দলগুলোর সম্মতি পেলে প্রকাশ করবে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধিত রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করার ব্যাপারে দলগুলোর মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দলগুলো সম্মত হলে কমিশন এ হিসাব প্রকাশ করবে। এ জন্য গতকাল রোববার থেকে নিবন্ধিত ৩৮টি দলের কাছে চিঠি পাঠানো শুরু হয়েছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গত শুক্রবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কমিশন মনে করে, রাজনৈতিক দলগুলো ২০০৯ ও ২০১০ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের যে হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে, তথ্য অধিকার আইন অনুযায়ী তা তৃতীয় পক্ষের তথ্য। সে জন্য এ হিসাব প্রকাশ করতে হলে তৃতীয় পক্ষ অর্থাত্ দলগুলোর সম্মতি লাগবে। তারা সম্মতি দিলে কমিশন হিসাব প্রকাশ করবে।আয়-ব্যয়ের হিসাব প্রকাশে দলের কোনো আপত্তি আছে কি না, সে সম্পর্কে জানতে চেয়ে টেলিফোনে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তিনি কোনো মন্তব্য করেননি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ প্রসঙ্গে বলেন, চিঠি পাওয়ার পর এ বিষয়ে দলীয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, তাঁরা নির্বাচন কমিশনে হিসাব জমা দিয়েছেন। এখন এ হিসাব প্রকাশ করা হবে কী হবে না, তা কমিশনের এখতিয়ার।নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, একাধিক প্রতিষ্ঠান তথ্য অধিকার আইনের আওতায় রাজনৈতিক দলের আয়-ব্যয়ের তথ্য চেয়ে আবেদন করায় কমিশন দলগুলোর মতামত নেওয়ার সিদ্ধান্ত নেয়। রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব চেয়ে প্রথম ২০১০ সালের ২৯ ডিসেম্বর প্রথম আলোর পক্ষ থেকে আবেদন করা হয়। জবাবে চলতি বছরের ১৮ জানুয়ারি কমিশন থেকে প্রথম আলোকে জানানো হয়, তথ্য অধিকার আইন অনুযায়ী তৃতীয় পক্ষের তথ্য হওয়ায় রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশযোগ্য নয়। কিন্তু তথ্য অধিকার আইন অনুযায়ী তৃতীয় পক্ষের তথ্য কোনো আবেদনকারীকে সরবরাহ করা যাবে কি না, তা জানার জন্য তৃতীয় পক্ষকে নোটিশ পাঠানোর বিধান রয়েছে। আর তথ্য দেওয়া সম্ভব না হলে তা ১০ দিনের মধ্যে আবেদনকারীকে জানাতে হবে। প্রথম আলোর আবেদনের ক্ষেত্রে নির্বাচন কমিশন এ বিধান অনুসরণ করেনি।সূত্র জানায়, সর্বশেষ সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে। এর পরিপ্রেক্ষিতে কমিশন প্রথমে আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়। এরপর সিদ্ধান্ত পরিবর্তন করে দলগুলোর (তৃতীয় পক্ষ) মতামত নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে জানতে চাইলে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘রাজনৈতিক দলের হিসাব যদি প্রকাশ না করা হয়, তবে হিসাব নেওয়া অর্থহীন এবং তা দলগুলোকে অযথা হয়রানি করার শামিল। আমার মতে, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই এখানে যা কিছু জমা হবে তার সবই কমিশনের সম্পদে পরিণত হবে। সুতরাং, এ হিসাব প্রকাশের জন্য তৃতীয় পক্ষের সম্মতির প্রয়োজন নেই।’ প্রসঙ্গত, রাজনৈতিক দলের নিবন্ধন বিধি অনুযায়ী, দলগুলোকে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের হিসাব নিবন্ধিত প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করিয়ে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী, কোনো রাজনৈতিক দল পর পর তিন বছর হিসাব দিতে ব্যর্থ হলে ওই দলের নিবন্ধন বাতিল হবে। নিবন্ধন বিধি মেনে ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল ২০০৯ ও ২০১০ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। কিন্তু এসব হিসাবে কোনো অনিয়ম আছে কি না, কমিশন এখন পর্যন্ত তা পরীক্ষা-নিরীক্ষা করেনি এবং হিসাবও প্রকাশ করেনি। অথচ ২০১০ সালের জুলাই-আগস্টে প্রথমবার হিসাব জমা নেওয়ার সময় কমিশন থেকে একাধিকবার সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়েছিল, আয়-ব্যয়ের হিসাব নিবন্ধিত নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করিয়ে তা কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।