যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, আগামী দিনে বাংলাদেশে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনা হওয়াটা জরুরি। এ ব্যাপারে যত দ্রুত সমঝোতা হবে, বাংলাদেশের জন্য সেটাই মঙ্গল। আগামী নির্বাচনের আগে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করতে গিয়ে ঢাকায় শীর্ষ মার্কিন কূটনীতিক গতকাল সোমবার এ মন্তব্য করেন। মজীনা বলেছেন, পোশাকশ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডসহ পোশাকশিল্পের পরিবেশ নিয়ে পশ্চিমা বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছে। বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর ব্যাপারে মার্কিন প্রশাসনের উদ্বেগের বিষয়টিও তোলেন ড্যান মজীনা। গতকাল সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘মজীনার সঙ্গে সংলাপ’ শিরোনামে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইপিএসএস)। অনুষ্ঠানের শুরুতে বিআইপিএসএসের সভাপতি মেজর জেনারেল (অব,) এ এন এম মুনীরুজ্জামানের প্রশ্নের উত্তর দেন মার্কিন রাষ্ট্রদূত। এরপর মজীনা উত্তর দেন শ্রোতাদের প্রশ্নের। দুই ঘণ্টার অনুষ্ঠানে তিনি বাংলাদেশ-মার্কিন সম্পর্ক ছাড়াও পরিবর্তিত আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মার্কিন ভূমিকা সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দেন। অপরিহার্য ফলপ্রসূ সংলাপ: মজীনা বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্যের প্রশংসা করে গণতন্ত্র বিকাশের ওপর গুরুত্ব দিয়েছেন। আগামী নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যকার সংকট কীভাবে দেখেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশে গণতন্ত্রের সংস্কৃতি গভীরভাবে প্রোথিত। তা ছাড়া বাংলাদেশে অগণতান্ত্রিক শাসনের অভিজ্ঞতা সুখকর নয়। তাই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তার সুরাহা করতে হবে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলপ্রসূ ও অর্থবহ সংলাপ জরুরি বলে মত দিয়েছেন হিলারি ক্লিনটন। ‘এ সুরাহা কখন হবে, তা আমার জানা নেই। তবে যত তাড়াতাড়ি হবে, সেটাই বাংলাদেশের জন্য মঙ্গল।’আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত কি না—জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে, কোন পদ্ধতিতে নির্বাচন হবে, প্রধান রাজনৈতিক দলগুলো আলোচনায় বসে তা খুঁজে নিক।’ মার্কিন ক্রেতারা অসন্তুষ্ট: বাংলাদেশের শ্রম পরিবেশ বিশেষ করে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি মার্কিন ক্রেতাদের ক্রমশ উদ্বিগ্ন ও অসন্তুষ্ট করে তুলছে বলে উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি এ প্রসঙ্গে গত এপ্রিলে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে বাংলাদেশের শ্রমের মান নিয়ে উদ্বেগ বাড়ছে। এ বিষয়ে ৩১ বছরের কূটনৈতিক জীবনের এক বিচিত্র অভিজ্ঞতাও শোনান ড্যান মজীনা। তিনি বলেন, ‘তিন দিন আগে মাঝরাতে যুক্তরাষ্ট্রের বৃহৎ একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার ফোনে আমার ঘুম ভাঙে। কারণ, বাংলাদেশ নিয়ে, বিশেষ করে এখানকার শ্রমিক অধিকার সম্পর্কে ক্রমবর্ধমান নেতিবাচক প্রচারণায় ওই কর্মকর্তা উদ্বিগ্ন। ফলে মার্কিন প্রতিষ্ঠানের ওই কর্মকর্তা নিজের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত। কেননা, তিনি বাংলাদেশে উৎপাদিত পোশাক বাজারজাত করে থাকেন।’ মজীনা জানান, মার্কিন ক্রেতাদের জন্য কাজ করেন এমন ছয় বাংলাদেশি নাগরিক দুই দিন আগে তাঁর সঙ্গে দেখা করেন। তাঁদেরও একই মত, তাঁদের সদর দপ্তর বাংলাদেশে উৎপাদিত পণ্যের ভাবমূর্তি নিয়ে শঙ্কায় আছেন। এ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বিসিডব্লিউএস মার্কিন শ্রম অধিকার প্রতিষ্ঠান এএফএলসিআইওর সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই বাংলাদেশের জিএসপি সুবিধা বন্ধ করতে মার্কিন কংগ্রেসে আবেদন জানিয়েছে এএফএলসিআইও। এ বিষয়টি সম্প্রতি ঢাকা সফরের সময় হিলারি ক্লিনটন উল্লেখ করেছেন বলে মজীনা জানান।টিকফা না হওয়ায় ভুল বার্তা: প্রস্তাবিত বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা রূপরেখা ফোরাম চুক্তি (টিকফা) সই না হওয়ায় বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় ভুল বার্তা পেয়েছে বলে মনে করেন মজীনা। তিনি বলেন, এটি সই হতে দেরি হওয়ায় এমন বার্তাই যাচ্ছে যে আন্তর্জাতিক শ্রমমান প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশ সরে এসেছে।মজীনা বলেন, ‘এ মুহূর্তে শ্রমমান নিয়ে দুই পক্ষের মতবিরোধ আছে। অন্য কোনো মতপার্থক্য নেই। আশা করি, এ মতভেদ আমরা দূর করতে সফল হব। চুক্তিটি সই হলে বাণিজ্য ও বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর হবে।’হরতালকে ঘৃণা: প্রতিবাদের শেষ অস্ত্র হরতাল। এ অবস্থায় হরতাল কর্মসূচিকে তিনি কীভাবে দেখেন? বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদের প্রশ্নের জবাবে মজীনার সাফ জবাব, ‘হরতালকে আমি ঘৃণা করি। যেকোনো পরিস্থিতিতেই, কোনোভাবেই হরতাল দেওয়ার কোনো কারণ নেই। এটি সাধারণ মানুষের জীবনকে জিম্মি করে। বাংলাদেশের পরিবেশ সম্পর্কে বাইরের পৃথিবীতে নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরে।’মানবাধিকার প্রতিবেদনে গুম প্রসঙ্গ: গুম প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে মজীনা বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সম্প্রতি ঢাকা সফরের সময় বিষয়টি উল্লেখ করেছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আর এ বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, আগামী মাসে যুক্তরাষ্ট্র বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা কমেছে। তবে নিখোঁজ হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টিও প্রতিবেদনে উঠে আসবে।