারী মহাসচিব বলেন, ‘সব পক্ষই আগামী নির্বাচন যাতে প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হয়, সে ব্যাপারে তাঁদের প্রত্যাশার কথা শুনিয়েছেন। বাংলাদেশে অতীতে এ ধরনের নির্বাচন অনুষ্ঠানের নজিরও রয়েছে। তাই সব মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আমি আশাবাদী।’জাতিসংঘের প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের সময় রাজপথে সংঘাত চলছে—এ অবস্থায় বিদ্যমান পরিবেশকে তিনি কীভাবে দেখছেন—এ প্রশ্নের জবাবে তারানকো বলেন, ‘এ ব্যাপারে এ মুহূর্তে আমাদের কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। তবে নির্বাচন নিয়ে এখানকার দলগুলোর মতপার্থক্য দূর হবে বলে আমি আশাবাদী। কীভাবে সেটি হবে, তা হয়তো আমার জানা নেই। তবে সমাধানের পথ এ দেশের মানুষকেই খুঁজে বের করতে হবে।’ আগামী নির্বাচন কোনো এক পক্ষ বর্জন করলে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় পর্যবেক্ষক পাঠানো থেকে বিরত থাকবে কি না—এ প্রশ্নের জবাব এড়িয়ে যান অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি বলেন, ‘বাংলাদেশকে আগামী নির্বাচনে কারিগরি সহযোগিতা দেবে জাতিসংঘ। অতীতেও বাংলাদেশের রাজনৈতিক মতপার্থক্যের সমাধান আলোচনার মাধ্যমেই হয়েছে। তা ছাড়া আমার সফরের সময় যাঁদের (রাজনৈতিক নেতা) সঙ্গে কথা হয়েছে, তাঁদের কেউ-ই নির্বাচন বর্জনের কথা বলেননি। তা ছাড়া প্রতিটি নির্বাচনের আগে পরিস্থিতি থাকে একেবারেই আলাদা।’